
শেষ আপডেট: 4 February 2024 00:17
দ্য ওয়াল ব্যুরো: অতিরিক্ত ধূমপান ব্লাডার ক্যানসারের কারণ হতে পারে?
ন্যাশনাল লাইব্রেরি অব মেডিসিনের তথ্য বলছেন, সিগারেটে বেশি সুখটান দিলে ব্লাডারের সর্বনাশ হবে। অতিরিক্ত তামাকজাত দ্রব্য মূত্রথলির ক্যানসারের ঝুঁকি বাড়িয়ে দেয়। তথ্য বলছে, যাঁরা বেশি ধূমপান করেন তাঁদের ব্লাডার ক্যানসারের ঝুঁকি অনেক বেশি—মহিলাদের ক্ষেত্রে ২০-৩০ শতাংশ ও পুরুষদের ৫০-৬৫ শতাংশ।
ডাক্তারবাবুরা বলছেন, যদিও ক্যানসার বয়সের তোয়াক্কা করে না, তবে বেশির ভাগ ক্ষেত্রেই ৫৫ উত্তীর্ণদের মধ্যে ব্লাডার ক্যানসার বেশি দেখা যায়, তার মধ্যে ধূমপান অন্যতম একটি কারণ। সিগারেট হল সবচেয়ে বড় রিস্ক ফ্যাক্টর কারণ পোড়া তামাক ক্যানসার কোষের বিভাজনে সাহায্য করে। তামাকের নেশা মুত্রথলির ক্যানসারের ঝুঁকি অ-ধূমপায়ীদের থেকে ৪–৭ গুণ বেশি। এ ছাড়া যাঁদের ক্রনিক প্রস্রাবের সংক্রমণ হয়, তাঁদের এই ক্যানসারের ঝুঁকি অনেক বেশি।
গত ৫ বছর ধরে ১৫ হাজারের বেশি জনের ওপরে এই সমীক্ষা চালানো হয়েছে। তাঁদের বয়স ৫০ থেকে ৭০ বছরের মধ্যে। দেখা গেছে, মহিলা ও পুরুষ মিলিয়ে যাঁরা সবচেয়ে বেশি ধূমপানে আসক্ত তাঁদের মধ্যে নানারকম ক্যানসারের প্রকোপ ধরা পড়েছে। ফুসফুস ক্যানসার থেকে ব্রেস্ট ক্যানসার, প্রস্টেট ক্যানসার, ব্লাডার ক্যানসার, মুখ ও গলার ক্যানসার এর মধ্যে বেশি। গবেষকরা বলছেন, মহিলাদের মধ্যে যাঁদের বিআমআই ইনডেক্স বেশি এবং ওবেসিটি রয়েছে, টাইপ ২ ডায়াবেটিস বা হাইপারটেনশন রয়েছে এবং অত্যদিক ধূমপান করেন তাঁদের মধ্যেই ক্যানসারের (Cancer) প্রকোপ বেশি দেখা গেছে। আবার পুরুষদের মধ্যে যাঁদের ব্লাড প্রেশার, হাইপারটেনশন, উচ্চ কোলেস্টেরল, সুগার, প্রস্টেটের সমস্যা রয়েছে এবং ধূমপানে আসক্তি বেশি, তাঁদের মধ্যে ক্যানসারের প্রকোপ বেশি। এর অর্থ হল শরীরের নানা রকম কোমর্বিডিটি থাকলে ধূমপান সেখানে ক্যানসারের অন্যতম রিস্ক ফ্যাক্টর হিসেবে কাজ করছে।
কী কী লক্ষণ দেখে বোঝা যাবে ব্লাডার ক্যানসার বাসা বাঁধছে?
১) বার বার প্রস্রাব পাবে।
২) প্রস্রাবের সময় জ্বালা, যন্ত্রণা
৩) প্রস্রাবের সঙ্গে রক্ত বের হওয়া, বা কালচে রঙের প্রস্রাব হতে পারে।
৪) এক দিকের কোমরে ব্যথা হতে পারে।
অসুখ শুরুতে ধরা পড়লে সার্জারি, রেডিয়োথেরাপি ও কেমোথেরাপি করে ব্লাডার ক্যানসার নিয়ন্ত্রণ করা যায়। সুপারফিসিয়াল টিউমার হলে এন্ডোস্কোপিক সার্জারির সাহায্যে টিউমার বের করে দেওয়া হয়। অন্য দিকে ব্লাডারের মধ্য বড় টিউমার থাকলে সম্পূর্ণ ব্লাডার বাদ দিয়ে কৃত্রিম ব্লাডার তৈরি করে প্রতিস্থাপন করা হয়।
ধূমপান ছাড়াও প্রসেসড মাংসে থাকা নাইট্রেট ও নাইট্রাইট, পলিসাইক্লিক অ্যামিনস, হেটেরোসাইক্লিক অ্যামিনস ক্যানসার কোষের বৃদ্ধিতে সাহায্য করে। তাই লাইফস্টাইল ম্যানেজমেন্ট দরকার। ধূমপান ও অ্যালকোহলের নেশা যতটা সম্ভব নিয়ন্ত্রণে রাখতেই হবে।