
ইরানি টিভি খবরে জানা গিয়েছে, মধ্য ইরানে দুর্ঘটনাটি ঘটে।
শেষ আপডেট: 21 August 2024 11:07
দ্য ওয়াল ব্যুরো: শিয়া মুসলিম পুণ্যার্থী নিয়ে একটি বাস পাকিস্তান থেকে ইরানের পথে যাওয়ার সময় দুর্ঘটনায় ২৮ জনের মৃত্যু হয়েছে। ইরানি টিভি খবরে জানা গিয়েছে, মধ্য ইরানে দুর্ঘটনাটি ঘটে। পুলিশের দাবি, ব্রেক ফেল করায় বাসের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন চালক। ইরানের রাজধানী তেহরান থেকে ৫০০ কিমি দূরে তাফত শহরের বাইরে দুর্ঘটনার কবলে পড়ে বাসটি।
পুলিশ ও স্থানীয় সূত্রকে উদ্ধৃত করে সংবাদ সংস্থা এপি জানিয়েছে, বাসে মোট ৫১ জন যাত্রী ছিলেন। মঙ্গলবার রাতে ঘটা এই দুর্ঘটনায় আরও ২৩ জন জখম হয়েছেন, যাঁদের মধ্যে ১৪ জনের অবস্থা গুরুতর। পাকিস্তানের সংবাদ সংস্থা স্থানীয় শিয়া ধর্মগুরু কামার আব্বাসকে উদ্ধৃত করে জানিয়েছে, ৩৫ জন মারা গিয়েছেন।
পাকিস্তানের দক্ষিণ সিন্ধু প্রদেশের লারকানা শহর থেকে পুণ্যার্থী নিয়ে বাসটি রওনা হয়েছিল। তাঁদের গন্তব্য ছিল ইরাক। যদিও পাক সরকার এখনও কিছু জানায়নি। উল্লেখ্য, বিশ্বের সর্বনিকৃষ্ট পথ নিরাপত্তা ব্যবস্থা রয়েছে ইরানে। বছরে প্রায় ১৭ হাজার লোকের মৃত্যু হয় পথ দুর্ঘটনায়। পুণ্যার্থীরা সপ্তম শতাব্দীর শিয়া ধর্মগুরুর মৃত্যুবার্ষিকী উপলক্ষে এই অনুষ্ঠানে যোগ দিতে ইরান যাচ্ছিলেন।