
ফাইল চিত্র
শেষ আপডেট: 1 January 2025 19:36
দ্য ওয়াল ব্যুরো: স্ক্রিনের দিকে বেশি সময় তাকিয়ে থাকলে, তা শরীরে বিভিন্ন রকম সমস্যা দেখা দিতে পারে। এমনকী ঘুমোতে যাওয়ার আগে ফোন ঘাঁটা, টিভি দেখা, এই সব কিছুই ঘুম ও স্বাভাবিক আচরণে ব্যঘাত ঘটায়। এমনটাই জানা গিয়েছে গবেষণায়। বাচ্চারা যদি বেশি সময় স্ক্রিনের দিকে তাকিয়ে থাকে, তা তাদের ঘুম ও আচরণে সমস্যা তৈরি করতে পারে। চিনের সাংহাই নরমাল ইউনিভার্সিটির এক গবেষণায় জানা গিয়েছে এই তথ্য।
গবেষণায় কী পাওয়া গেছে?
গবেষক দল ৫৭১ জন শিশু ও তাদের মায়েদের ওপর এই পরীক্ষা চালায়। তাঁরা দেখেন, যেসব বাচ্চা বেশি সময় স্ক্রিনের দিকে তাকিয়ে থাকে, তারা ঠিকমতো ঘুমোতে পারে না। রাতে দেরি করে ঘুমায় এবং ঘুমের মানও খারাপ হয়। এর ফলে তাঁদের স্বাভাবিক আচরণেও সমস্যা দেখা দেয়।
অতিরিক্ত 'স্ক্রিন টাইম'-এর প্রভাব
বাচ্চাদের ঘুম কমে যায়। তাদের মনোযোগ নষ্ট হয় এবং সহজে রেগে যায়। অনেক সময় তারা আরও বেশি ফোন, টিভি দেখতে চায়, যা সমস্যা বাড়ায়। গবেষণায় আরও দেখা গিয়েছে, ছেলেদের মধ্যে মেয়ে শিশুদের তুলনায় বেশি মনোযোগহীনতা ও অস্থিরতার সমস্যা দেখা যায়।
কী করা যেতে পারে?
গবেষণার প্রধান ড. শুজিন ঝাউ বলছেন, 'বাচ্চাদের স্ক্রিনের সামনে বেশিক্ষণ রাখা উচিত নয়। ফোন, টিভি এসব থেকে তারা যত দূতে থাকবে, ততই তাদের ঘুম এবং আচরণ ভাল হবে। ঘুমের অভ্যাস ঠিক করার জন্য নিয়ম মেনে চলাও জরুরি। তাই বিশেষজ্ঞদের পরামর্শদের মতে, বাচ্চাদের কম্পিউটার, মোবাইল বা টিভির সামনে কম সময় রাখতে হবে এবং ঘুমের সময় যেন ঠিকঠাক হয়, তা নিশ্চিত করতে হবে। এতেই বাচ্চারা সুস্থভাবে বড় হতে পারবে।