ডিমের কুসুমে কি চর্বি বেশি? হার্টের ক্ষতি করে? এই ধারণা বহু পুরনো। আর তাই বহু মানুষ শুধু ডিমের সাদা অংশ খান।

ডিমের কুসুমই আসল চাবিকাঠি!
শেষ আপডেট: 4 July 2025 18:27
দ্য ওয়াল ব্যুরো: ডিমের কুসুমে কি চর্বি বেশি? হার্টের ক্ষতি করে? এই ধারণা বহু পুরনো। আর তাই বহু মানুষ শুধু ডিমের সাদা অংশ খান। কিন্তু সাম্প্রতিক গবেষণা বলছে, পেশি গঠনের জন্য ডিমের কুসুম বাদ দেওয়ার কোনও মানে নেই। বরং পুরো ডিম খাওয়াই অনেক বেশি কার্যকর।
২০১৭ সালে একটি গবেষণায় দেখা গিয়েছে, ডিমের সাদা অংশ আর পুরো ডিম—উভয় ক্ষেত্রেই প্রোটিনের পরিমাণ সমান হলেও, পুরো ডিম খেলে ৪২ শতাংশ বেশি 'muscle protein synthesis' হয়। অর্থাৎ পেশি তৈরির ক্ষেত্রে পুরো ডিম অনেকটাই এগিয়ে।
কেন এত উপকারী ডিমের কুসুম?
ডিমের সাদা অংশে উচ্চমানের প্রোটিন (অ্যালবুমিন) থাকলেও, কুসুমে রয়েছে আরও অনেক গুরুত্বপূর্ণ উপাদান:
স্বাস্থ্যকর চর্বি, যা হরমোন নিয়ন্ত্রণে সাহায্য করে
ডায়েটারি কোলেস্টেরল, যা টেস্টোস্টেরনের মতো হরমোন তৈরিতে কাজে আসে
ভিটামিন A, D, E, K, যা পেশি মেরামত, রোগ প্রতিরোধ এবং শক্তি উৎপাদনে সহায়ক
চোলিন ও সেলেনিয়াম, যা মস্তিষ্ক, স্নায়ু এবং কোষের সুস্থতায় প্রয়োজনীয়
ফসফোলিপিড, যা কোষের গঠন ও ব্যায়ামের পর দ্রুত সেরে ওঠায় সহায়ক
এই উপাদানগুলি প্রোটিন শোষণ ও ব্যবহারে সাহায্য করে, ফলে শরীর বেশি উপকার পায়। অনেকেরই ধারণা, পুরো ডিম খাওয়া কেবলমাত্র অ্যাথলিট বা জিমে যাওয়া লোকেদের জন্য। কিন্তু গবেষণা বলছে, সাধারণ মানুষ এমনকি বয়স্কদের জন্যও পুরো ডিম খাওয়া স্বাস্থ্যকর। বয়স্কদের ক্ষেত্রে এটি মাসল লস (sarcopenia) ঠেকাতে সাহায্য করে। সেই সঙ্গে মস্তিষ্কের কার্যকারিতা, হাড়ের গঠন এবং প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতেও সহায়তা করে।
তবে খাওয়ার আগে কী মাথায় রাখা জরুরি?
দৈনিক ১–২টি পুরো ডিম একটি পরিমিত ও সুষম খাদ্যভ্যাসের অংশ হতে পারে
যাঁদের কোলেস্টেরল সংক্রান্ত সমস্যা আছে, তাঁদের অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। তবে যদি কোনও চিকিৎসক বা ডায়েটিশিয়ান বিশেষভাবে কুসুম বাদ দিতে না বলেন, তাহলে পুরো ডিম খাওয়াই পেশি গঠনের জন্য ভাল।