ওরাল হেলথের জন্য কিন্তু নিয়মিত ব্রাশ-ই শেষ কথা নয়, কখন ব্রাশ করা উচিত (brush teeth before or after breakfast), তাও দাঁতের স্বাস্থ্যের জন্য গুরুত্বপূর্ণ।

প্রতীকী ছবি
শেষ আপডেট: 3 December 2025 13:50
দ্য ওয়াল ব্যুরো: দাঁত যতক্ষণ সুস্থ আছে, ভাল (Dental health)! নাহলে যখন সে বেগড়বাই শুরু করে, নাজেহাল হয়ে যেতে হয় তার ঠেলায়। একবার সমস্যা শুরু হলে ডেন্টিস্টের চেয়ারে বসে ব্যথা সহ্য করার অভিজ্ঞতা সুখকর নয় কারও জন্যই। দাঁতের স্বাস্থ্য (oral health) তাই এমন এক বিষয়, যেখানে কোনও ঢিলেঢালা মনোভাব চলে না।
নিয়মিত ব্রাশ (brushing tips) তো সকলেই করেন, মুখের হাইজিনের (dental hygiene) জন্য সেটা অবশ্যই প্রয়োজনীয়, তবে সুস্থ, স্বাভাবিক ওরাল হেলথের জন্য কিন্তু ওটাই শেষ কথা নয়। ঠিক কখন ব্রাশ করা উচিত (brush teeth before or after breakfast), সেই নিয়ম নিয়ে এমনই এক সাধারণ প্রশ্নের উত্তরে চমকে দিলেন ডেন্টিস্ট মিশেল জর্গেনসেন।
সম্প্রতি ইনস্টাগ্রামে তিনি লিখেছেন, “আমি সবচেয়ে বেশি যে প্রশ্নটা পাই - ব্রেকফাস্টের আগে ব্রাশ করব, নাকি পরে?” আর তাঁর উত্তর - 'সব সময় ব্রেকফাস্টের আগে'।

ডাঃ মিশেলের ব্যাখ্যা, সকালে ঘুম থেকে ওঠার পর এবং অবশ্যই ব্রেকফাস্টের আগে ব্রাশ করা জরুরি। কারণ পুরো রাত ধরে শরীর যেমন বিশ্রাম নেয়, তেমনই মুখের ভেতরেও নানারকম 'কাজকর্ম' চলতে থাকে। এই সময় তাই ব্যাকটেরিয়ার বৃদ্ধি হয় অনেক বেশি।
কেন খাওয়ার পরে ব্রাশ নয়?
তিনি জানান, রাতভর মুখে ব্যাকটেরিয়া জমে। আপনি যদি দাঁত না মেজে সরাসরি ব্রেকফাস্ট করেন, তবে সেই ব্যাকটেরিয়াদের কাছে তা হল 'সামনে নতুন খাবার, যেন বিশাল এক 'বুফে'-র মতো'!
ফলে তারা সেই প্রতিক্রিয়ায় আরও বেশি অ্যাসিড তৈরি করে, যা দাঁতের ওপরে থাকা এনামেলের স্তরকে দুর্বল করে দেয়।
আর যদি ব্রেকফাস্টের পর ব্রাশ করেন, তাহলে আরও সমস্যা। খাওয়ার পর এনামেল নরম অবস্থায় থাকে, এই সময় ব্রাশ করা মানে দাঁতের সুরক্ষামূলক স্তরটাই ক্ষয়ে যাওয়ার ঝুঁকি রয়েছে।

তাহলে করণীয় কী?
ডাঃ জর্গেনসেন জানান, দাঁত নিজেরাই নিজেদের সারিয়ে তোলার ক্ষমতা রাখে, তবে তার জন্য প্রয়োজন ঠিকঠাক মিনারেলসের জোগান আর দাঁতের উপর যথেষ্ট সময় ধরে সেই সব মিনারেলসের উপস্থিতি। আর সেই কাজটিই করে হাইড্রোক্সিয়াপাটাইট, যা দাঁতের স্বাভাবিক গঠনকারী মিনারেল।
তিনি বলেন, হাইড্রোক্সিয়াপাটাইটযুক্ত টুথপেস্ট দাঁতকে সেই প্রয়োজনীয় মিনারেল দেয়, যা এনামেল পুনর্গঠনে সাহায্য করে। এ কারণেই ব্রেকফাস্টের আগে ব্রাশ করলে দাঁতের উপর সেই পুনর্গঠনকারী মিনারেল বসে যাওয়ার যথেষ্ট সুযোগ পায়, অ্যাসিড তৈরির আগেই।
ব্রেকফাস্ট বা খাবারের পর ব্রাশ করার অভ্যাস থাকলে?
যাঁরা অভ্যাসবশত খাওয়ার পরে ব্রাশ করতে চান, তাঁদের জন্য ডাঃ মিশেলের পরামর্শ, অন্তত ৩০ মিনিট অপেক্ষা করুন।
বিশেষ করে ফলের রস বা কফির মতো পানীয় ব্রেকফাস্টে থাকলে দাঁত আরও নরম হয়ে যায়। তাই কিছুটা সময় বিরতি দিলে দাঁত ব্রাশের মতো কাজটি সহ্য করার মতো শক্তি ফিরে পায়।
তবে তাঁর স্পষ্ট মত, “ব্রেকফাস্টের আগে ব্রাশ করাই সবথেকে ভাল।”