
শেষ আপডেট: 2 November 2023 23:16
দ্য ওয়াল ব্যুরো: কাফ সিরাপ এখন আতঙ্ক। দেশে একের পর এক কাফ সিরাপে নিষেধাজ্ঞা জারি হচ্ছে। এমন বিষাক্ত উপাদান খুঁজে পাওয়া গেছে যা শরীরের জন্য একদম ঠিক নয়। কিন্তু মরশুম বদলের এই সময় ঠান্ডা-গরমে সর্দি-কাশি, জ্বর লেগেই আছে। দিনভর শুকনো কাশি ভোগাচ্ছে। বাইরে চড়চড়ে রোদ, মাঝে-মধ্যেই এক পশলা বৃষ্টি হয়ে ভিজিয়ে দিচ্ছে। আর এখন তো হেমন্তের হিমেল হাওয়ায় শীত শীত ভাব বেশ টের পাওয়া যাচ্ছে। দিনের বেলা আবার চড়া রোদ উঠছে। আবহাওয়ার এমন ভোলবদলে কাশি দুর্ভোগের কারণ হয়ে উঠছে।
শুকনো কাশি (Dry Cough) ভোগালে কাফ সিরাপ নয়, আপনার রান্নাঘরেই এমন কয়েকটি সমাধানসূত্র লুকিয়ে আছে যা ঠিকঠাক কাজে লাগাতে পারলে উপকার মিলবে নিশ্চিতভাবেই।
আদা: রম জলে ইঞ্চিখানেক আদার টুকরো ফুটিয়ে নিন মিনিট দশেকের জন্য। তারপর এতে মধু আর লেবুর রস মিশিয়ে ধীরে ধীরে চুমুক দিয়ে খেয়ে ফেলুন মিশ্রণটা। দিনে বার তিনেক খেতে পারেন এই আদা চা। আপনি যদি গ্রিন টি খেতে অভ্যস্ত হন, তাহলে আদা, মধু ও লেবু মিশিয়ে গ্রিন টি-ও খেতে পারেন।
মধু: মরশুম বদলের ঠান্ডা লাগা বা কাশি সারাতে মধুর কোনও জুড়ি নেই। তবে ভাল মানের মধু দরকার। বিশেষ করে রাতে শোওয়ার আগে মধু খেলে কাশি বিব্রত করবে না তেমন। দুধের সঙ্গে মধু মিশিয়েও খাওয়া যায়।
নুন জলে গার্গল: এক গ্লাস ঈষদুষ্ণ জলে আধ চা চামচের মতো নুন মিশিয়ে নিন। তার পর এই মিশ্রণটা দিয়ে গার্গল করুন। নুন ব্যাকটেরিয়া মারতে সাহায্য করে, শ্বাসনালির সংক্রমণ কমায়। দিনে বার তিনেক গার্গল করে দেখুন।
অ্যাপল সাইডার ভিনিগার: অ্যাপল সাইডার ভিনিগার গলার মিউকাস ভাঙতে ও তা ব্যাকটেরিয়া মুক্ত রাখতে দারুণ কার্যকর। গলা ধরে যাচ্ছে বুঝতে পারলেই এক কাপ জলে এক বা দুই চাচামচ অ্যাপেল সাইডার ভিনিগার মিশিয়ে গার্গল করুন, অল্প অল্প করে খেতেও পারেন। তবে এই মিশ্রণের আগে ও পরে প্রচুর পরিমাণে জল খাওয়া আবশ্যক।
গরম জলে ভেপার নিন: সাধারণ গরমজলের ভাপ নিতে পারেন, অনেকে ক্যামোমাইল বা ইউক্যালিপটাস তেল দিয়েও স্টিম নেন। স্টিম আপনার পোস্ট নেজ়াল ড্রিপিং কমায়, ফলে কাশিও কমতে বাধ্য। প্রতিদিন সকালে ও বিকালে স্টিম নিলেই ফারাকটা বুঝতে পারবেন।