হ্যাংওভার এড়াতে মদের আগে কোন খাবার খেলে শরীর থাকবে সুস্থ, জেনে নিন

ফাইল চিত্র
শেষ আপডেট: 31 December 2025 18:00
দ্য ওয়াল ব্যুরো: বর্ষবরণের রাতে বন্ধুদের সঙ্গে পার্টি আর মদ্যপান, এটা অনেকেরই প্ল্যান থাকে। কিন্তু তার পরের দিন মাথা ধরা, বমি বমি ভাব কিংবা শরীর খারাপ হওয়া যেন অবধারিত সঙ্গী। আসলে অ্যালকোহল শরীরকে ডিহাইড্রেট করে এবং খালি পেটে মদ্যপান করলে এই সমস্যা আরও বাড়ে। তার উপর চাকনা হিসেবে যদি অতিরিক্ত মশলাদার খাবার থাকে, তাহলে অস্বস্তি হওয়াটাই স্বাভাবিক। তাই বছর শেষের আনন্দে শরীর খারাপ এড়াতে পার্টির আগেই কিছুটা সচেতন হওয়া জরুরি।
সবচেয়ে আগে মনে রাখতে হবে, খালি পেটে কখনওই মদ খাওয়া উচিত নয়। পার্টির আগে সঠিক খাবার খেলে অ্যালকোহলের প্রভাব অনেকটাই নিয়ন্ত্রণে রাখা যায়। কী কী খাবার এতে সাহায্য করবে, দেখে নেওয়া যাক।
মদ্যপানের আগে ডিম সেদ্ধ খাওয়া ভাল। ডিমে প্রচুর পরিমাণে প্রোটিন থাকে। বিশেষ করে ডিমের সাদা অংশ হজম হতে সময় নেয়। ফলে তার পর অ্যালকোহল খেলে শরীরে তার প্রভাব তুলনামূলক ভাবে কম পড়ে।
পার্টির আগে ওটস খাওয়াও উপকারী। অ্যালকোহল যতটা ক্ষতিকর, ওটস ততটাই স্বাস্থ্যকর। এতে প্রোটিন ও ফাইবারসহ নানা পুষ্টিগুণ রয়েছে। মদ্যপানের আগে ওটস খেলে লিভারের উপর চাপ কিছুটা কম পড়ে। সন্ধেবেলায় বন্ধুদের সঙ্গে মদ্যপানের পরিকল্পনা থাকলে তার আগে কয়েকটা কলা খেতে পারেন। কলায় থাকা শর্করা শরীরে দ্রুত শক্তি জোগায় এবং হ্যাংওভারের ঝুঁকি কমাতে সাহায্য করে।
মদের সঙ্গে যদি মাছ ভাজা চাট রাখার কথা ভেবে থাকেন, তবে মদ্যপানের আগেও মাছ খাওয়া যেতে পারে। বিশেষ করে ফ্যাটি ফিশে থাকা ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড এবং প্রোটিন অ্যালকোহল শোষণের গতি ধীর করে দেয়। এতে শরীর তুলনামূলক ভাবে কম ক্ষতিগ্রস্ত হয়।
এছাড়া গ্রিক ইয়োগার্টও ভাল বিকল্প। এতে প্রোটিন, ফ্যাট ও কার্বোহাইড্রেটের ভারসাম্য থাকে। গ্রিক ইয়োগার্টের প্রোটিন ধীরে হজম হয়, ফলে দেহে অ্যালকোহল শোষণের গতি কমে এবং তার প্রভাবও কিছুটা নিয়ন্ত্রণে থাকে।
এই সময় বাজারে সহজেই পাওয়া যায় রাঙা আলু। পটাশিয়ামে ভরপুর এই আলু শরীরের ইলেক্ট্রোলাইটের ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে। মদ্যপানের আগে সেদ্ধ রাঙা আলু বা রাঙা আলুর তৈরি কোনও পদ খেলে এটি কঠিন কার্বোহাইড্রেট ভাঙার প্রক্রিয়াকে ধীর করে দেয়, ফলে অ্যালকোহলের প্রভাব তুলনামূলক ভাবে কম অনুভূত হয়। অতএব, বর্ষবরণের রাতে আনন্দ করতে গিয়ে শরীরের কথা ভুলে গেলে চলবে না। পার্টির আগে সঠিক খাবার বেছে নিলে পরের দিনের অস্বস্তি অনেকটাই এড়ানো সম্ভব।
সতর্কবার্তা: মদ্যপানের অভ্যাস থাকলে, আজ থেকেই বন্ধ করুন। এর মারাত্মক স্বাস্থ্য ঝুঁকি রয়েছে। যেমন লিভারের রোগ, ক্যানসার, হৃদরোগ ও মস্তিষ্কের ক্ষতি হতে পারে।