এই ছোট্ট ‘মাইন্ড হ্যাক’-এর মূল কথা হল, শরীর নয়, ব্রেনই অনেক সময় ক্লান্ত শরীরে কাজ করতে বাধা বাধা দেয়।

প্রতীকী ছবি
শেষ আপডেট: 3 July 2025 20:21
দ্য ওয়াল ব্যুরো: মাথা কাজ করছে না, মন বসছে না কিছুতেই? দিনভর ক্লান্তিতে ভেঙে পড়া শরীর আর মাথাকে আবার সচল করতে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের নিউরোলজিস্ট ডা. ফে বেগেটি জানালেন এক অব্যর্থ কৌশল, যার নাম ‘৫ মিনিট রুল’।
দীর্ঘ ২০ বছরের বেশি সময় ধরে ব্রেন নিয়ে গবেষণা করছেন ডা. বেগেটি। তিনি এখন অক্সফোর্ড ইউনিভার্সিটি হসপিটালস (Oxford University Hospitals) -এর নিউরোলজিস্ট এবং নিউরোডিজেনারেটিভ ডিজঅর্ডার বিশেষজ্ঞ।
ডাক্তারি জীবনের হাজারো ব্যস্ততা সামলে চিকিৎসা, দুই শিশুসন্তানকে সামাল দেওয়ার অভিজ্ঞতা থেকেই জন্ম নিয়েছে এই সহজ অথচ কার্যকর ব্রেন বুস্টিং টিপস।
কী এই ৫ মিনিটের মন্ত্র?
ডা. বেগেটি বলছেন, ‘কোনও কাজ করতে ইচ্ছে না হলে, নিজেকে বোঝাও মাত্র পাঁচ মিনিট করব, তারপর দেখি।
এই ছোট্ট ‘মাইন্ড হ্যাক’-এর মূল কথা হল, শরীর নয়, ব্রেনই অনেক সময় বাধা দেয়। যখন আমরা ক্লান্ত থাকি বা ইচ্ছে করে না, তখন ব্রেন এমন আচরণ করে যেন সে ‘লো-এনার্জি মোড’-এ চলে গেছে — ঠিক যেমন স্মার্টফোন চার্জ বাঁচাতে অটো-সেভ মোডে চলে যায়।
এই অবস্থায় মস্তিষ্ক আমাদের বোঝাতে থাকে ওই কাজটা অনেক শক্ত, এটা এখন করার সময় নয়, এতটা এনার্জি কোথা থেকে আসবে ইত্যাদি। কিন্তু, ডা. বেগেটির অভিজ্ঞতা বলছে, একবার শুরু করলেই দেখা যায়, সব সহজ হয়ে যাচ্ছে। সবচেয়ে কঠিন হল শুরুটা।
এই ‘৫ মিনিট রুল’-এর সবচেয়ে বড় শিক্ষা হল — ‘কিছুই না করার চেয়ে, অল্প কিছু করা অনেক ভাল।’ প্রতিদিন মাত্র ৫ মিনিট কোনও কাজে দিলেও বছরের শেষে সেটা দাঁড়ায় ৩০ ঘণ্টারও বেশি।