
এই গাড়িতেই হয় বিস্ফোরণ - ফাইল ছবি
শেষ আপডেট: 8 May 2025 12:02
দ্য ওয়াল ব্যুরো: জম্মু-কাশ্মীরের পহেলগামে জঙ্গিহানার মাশুল গুনতে হয়েছে পাকিস্তানকে। 'অপারেশন সিঁদুর' (Operation Sindoor) অভিযান করে পাক এবং পাক অধিকৃত কাশ্মীরের ৯টি জায়গা কার্যত ধ্বংস করেছে ভারতীয় সেনা। এই ঘটনায় এমনিতেই টলমল অবস্থা পাকিস্তানের। তার মধ্যেই আরও এক বিস্ফোরণে প্রাণ গেল ১৪ পাক সেনা জওয়ানের। বালুচিস্তানে (Balochistan) পাক সেনার গাড়িতে (Pak Army Convoy) এই হামলা হয়। হামলার দায় স্বীকার করেছে বালোচ বিদ্রোহীরা।
বুধবারই বালুচিস্তানে জোড়া বিস্ফোরণ ঘটানো হয়েছিল পাকিস্তানের সেনা কনভয়ে। সেই ভিডিও ইতিমধ্যে প্রকাশ্য এসেছে। তাতে দেখা যাচ্ছে, পাহাড়ি রাস্তায় পাক সেনার গাড়ি চলতে চলতেই বিস্ফোরণে উড়ে গেল। বোলানের শোরকান্ডে সেনা কনভয়ে আইইডি বিস্ফোরণ ঘটানো হয়েছিল। তাতে ১২ জন পাক জওয়ান প্রাণ হারান। পরবর্তী সময়ে কেছের কুলাগ তিগরানেও বিস্ফোরণ হয়। তাতে দু'জনের মৃত্যু হয়েছে।
বালোচ লিবারেশন আর্মির তরফে জানানো হয়েছে, পাকিস্তানের সেনা তাঁদের জমি দখলের চেষ্টা করছে। তাই আগামী দিনে এমন হামলার সংখ্যা বাড়বে। তাঁরা ছেড়ে কথা বলবে না। কয়েক সপ্তাহ আগেই বালুচিস্তান প্রদেশের কোয়েটা থেকে খাইবার পাখতুনখোয়া প্রদেশের পেশোয়ারে যাওয়া একটি ট্রেন হাইজ্যাক করেছিল বালোচ বাহিনী। তাদের দাবি ছিল, ৪৮ ঘণ্টার মধ্যে রাজনৈতিক বন্দিদের মুক্তি দিতে হবে। তা না হলে পণবন্দিদের খুন করা হবে। সেই সময়সীমা শেষ হওয়ার আগেই অবশ্য পণবন্দিদের সকলকে উদ্ধার করা হয়।
ওই ট্রেনে ছিলেন পাক সেনাকর্মী থেকে শুরু করে পাক গুপ্তচর সংস্থা আইএসআই ও নিরাপত্তা বাহিনীর অনেকেই। অভিযান পুরোপুরি সফল না হলেও বালোচ বিদ্রোহীরা জানিয়েছিলেন, তারা অন্তত ৫০ জন পাক সেনাকে খুন করেছে। সেই ঘটনার পর এখন পাক সেনার কনভয়ে হামলা এবং জওয়ানদের মৃত্যুর ঘটনা স্বাভাবিকভাবেই পাকিস্তানকে আরও অশান্ত করে তুলেছে।
এদিকে ভারতের প্রত্যাঘাতের পরদিনই ফের লাহোরে একাধিক বিস্ফোরণ হয়েছে বলে খবর মিলেছে। স্থানীয় সূত্রে খবর, ৫-৬ ফুটের একটি ড্রোনের মাধ্যমে এই বিস্ফোরণ ঘটানো হয়। তবে ইতিমধ্যে সেই ড্রোনটিকে গুলি করে নামানো হয়েছে বলে সে দেশের একাধিক সংবাদমাধ্যম জানিয়েছে। বৃহস্পতিবার সকালে লাহারের ওয়ালটন বিমানবন্দর সংলগ্ন গোপালনগর এবং নাসিরাবাদ এলাকায় বিস্ফোরণের শব্দগুলি শোনা যায়। যদিও কী কারণে এই বিস্ফোরণ, সে সম্পর্কে এখনও কোনও স্পষ্ট তথ্য পাওয়া যায়নি। আবার ভারত কোনও হামলা করেছে কিনা, সে ব্যাপারেও কোনও পোক্ত তথ্য মেলেনি।