ইউক্রেনের পাল্টা হামলায় রাশিয়ার সামারা ও ক্রাসনোদার অঞ্চলের দু’টি তেল শোধনাগার ক্ষতিগ্রস্ত হয়েছে বলে দাবি করেছে কিয়েভ।

উদ্ধারকাজ এখনও চলছে
শেষ আপডেট: 29 August 2025 08:22
দ্য ওয়াল ব্যুরো: রাশিয়া (Russia Ukraine war) ফের ভয়াবহ ড্রোন ও মিসাইল হামলা (missile attack) চালাল ইউক্রেনের রাজধানী কিয়েভে (Kyiv attack)। সরকারি হিসাবে, এ ঘটনায় অন্তত ১৮ জনের মৃত্যু হয়েছে, যাদের মধ্যে চারজন শিশু। আহত হয়েছেন কমপক্ষে ৪৮ জন। অনেক মানুষ এখনও ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে থাকতে পারেন বলে আশঙ্কা প্রকাশ করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি (Volodymyr Zelenskyy)।
জেলেনস্কি এক্স (X)-এ লিখেছেন, “রাশিয়া আলোচনার টেবিল নয়, ব্যালিস্টিক মিসাইলকেই বেছে নিয়েছে।”
ইউক্রেনীয় বিমান প্রতিরক্ষা বাহিনীর দাবি, বুধবার রাতে রাশিয়া প্রায় ৬০০ ড্রোন, ‘কিঞ্জাল’ ও ‘ইস্কান্দার-এম’ মিসাইল এবং ২০টি ক্রুজ মিসাইল নিক্ষেপ করে। এর মধ্যে ৫৬৩ ড্রোন এবং ২৬টি মিসাইল ভূপাতিত করা সম্ভব হয়েছে।
এ হামলাকে ২০২৪ সালের দ্বিতীয় বৃহত্তম আক্রমণ বলছে ব্লুমবার্গ। এর মাত্র দু’সপ্তাহ আগে আলাস্কায় ট্রাম্প-পুতিন বৈঠকে যুদ্ধবিরতির প্রসঙ্গে কোনো অগ্রগতি হয়নি।
মার্কিন প্রেসিডেন্টের বিশেষ দূত জেনারেল কিথ কেলগ বলেছেন, এই হামলা শান্তি প্রক্রিয়ার পথে বাধা। অন্যদিকে ইউরোপীয় কমিশনের প্রধান উরসুলা ভন ডার লেয়েন ও ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার কড়া ভাষায় রাশিয়ার হামলা নিন্দা করেছেন।
ইউক্রেনের পাল্টা হামলায় রাশিয়ার সামারা ও ক্রাসনোদার অঞ্চলের দু’টি তেল শোধনাগার ক্ষতিগ্রস্ত হয়েছে বলে দাবি করেছে কিয়েভ।
এদিকে জার্মান চ্যান্সেলর ফ্রিডরিখ মার্ক সতর্ক করেছেন, ন্যাটোকে এখন আরও শক্তিশালী প্রতিরক্ষা প্রস্তুতি নিতে হবে। ইউক্রেনীয় প্রতিনিধি দলও শুক্রবার আমেরিকায় গিয়ে যুদ্ধ-পরবর্তী নিরাপত্তা কাঠামো নিয়ে আলোচনা করবে বলে জানা গেছে।
কিয়েভ-সহ একাধিক অঞ্চলের বিদ্যুৎকেন্দ্র ক্ষতিগ্রস্ত হওয়ায় অন্তত ৬০ হাজার পরিবার বিদ্যুৎহীন হয়ে পড়েছে। উদ্ধারকাজ এখনও চলছে।