চিকিৎসকদের পরামর্শ, মুখের এই সংবেদনশীল অংশে ব্রণ ফাটানো একেবারেই উচিত নয়। সামান্য অবহেলাই ডেকে আনতে পারে ভয়ানক বিপদ।

প্রতীকী ছবি
শেষ আপডেট: 17 August 2025 13:05
দ্য ওয়াল ব্যুরো: মুখের ব্রণ ফাটাতে গিয়ে বিপত্তি। অল্পের জন্য বড় বিপদ এড়ালেন এক মার্কিন তরুণী। মিশিগান নিবাসী আলিশা মোনাকো নামের ওই যুবতী সম্প্রতি মুখে একটি ব্রণ ফাটান। সেটি ছিল মুখের এক অত্যন্ত বিপজ্জনক জায়গায়, যা চিকিৎসাশাস্ত্রে পরিচিত ‘ট্রায়াঙ্গল অব ডেথ’ নামে। এর পরে শুরু হয় ভয়ঙ্কর যন্ত্রণা, ফুলে যায় মুখ, এমনকি মুখে বেঁকে যেতে শুরু করে।
ব্রিটিশ সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, নাকের পাতা থেকে ঠোঁটের কোণা পর্যন্ত যে অংশে রক্তনালী সরাসরি মস্তিষ্কে পৌঁছে যায়, তাকেই বলা হয় ‘ট্রায়াঙ্গল অব ডেথ’। এই জায়গার ব্রণ ফাটালে সংক্রমণের ঝুঁকি মারাত্মকভাবে বেড়ে যায়।
আলিশা জানান, প্রথমে ব্রণটি ফাটাতে না পেরে পরে জীবাণুমুক্ত সূঁচ দিয়ে খোঁচা দেন। আর তাতেই বিপদ বাড়ে। কয়েক ঘণ্টার মধ্যে মুখের ডান দিক ফুলে ওঠে, হাসি বেঁকে যায়, কান বন্ধ হয়ে আসে। তিনি বলেন, 'নাকের নীচে থেকে ঠোঁট, এমনকি মুখের পাশ পর্যন্ত অসহ্য ব্যথা হচ্ছিল। চার-পাঁচ ঘণ্টা পর ব্যথায় ঘুম ভেঙে যায়। তখনই বুঝলাম বড় সমস্যা হয়েছে।'
পরের দিনই চিকিৎসকের কাছে ছুটে যান। চিকিৎসকরা জানান, ওই জায়গায় সংক্রমণ হলে তা রক্তপ্রবাহের সঙ্গে মস্তিষ্কে পৌঁছে যেতে পারে। এর ফলে মেনিনজাইটিস, মস্তিষ্কে ফোঁড়া, রক্ত জমাট বাঁধা, স্ট্রোক কিংবা অঙ্গ পক্ষাঘাত পর্যন্ত ঘটতে পারে। এমনকি দৃষ্টিশক্তি হারানোর ঝুঁকিও থাকে।
চর্মরোগ বিশেষজ্ঞ অ্যালোক বিজ সংবাদমাধ্যমকে বলেছেন, 'এই ছোট্ট জায়গাটাকে মস্তিষ্কের সঙ্গে সরাসরি যুক্ত একটি লাইন বলে ভাবতে পারেন। এখানে সংক্রমণ হলে তা সহজেই মস্তিষ্কে পৌঁছে যেতে পারে।'
নিজের অভিজ্ঞতা শেয়ার করে আলিশা বলেন, 'আমি ভাবিনি বিষয়টি এত গুরুতর হতে পারে। পরে বুঝতে পারি ব্রণটি ছিল খুবই সংবেদনশীল জায়গায়। তাই অন্যদের সতর্ক করার জন্যই আমি ভিডিওটা পোস্ট করি।' বর্তমানে তাঁর সেই ভিডিও ভাইরাল। তিনি আরও বলেন, 'আমি চাই অন্যরা এই ভুল না করুক। যদি এমন ব্রণ হয়, তবে সেটি ফাটানোর বদলে পিম্পল প্যাচ ব্যবহার করাই ভাল।'
আসলে এ ধরনের ঘটনা নতুন নয়। নিউ ইয়র্কে এক মহিলার নাকের নীচে ব্রণ ফাটানোর পর গুরুতর সংক্রমণ হয়। চীনে এক কিশোরীর ক্ষেত্রে তো ব্রণ ফাটাতে গিয়ে মস্তিষ্কে রক্ত জমাট বাঁধে। লুইজিয়ানার এক মহিলা ব্রণ ফাটানোর পর আক্রান্ত হন স্ট্যাফ সংক্রমণে।
চিকিৎসকদের পরামর্শ, মুখের এই সংবেদনশীল অংশে ব্রণ ফাটানো একেবারেই উচিত নয়। সামান্য অবহেলাই ডেকে আনতে পারে ভয়ানক বিপদ।