ভূকম্পের পর হাওয়াই রাজ্যেও সুনামি সতর্কতা জারি করা হয়েছিল, যদিও পরে তা তুলে নেওয়া হয়েছে।

শেষ আপডেট: 20 July 2025 16:45
দ্য ওয়াল ব্যুরো: রাশিয়ার কাছে কামচাটকা উপকূলের পূর্বে প্রশান্ত মহাসাগরে প্রবল ভূমিকম্প অনুভূত হল রবিবার। মার্কিন ভূতাত্ত্বিক সমীক্ষা সংস্থা (USGS) জানিয়েছে, কমপক্ষে পাঁচটি ভূমিকম্প হয়েছে ওই অঞ্চলে পর পর। এর মধ্যে সবচেয়ে শক্তিশালী কম্পনের মাত্রা ছিল রিখটার স্কেলে ৭.৪। এর জেরে কামচাটকার কিছু অংশে জারি করা হল সুনামির সতর্কতা।
প্রথমে জার্মানির গবেষণা কেন্দ্র (GFZ) ভূকম্পনটির মাত্রা ৬.৭ বলে জানালেও পরে ইউরোপীয় ভূমধ্যসাগরীয় ভূকম্পন কেন্দ্র (EMSC) এবং USGS তা সংশোধন করে ৭.৪ জানায়।
USGS সূত্রে জানা গিয়েছে, মোট পাঁচটি ভূমিকম্প হয়েছে এদিন, প্রতিটির গভীরতা ছিল প্রায় ১০ কিলোমিটার। তালিকা অনুযায়ী—
৬.৬ মাত্রা: পেত্রোপাভলোভস্ক-কামচাটস্কির পূর্বে ১৪৭ কিলোমিটার দূরে
৬.৭ মাত্রা: একই শহরের পূর্বে ১৫১ কিলোমিটার দূরে
৭.৪ মাত্রা: পূর্বে ১৪৪ কিলোমিটার দূরে
৬.৭ মাত্রা: পূর্বে ১৩০ কিলোমিটার দূরে
৭ মাত্রা: পূর্বে ১৪২ কিলোমিটার দূরে
তবে এই পাঁচটির মধ্যে শুধুমাত্র ৭.৪ মাত্রার ভূমিকম্পটি সুনামি সতর্কতার কারণ। মার্কিন ভূতাত্ত্বিক সমীক্ষা সংস্থা জানিয়েছে, ওই ভূমিকম্পটি রবিবার সকাল ৮টা ৪৯-এ মিনিটে হয় এবং এর কেন্দ্রস্থল ছিল প্রশান্ত মহাসাগরে, পেত্রোপাভলোভস্ক-কামচাটস্কি শহরের কাছাকাছি। কেন্দ্রস্থলের ৩০০ কিলোমিটারের মধ্যে 'বিপজ্জনক সুনামি ঢেউ' আছড়ে পড়ার আশঙ্কা করা হচ্ছে।
এদিকে, ভূকম্পের পর হাওয়াই রাজ্যেও সুনামি সতর্কতা জারি করা হয়েছিল, যদিও পরে তা তুলে নেওয়া হয়েছে।
এই মুহূর্তে স্থানীয় প্রশাসন পরিস্থিতির উপর নজর রাখছে। এখনও পর্যন্ত কোনও বড়সড় ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর মেলেনি। তবু সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে সংশ্লিষ্ট অঞ্চলগুলিতে।