শহর ছাড়ার আগে বাড়ি-ঘর, প্রিয় জিনিসপত্র, গাছ, পরিবারের প্রয়াত সদস্যদের স্মৃতি ইত্যাদির ছবি তুলে সমাজমাধ্যমে নিজেদের নাম-পরিচয় সহ পোস্ট করছেন।

বাড়িঘরের এমন ছবি সমাজমাধ্যমে পোস্ট করে শহর ছাড়ছেন ইরানের মানুষ।
শেষ আপডেট: 19 June 2025 08:54
দ্য ওয়াল ব্যুরো: যুদ্ধ (Israel-Iran War) এখনও সপ্তাহ পেরোয়নি। এরই মধ্যে ইরানে ৬৩৯ জন নিহত হয়েছেন। আহতের সংখ্যা ১৩২০।
ইরান সরকার এখনও পর্যন্ত হতাহতের পুরো সংখ্যা প্রকাশ করেনি। মৃত ও আহতদের মোট সংখ্যা নির্ধারণ করেছে ওয়াশিংটন ভিত্তিক সংস্থা হিউম্যান রাইটস অ্যাক্সিভিস্ট (US based organisation Human Rights Activist) ।
এদিকে, রাজধানী তেহরানের (Teheran) পাশাপাশি ইরানের অন্য শহরগুলির মানুষও এলাকা ছাড়তে শুরু করেছেন। সরকারি স্থাপনা নেই এমন জায়গায় চলে যাচ্ছেন তারা। তেহরান এবং আশপাশের বহু আবাসিক এলাকায় ইজরায়েলি ক্ষেপণাস্ত্র, বোম আঘাত হেনেছে। রাজধানীতে অবস্থিত ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন বিল্ডিং মঙ্গলবার রাতে বিধ্বস্ত হয় ইজরায়েলের হামলায়। ওই ভবনের অদূরেই ছিল বাংলাদেশের দূতাবাসের কর্মী ও আবাসিকদের বাড়িঘর।
তাঁদের একজন জানিয়েছেন তাঁর বাড়ির কিছু আর অবশিষ্ট নেই। সাইরেনের শব্দ শুনে তিনি পরিবারের সদস্যদের নিয়ে দূরে চলে গিয়েছিলেন। ফিরে এসে দেখেন বাড়ি নেই। ঢাকার নির্দেশে দূতাবাস কর্মীদের তেহরান থেকে চল্লিশ কিলোমিটার দূরের এক আধা শহরে স্থানান্তর করা হয়েছে।
এমন পরিস্থিতির মুখোমুখি হচ্ছেন বহু মানুষ। ইরানের মানুষ তাই শহর ছাড়ার আগে বাড়ি-ঘর, প্রিয় জিনিসপত্র, গাছ, পরিবারের প্রয়াত সদস্যদের স্মৃতি ইত্যাদির ছবি তুলে সমাজমাধ্যমে নিজেদের নাম-পরিচয় সহ পোস্ট করছেন। ইরান যুদ্ধ চালিয়ে যাওয়ার কথা ঘোষণা করায় এই প্রবণতা আরও বৃদ্ধি পেয়েছে।
এদিকে, একাধিক সুত্র ইরানে নিহতের সংখ্যা নিয়ে মন্তব্য করেছে, এত মৃত্য ইজরায়েল-প্যালেস্তাইন যুদ্ধের সময়ও হয়নি। সাত দিনে মৃত্যু সাতশো ছাড়াতে চলল। মার্কিন সংস্থা হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্ট বলেছে, তারা জানতে পেরেছে, নিহতদের মধ্যে ২৬৩ জন সাধারণ নাগরিক এবং ১৫৪ জন সেনা। বাকিদের পরিচয় জানা যায়নি। ইরান সরকার তিনদিন আগে জানিয়েছিল, ইজরায়েলের হামলায় ২২৪ জন নিহত এবং ১ হাজার ২৭৭ জন আহত হয়েছেন।