হঠাৎ আঘাত, রক্ত জমাট বা পেশির টান—কোন ব্যথায় গরম সেঁক, আর কোথায় ঠান্ডা সেঁক দেবেন?

ছবি: এআই
শেষ আপডেট: 3 December 2025 17:12
দ্য ওয়াল ব্যুরো: তাড়াহুড়ো করতে গিয়ে সজোরে ধাক্কা খাওয়া কিংবা বাথরুমে পিছলে পড়ে কোমরে চোট লাগা, এ ধরনের আঘাত আমাদের দৈনন্দিন জীবনের অংশ। প্রথম দিকে ব্যথা কমাতে অনেকে ওষুধ খেলেও, পরবর্তীতে বেশিরভাগ মানুষই নির্ভর করেন ঠান্ডা বা গরম সেঁকের ওপর। কারণ ব্যথা কমানোর ওষুধ বেশি খাওয়া স্বাস্থ্যের জন্য মোটেই ভালো নয়। সেঁক দিলে আরামও হয়, কিন্তু কোন ব্যথায় ঠিক কেমন সেঁক দেওয়া উচিত, সে বিষয়ে অনেকেই সঠিক ধারণা রাখেন না।
চিকিৎসকেরা বলছেন, আঘাতের ধরন বুঝে সেঁক দেওয়া উচিত। ঠান্ডা সেঁক তখনই দরকার যাখন, খেলতে গিয়ে আঘাত লেগেছে, ধাক্কা লাগা বা শরীরে রক্ত জমে গেলে ঠান্ডা সেঁক দেওয়া বাঞ্ছনীয়। এতে ব্যথা ও ফোলা ভাব কমে।
অন্যদিকে, হাড়ের ব্যথা বা পেশির পুরনো ব্যথা কমাতে গেলে কিন্তু গরম সেঁক দেওয়া সবচেয়ে বেশি কার্যকরী। এতে পেশি শিথিল হয় এবং রক্ত সঞ্চালন বাড়ে, যা ব্যথা কমাতে সাহায্য করে।
ব্যথা কমানোর জন্য গরম সেঁক খুব কাজে আসে। তবে এটি কীভাবে দেবেন এবং এর উপকারিতা কী, জেনে নিন:
তাওয়া বা কড়াইতে একটি শুকনো তোয়ালে গরম করে হালকাভাবে ব্যথার জায়গায় লাগান। অথবা, হট ব্যাগ বা ইলেকট্রিক প্যাড ব্যবহার করতে পারেন। অথবা গরম জলে তোয়ালে ভিজিয়ে ভালোভাবে নিংড়ে নিয়েও সেঁক দেওয়া যায়।
উপকারিতা কী কী?
গরম সেঁকে আঘাত পাওয়া জায়গায় রক্ত চলাচল বাড়ে এবং দ্রুত ব্যথা কমে আসে। এটি বিশেষ করে পেশিতে টান লাগা বা হাড়ের সংযোগস্থলের পুরনো ব্যথার জন্য খুব কার্যকর। তবে অবশ্যই মনে রাখবেন শরীরের সব জায়গায় গরম সেঁক দেওয়া যায় না। তাই সেঁক দেওয়ার আগে একবার চিকিৎসকের সঙ্গে কথা বলে নেওয়া ভাল।
আঘাত লাগলে বা রক্ত জমাট বাঁধলে অনেকেই ঠান্ডা সেঁক দেন। জেনে নিন কীভাবে ঠান্ডা সেঁক দেবেন এবং কখন এটি কার্যকর-
আঘাত লেগে ত্বকের ওপর রক্ত জমাট বাঁধলে সরাসরি বরফ বা একটি কাপড়ে মুড়ে বরফের সেঁক দেওয়া হয়। রাবারের আইস ব্যাগে বরফ ভরেও ঠান্ডা সেঁক দেওয়া যেতে পারে। খেলাধুলার সময় চোট লাগলে এই পদ্ধতি খুব কাজে আসে। তবে সরাসরি ব্যথার উপর ঠান্ডা দিলে অনেক সময়ে সেখানে ফ্রস্ট বাইট হতে পারে।
ঠান্ডা সেঁক কখন এবং কেন ব্যবহার করবেন?
ঠান্ডা সেঁক দেওয়ার সময় এই বিষয়গুলি মনে রাখবেন। প্রচণ্ড আঘাত লাগলে সেই ব্যথা সাময়িক ভাবে কমাতে ঠান্ডা সেঁক দেওয়া হয়। বরফ প্রাথমিক ভাবে আঘাত লাগা স্থানটিকে অসাড় করে দেয়, ফলে ব্যথা কম অনুভূত হয়।
এটি ফোলা ভাব (Swelling) এবং প্রদাহ (Inflammation) কমাতে সাহায্য করে। আঘাতের পর রক্তক্ষরণ বন্ধ করতে বা রক্ত জমাট বাঁধতে সাহায্য করার জন্য ঠান্ডা সেঁক দেওয়া হয়। সাধারণত গরম সেঁকের তুলনায় বরফের সেঁক বেশি নিরাপদ। তবুও, আঘাত গুরুতর হলে বা সেঁক দেওয়ার আগে চিকিৎসকের পরামর্শ নেওয়া সবসময়ই বুদ্ধিমানের কাজ।