চুরি হওয়া ৯টি গয়নার মধ্যে একটি গয়না, যা সম্ভবত সম্রাজ্ঞী ইউজেনির মুকুট, মিউজিয়ামের বাইরে ভাঙা অবস্থায় পাওয়া যায়। এই ঘটনার পরপরই লুভর মিউজিয়াম বন্ধ করে দেওয়া হয়।

গ্রাফিক্স- দ্য ওয়াল
শেষ আপডেট: 22 October 2025 15:55
দ্য ওয়াল ব্যুরো: রবিবার দুপুরে প্যারিসের বিখ্যাত ল্যুভ মিউজিয়ামে ঘটে যায় অবিশ্বাস্য এক চুরি (Louvre museum theft)। মাত্র ৭ মিনিটে দুষ্কৃতীর দল মিউজিয়ামের মধ্যে জানলা ভেঙে ঢুকে নিয়ে যায় নেপোলিয়ন এবং সম্রাজ্ঞী ইউজেনির দুর্লভ বহুমূল্য গয়না।
রবিবার ফ্রান্সের সময় সকাল ৯টা ৩০ মিনিট থেকে ৯টা ৪০ মিনিটের মধ্যে এই ঘটনা ঘটে। কেউ বুঝে ওঠার আগেই দুষ্কৃতীরা তাদের কাজ শেষ করে পালিয়ে যায়। পুলিশ ও সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, ৩ থেকে ৪ জন চোর স্কুটারে করে আসে। তারা মিউজিয়ামের বাইরের অংশে একটি চেরি পিকার (এক ধরনের লিফট বা মই যন্ত্র) ব্যবহার করে ওপরে ওঠে। এরপর ডিস্ক কাটার দিয়ে জানালার কাচ কেটে ঢুকে পড়ে মিউজিয়ামের ভেতরে (Thieves Loot Jewels )।
চোরেরা সোজা চলে যায় 'গ্যালারি দ্য অ্যাপোলোন'-এ, যেখানে গয়নাগুলি রাখা ছিল। তারা শুধু দু’টি নির্দিষ্ট শোকেস থেকে গয়না নিয়ে পালিয়ে যায়। এটি থেকেই বোঝা যায়, তারা আগে থেকেই পরিকল্পনা করেছিল এবং জায়গাটি দেখে রেখেছিল।
চুরি হওয়া ৯টি গয়নার মধ্যে একটি গয়না, যা সম্ভবত সম্রাজ্ঞী ইউজেনির মুকুট, মিউজিয়ামের বাইরে ভাঙা অবস্থায় পাওয়া যায়। এই ঘটনার পরপরই ল্যুভ মিউজিয়াম বন্ধ করে দেওয়া হয়। মিউজিয়ামের নিরাপত্তা ব্যবস্থা এত কড়া হওয়ার পরেও এমন চুরি হওয়ায় সবাই অবাক।
প্যারিস সেন্টারের মেয়র এরিয়েল ওয়েল বলেন, “এটা যেন সিনেমার গল্প। বিশ্বাসই হচ্ছে না যে ল্যুভের মতো জায়গায় এত সহজে চুরি হতে পারে।” ফরাসি স্বরাষ্ট্রমন্ত্রী লরঁ নুনেজ জানিয়েছেন, চুরির ঘটনাটি খুবই পরিকল্পিত ছিল। চোরেরা কোন পথে ঢুকবে, কোন জিনিস নেবে, কত সময়ে সব করবে- সবকিছু আগেই ঠিক করে রেখেছিল।
বিশ্বের সবচেয়ে বেশি দর্শক আসা জাদুঘরের নিরাপত্তা নিয়ে এখন বড় প্রশ্ন উঠছে। এই চুরির ঘটনাটি শুধু ফ্রান্স নয়, গোটা বিশ্বের কাছেই এক চমক। বর্তমানে তদন্ত চলছে। মিউজিয়ামের আশপাশের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। তবে এত কম সময়ে চুরি হওয়ায় চোরদের চিহ্নিত করা কঠিন হয়ে পড়ছে।