
ডাবের জলে লুকিয়ে নেই তো কোনও বিপদ? জেনে নিন
শেষ আপডেট: 30 March 2025 19:25
দ্য ওয়াল ব্যুরো: মার্চ শেষ হচ্ছে, ইতিমধ্যেই চোখ রাঙাচ্ছে গরম (Summer)। স্বাস্থ্যসচেতন মানুষ বাইরে বেরলে ঠান্ডা পানীয়ের বদলে বেছে নিচ্ছেন সাধারণ জল বা ডাবের জল। গলির মোড়ে মোড়ে বিক্রি হচ্ছে ডাব। ডাবের জলের উপকারিতাও (benefits) রয়েছে প্রচুর। কিন্তু জানেন কি, ডাবের জল (tender coconut water) খাওয়ার ওপরও কিছু শর্ত রয়েছে বিশেষজ্ঞদের?
ডাবের জল নিয়ে কাদের জন্য বিশেষ সতর্কবাণী (caution) রয়েছে?
কিডনির সমস্যায়:
বিশেষজ্ঞরা বলছেন, যাঁরা কিডনির সমস্যায় ভুগছেন তাঁরা ডাবের জল ডায়েটে যোগ করার সময় অবশ্যই ডাক্তার বা পুষ্টিবিদের পরামর্শ নিন। ডাবের জলে রয়েছে প্রচুর পরিমাণে পটাশিয়াম। তাই যাঁদের কিডনি স্বাভাবিক উপায়ে কাজ করে না, তাঁদের জন্য এটা হিতে বিপরীত হতে পারে। পটাশিয়াম মূত্রের মাধ্যমে শরীর থেকে বাইরে বেরিয়ে যায়, কিন্তু তাঁদের জন্য এই বাড়তি পটাশিয়াম সমস্যা ডেকে আনতে পারে।
অস্ত্রোপচারের আগে-পরে:
যাঁদের সামনে অস্ত্রোপচার রয়েছে বা অস্ত্রোপচারের সবেমাত্র হয়েছে, তাঁরা অন্তত দু’সপ্তাহ আগে থেকে এবং পরের দু’সপ্তাহ ডাবের জল এড়িয়ে চলুন। ডাবের জল খেলে রক্তচাপের এবং রক্তে থাকা শর্করামাত্রার ওপর প্রভাব পড়তে পারে। অস্ত্রোপচারের আগে-পরের মতো গুরুত্বপূর্ণ সময়ে শরীরের এই প্রয়োজনীয় মাত্রাগুলি নজরে রাখার পরামর্শ দিয়ে থাকেন ডাক্তাররা।
রক্তচাপ বা ডায়েবেটিসের ওষুধ খেলে:
যাঁরা রক্তচাপের বা ডায়াবেটিসের ওষুধ খান নিয়মিত তাঁরা এড়িয়ে চলুন ডাবের জল। ওষুধের পাশাপাশি ডাবের জল না খাওয়ার পরামর্শই দিয়ে থাকেন ডাক্তাররা। যদি মনে হয় ডায়েটে যোগ করার কথা ভাবছেন, তাহলে অবশ্যই ডাক্তার বা পুষ্টিবিদকে জানাতে ভুলবেন না।
গর্ভাবস্থার প্রথম তিন মাসে:
ডাক্তারদের মতে, গর্ভবতী মহিলারা কনসিভ করার পর প্রথম তিন মাস এড়িয়ে চলুন ডাবের জল। এইসময় নানা সমস্যার সম্মুখীন হতে পারেন মহিলারা, গর্ভপাতের সম্ভাবনাও উড়িয়ে দিচ্ছেন না ডাক্তাররা। এছাড়াও, মর্নিং সিকনেসের সমস্যায় ডাবের জল খেলে তা আরও বাড়তে পারে। এই সময় ডাবের জল হজম করা একটু কঠিন, ফলে পেট ফুলতে পারে।
হাত-পা ঠান্ডা হয়ে গেলে:
যাঁদের মাঝে মাঝেই হাত-পা ঠান্ডা হয়ে যাওয়ার প্রবণতা রয়েছে, তাঁদের বেশি খাওয়া উচিত নয় ডাবের জল। এতে রয়েছে শরীর ঠান্ডা করার উপকারিতা, কিন্তু এই ক্ষেত্রে তা সমস্যার কারণ হয়তে দাঁড়ায়। শরীর এর ফলে মেটাবলিক অ্যাক্টিভিটি ব্যালেন্স করতে পারে না ঠিক করে। ফলত, দুর্বলতা, ক্লান্তি দেখা দেয়।
বলাই বাহুল্য, ডাবের জলের অনেক উপকারিতা থাকলেও খাওয়ার আগে অবশ্যই এই কয়েকটা জিনিস মেনে চলুন। সুস্থ থাকুন।