
শেষ আপডেট: 19 October 2023 15:06
দ্য ওয়াল ব্যুরো: বছরভর দুর্গাপুজোর জন্যই অপেক্ষা করে থাকে আপামর বাঙালি। পুজোর দিন এসে গেল মানেই দিনভর ঘোরাঘুরি ও দেদার খাওয়াদাওয়া। তবে শুধু ঘুরলেই হবে না, এই সময় চোখের যত্ন নেওয়াও জরুরি। সকালে বা দুপুরে চড়া রোদে ঘুরে ঠাকুর দেখার সময় কিছু নিয়ম অবশ্যই মানুন। আবার চোখের মেক আপ করতে গেলে মাথায় রাখতে হয় অনেক কিছুই।
দিশা আই হসপিটালের চক্ষু বিশেষজ্ঞ ডা. অনন্যা গঙ্গোপাধ্যায় বললেন, মুখের তো বটেই, চোখের মেক আপের ক্ষেত্রে আরও বেশি সতর্ক হওয়া উচিত। প্রসাধনী নির্বাচনের সময়ে খুবই সাবধান হতে হবে।
১) দিনের বেলা ঠাকুর দেখতে বেরনোর সময় অতি অবশ্যই সানগ্লাস সঙ্গে রাখুন। আর যে সে সানগ্লাস নয়, ভাল দেখে ব্র্যান্ডেড সানগ্লাস কিনুন না হলে চোখের ক্ষতি হতে পারে। আলট্রাভায়োলেট প্রোটেকটিভ সানগ্লাসই সবচেয়ে ভাল। এই ধরনের সানগ্লাস বেছে কিনুন তাহলে চোখের যে কোনও ধরনের অ্যালার্জি, সানবার্ন, চোখের অসুখ থেকে দূরে থাকবেন।
২) অপরিষ্কার হাতে চোখ ঘষবেন না। সারাদিন রাস্তায় টো টো করে ঘুরলেন, তারপর অপরিচ্ছন্ন হাতেই চোখ কচলালেন, সেটা খুবই খারাপ। চোখের যাবতীয় অ্যালার্জির কারণই হল পরিচ্ছন্নতার অভাব। হাতের থেকে ব্যাকটেরিয়া ঢুকে চোখে ইনফেকশন হতে পারে।
৩) বাড়ি ঢুকে আগে ভাল করে হাত সাবান দিয়ে ধুয়ে ফেলুন অথবা স্যানিটাইজ করুন। তারপর চোখে হাত দেবেন। রাস্তায় বেরোলে সঙ্গে স্যানিটাইজার রাখতে পারেন। সবসময় রুমাল সঙ্গে রাখবেন।
৪) কারও সঙ্গে নিজের রুমাল, টাওয়েল বা অন্য প্রসাধনীর জিনিসপত্র শেয়ার করবেন না।
৫) চোখের মেকআপের যাবতীয় জিনিস কারও সঙ্গে শেয়ার করে ব্যবহার করবেন না। নিজের আই মেকআপ সঙ্গে রাখুন।
৬) কনট্যাক্ট লেন্স ব্যবহার করলে বাড়তি সতর্ক থাকতে হবে। ১৬ ঘণ্টার বেশি লেন্স পরবেন না। লেন্স পরে চোখের মেকআপ করার সময় ও মেকআপ তোলার সময় সতর্ক থাকতে হবে।
৭) দিনের বেলা প্যান্ডেল হপিং করলে হাল্কা আই মেকআপ ব্যবহার করুন। আইশ্যাডো হাল্কা রঙের পরবেন।
৮) প্রসাধনী সাধারণত দু’রকমের হয়। সাধারণ এবং স্পর্শকাতর ত্বকের জন্য। যাঁদের ত্বকে অ্যালার্জি হওয়ার আশঙ্কা বেশি, তাঁদের প্রসাধনী কেনার ক্ষেত্রে বিশেষ ভাবে সতর্ক হওয়া উচিত। এমন প্রসাধনী কিনুন যা চিকিৎসকরা পরীক্ষা করে নিয়েছেন। যে কোনও জিনিসই দেখতে ভাল লাগলেই কিনে ফেলার অভ্যাস যদি থাকে, তবে এ ক্ষেত্রে সাবধান হতে হবে।
৯) ওয়াটারপ্রুফ মাস্কারা ব্যবহার করুন, এতে চোখ ভাল থাকবে। মাস্কারা গলে যেন চোখের ভেতর ঢুকে না যায় খেয়াল রাখবেন। এতে চোখের কর্নিয়ার ক্ষতি হয়।
১০) মেক আপ করার পর ভাল করে তা তোলাও জরুরি। কারণ কাজল, আইলাইনার, মাস্কারার মতো প্রসাধনীগুলি চোখের ভিতরে ঢুকে যাওয়ার প্রবণতা থাকে। রাতে শুতে যাওয়ার আগে অবশ্যই তা তুলে নিতে হবে। সেগুলি তোলার সময়ে অ্যালকোহলমুক্ত রিমুভার ব্যবহার করা উচিত।