এক ব্যক্তির শরীরে তিনটি যৌনাঙ্গ! এমনই এক ‘আল্ট্রা রেয়ার’ মেডিক্যাল কেস সামনে আনলেন ইউনিভার্সিটি অফ বার্মিংহ্যামের গবেষকরা।

শরীরে তিনটি যৌনাঙ্গ!
শেষ আপডেট: 16 July 2025 13:43
দ্য ওয়াল ব্যুরো: এক ব্যক্তির শরীরে তিনটি যৌনাঙ্গ! এমনই এক ‘আল্ট্রা রেয়ার’ মেডিক্যাল কেস সামনে আনলেন ইউনিভার্সিটি অফ বার্মিংহ্যামের গবেষকরা। তাঁদের দাবি, এতদিন পর্যন্ত যে কোনও বৈজ্ঞানিক রেকর্ডে এমন কিছু দেখা যায়নি। বিষয়টি সামনে এসেছে অক্টোবরে প্রকাশিত একটি রিপোর্টে।
‘ট্রাইফ্যালিয়া’ নামে পরিচিত এই জন্মগত শারীরিক বৈচিত্র্য এতটাই বিরল যে ১৬০৬ থেকে ২০২৩ সালের মধ্যে শুধু দ্বৈত যৌনাঙ্গ (ডাইফ্যালিয়া)-র ১১২টি কেস নথিভুক্ত হয়েছে, কিন্তু ট্রাইফ্যালিয়া (তিনটি যৌনাঙ্গের ঘটনা) এই নিয়ে দ্বিতীয়বার সামনে এল।
গবেষকরা জানিয়েছেন, এক ৭৮ বছর বয়সি শ্বেতাঙ্গ পুরুষের দেহে মিলেছে এই অস্বাভাবিকতা। তিনি নিজের দেহ দান করেছিলেন গবেষণার জন্য। দেহের বাহ্যিক অঙ্গ-প্রত্যঙ্গ পুরোপুরি স্বাভাবিক মনে হলেও, পোস্টমর্টেমে চমকে ওঠেন গবেষকরা—মূল যৌনাঙ্গের কাছেই স্ক্রোটাল স্যাক-এর মধ্যে গোপনে লুকিয়ে ছিল আরও দুটি যৌনাঙ্গের শিরা ও শাখা।
বিষয়টি এতটাই সূক্ষ্মভাবে গঠিত ছিল যে ওই ব্যক্তি হয়তো কখনও জানতেই পারেননি নিজের শরীরে এমন কিছু রয়েছে। রিপোর্টে বলা হয়েছে, “এই দুটি গোপন যৌনাঙ্গ মূল যৌনাঙ্গের নীচে এবং অণ্ডকোষের উপরের দিকে লুকিয়ে ছিল, যা কেবলমাত্র মৃত্যুর পরে পরীক্ষার সময় ধরা পড়ে।”
এই গবেষণাপত্রের অন্যতম লেখক, ইউনিভার্সিটি অফ বার্মিংহ্যামের ফাইনাল ইয়ার মেডিক্যাল ছাত্র জন বুকানান জানান, “যেহেতু অনেক সময় এমন গঠন কোনও উপসর্গ তৈরি করে না, তাই চিকিৎসার প্রয়োজনও হয় না। সেই কারণে এটি ধরা পড়ে না। অর্থাৎ, আমাদের ধারণার চেয়েও হয়তো এমন অজানা শারীরিক বৈচিত্র্যের ঘটনা বেশি হতে পারে।”
এই গবেষণার আগে ২০২০ সালে ইরাকে জন্ম নেওয়া এক তিন মাসের শিশুর শরীরেও এমন তিনটি অঙ্গের অস্তিত্ব পাওয়া গিয়েছিল। সেই সময় অস্ত্রোপচারের মাধ্যমে অতিরিক্ত অঙ্গ দু'টি বাদ দেওয়া হয়।