
ব্রায়ের সঙ্গে কি ক্যানসারের কোনও সম্পর্ক আছে?
শেষ আপডেট: 31 March 2025 18:47
দ্য ওয়াল ব্যুরো: ক্যানসার (cancer) মানেই যেন আতঙ্কের অন্য নাম। মহিলাদের মধ্যে যতরকম ক্যানসার দেখা যায়, তাঁর মধ্যে ব্রেস্ট ক্যানসার (breast cancer) অন্যতম মারণ এক রোগ। এর সম্পর্কে মানুষের মনে নানা ভুল ধারণা থাকায় সঠিক চিকিৎসা পর্যন্ত পৌঁছতে দেরি হয়ে যায় অনেক। বিশেষজ্ঞদের মতে, শুরুর দিকে ধরা পড়লে এবং ডাক্তারের (doctor) পরামর্শ মেনে চললে ক্যানসারকে সহজেই হারিয়ে স্বাভাবিক জীবনে ফিরে আসা যায়।
মণিপাল হাসপাতালের সিনিয়র অনকোলজিস্ট (oncologist) ড. শেখর সালকার এবং ড. শ্রবণ কুমার বি ব্রেস্ট ক্যানসার নিয়ে প্রচলিত ৯টি মিথ বা ভুল ধারণা বিষয়ে সতর্ক করেছেন-
মিথ ১: আন্ডারওয়্যার ব্রা পরলে ব্রেস্ট ক্যানসার হয়।
সত্য: এর কোনও বিজ্ঞানসম্মত প্রমাণ নেই। আন্ডারওয়্যার ব্রা পরার ফলে ব্রেস্ট ক্যানসার হয় না।
মিথ ২: শুধুমাত্র বয়স্ক মহিলাদের ব্রেস্ট ক্যানসার হয়।
সত্য: বয়স বাড়ার সঙ্গে সঙ্গে ঝুঁকি বাড়লেও, যে কোনও বয়সের নারী এমনকি পুরুষও ব্রেস্ট ক্যানসারে আক্রান্ত হতে পারেন। গবেষণায় দেখা গেছে, প্রায় ৩০ শতাংশ ব্রেস্ট ক্যানসার ৪৫ বছরের নীচে ধরা পড়ে।
মিথ ৩: পরিবারের কেউ ব্রেস্ট ক্যানসারে আক্রান্ত হলে আপনিও আক্রান্ত হবেন।
সত্য: পারিবারিক ইতিহাস থাকলে ঝুঁকি কিছুটা বেশি হলেও, অধিকাংশ ব্রেস্ট ক্যানসার রোগীদের পারিবারিক ইতিহাস নাও থাকতে পারে। মাত্র ৫-১০ শতাংশ ক্ষেত্রে জিনগত কারণে ক্যানসার হয়।
মিথ ৪: ব্রেস্ট ক্যানসার একটি সংক্রামক রোগ।
সত্য: ব্রেস্ট ক্যানসার ছোঁয়াচে নয়। জ্বর-সর্দির মতো এটি একজনের শরীর থেকে আরেকজনের মধ্যে ছড়ায় না।
মিথ ৫: ম্যামোগ্রাম করলে রেডিয়েশনের জন্য ব্রেস্ট ক্যানসার হতে পারে।
সত্য: ম্যামোগ্রামের রেডিয়েশন খুবই কম এবং এটি ক্যানসারের কারণ হতে পারে না। বরং ক্যানসার যদি প্রাথমিক পর্যায়ে থাকে তাহলে শনাক্তকরণে করতে ম্যামোগ্রাম খুবই গুরুত্বপূর্ণ।
মিথ ৬: স্তনে লাম্প বা শক্ত দলা মানেই ক্যানসার।
সত্য: সব লাম্প ক্যানসার নয়। অনেক সময় এটি সিস্ট বা ফাইব্রোঅ্যাডেনোমার মতো নিরীহ কারণেও হতে পারে। তবে নতুন কোনও লাম্প দেখা দিলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত।
মিথ ৭: অ্যান্টিপারস্পিরান্ট বা ডিওডোরেন্ট ব্যবহারে ব্রেস্ট ক্যানসার হয়।
সত্য: এই তথ্যের কোনও বৈজ্ঞানিক ভিত্তি নেই। যদিও কিছু ডিওডোরেন্টে অ্যালুমিনিয়াম কম্পাউন্ড থাকে, তবে এর সঙ্গে ক্যানসারের সরাসরি সংযোগ পাওয়া যায়নি।
মিথ ৮: জীবনযাত্রার পরিবর্তনে ব্রেস্ট ক্যানসার সম্পূর্ণরূপে প্রতিরোধ করা সম্ভব।
সত্য: স্বাস্থ্যকর জীবনযাত্রা ব্রেস্ট ক্যানসারের ঝুঁকি কমাতে সাহায্য করে, তবে এটি সম্পূর্ণভাবে প্রতিরোধ করতে পারে না। জিনগত ও অন্যান্য অপ্রতিরোধযোগ্য কারণেও এই মারণরোগ হতে পারে।
মিথ ৯: লক্ষণ না দেখা গেলে ব্রেস্ট ক্যানসার হয় না।
সত্য: শুরুর দিকে ব্রেস্ট ক্যানসারের কোনও লক্ষণ নাও থাকতে পারে। তাই নিয়মিত চেকআপ ও ম্যামোগ্রাম করা জরুরি। যে কোনও অস্বাভাবিকতা দেখলেই ডাক্তারের পরামর্শ নিন।
ব্রেস্ট ক্যানসার সম্পর্কে ভুল ধারণা সম্বন্ধে সচেতন থাকুন। দরকার মনে হলে চিকিৎসকদের পরামর্শ নিন। সঠিক তথ্য জেনে নিয়মিত স্বাস্থ্যপরীক্ষা করালে সময় থাকতে দ্রুত সুস্থ হয়ে ওঠা শুধু সময়ের অপেক্ষা।
পুনশ্চ: এই প্রতিবেদনটি শুধুমাত্র তথ্যের জন্য। চিকিৎসা সংক্রান্ত যে কোনো প্রশ্নের জন্য বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিন।