ত্বকের গভীর পর্যন্ত পৌঁছে গিয়ে ভিতর থেকে জেল্লা বাড়িয়ে তোলে ত্বকের। কিন্তু এই সমস্ত ট্রিটমেন্টের কী প্রভাব পড়ছে শরীরের ওপর?

প্রতীকী ছবি
শেষ আপডেট: 10 July 2025 19:52
দ্য ওয়াল ব্যুরো: আজকের ব্যস্ত জীবনে নিখুঁত ত্বকের খোঁজে অনেকেই বিভিন্ন ‘স্কিন ট্রিটমেন্ট’-এর সাহায্য নেন। সে কেমিক্যাল পিল, বোটক্স, ফিলার হোক বা মাইক্রোনিডলিং, লেজার থেরাপি। ত্বকের গভীর পর্যন্ত পৌঁছে গিয়ে ভিতর থেকে জেল্লা বাড়িয়ে তোলে ত্বকের। কিন্তু এই সমস্ত ট্রিটমেন্টের কী প্রভাব পড়ছে শরীরের ওপর?
সর্বভারতীয় এক সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে এই সমস্ত প্রশ্নের উত্তর দিয়েছেন গুজরাতের ভৈলাল আমিন জেনারেল হাসপাতালের কনসালটেন্ট মেডিক্যাল অনকোলজিস্ট ইতি পারিখ।
ত্বকের চিকিৎসায় সৌন্দর্য না স্বাস্থ্যঝুঁকি? কী বলছেন চিকিৎসক?
ডা. পারিখ বলেন, “ত্বক উজ্জ্বল ও নিখুঁত রাখার ইচ্ছা আমাদের অনেককে কেমিক্যাল পিল, লাইট থেরাপি, ইনজেকটেবল ফিলার, এবং লেজার রিসারফেসিং-এর মতো ট্রিটমেন্টের দিকে নিয়ে যাচ্ছে। যদিও এগুলি আধুনিক চিকিৎসাবিজ্ঞানের অংশ, কিন্তু এদের ব্যবহারে সতর্কতা থাকা প্রয়োজন।”
এই চিকিৎসাগুলি কিছু ক্ষেত্রে কসমেটিক অ্যাসিডের উপর নির্ভর করে, আবার কিছু প্রযুক্তি সরাসরি ত্বকের কোশের গঠন ও কার্যকারিতায় প্রভাব ফেলে। এখানেই চিন্তার বিষয়। ত্বক কোশের পরিবর্তন, অতিরিক্ত ইউভি রে-এর সংস্পর্শ ও দীর্ঘস্থায়ী ইনফ্লেমেশন (chronic inflammation) মিলে ক্যানসারের আশঙ্কা তৈরি করতে পারে।
ত্বকের চিকিৎসায় ইউভি থেরাপি বা ট্যানিং বেড ব্যবহার সবচেয়ে বেশি চিন্তার বিষয়
“UVA এবং UVB, দু’টিই কার্সিনোজেনিক। বারবার ব্যবহার করলে ত্বকের ডিএনএ ক্ষতিগ্রস্ত হয়, মিউটেশন হয়, যার ফলে স্কোয়ামাস সেল কার্সিনোমা, বেসাল সেল কার্সিনোমা বা মেলানোমা জাতীয় ত্বকের ক্যানসার হতে পারে,” সতর্ক করেছেন ডা. পারিখ।
কেমিক্যাল পিল কতটা নিরাপদ?
কেমিক্যাল পিল, বিশেষ করে ডিপার পিল, যেখানে ফেনল (Phenol) ব্যবহার হয় - সেগুলি নিয়ে কিছু গবেষণায় দেখা গিয়েছে, প্রাণীদের মধ্যে ক্যানসার সৃষ্টির সম্ভাবনা রয়েছে। যদিও অভিজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে এই পিলগুলি নিরাপদ, তবুও অতিরিক্ত বা ভুল ব্যবহারে ক্ষতির সম্ভাবনা থেকে যায়।
বোটক্স, ফিলার, মাইক্রোনিডলিং - ঝুঁকি কতটা?
বোটক্স বা ডার্মাল ফিলার যদি প্রশিক্ষিত চিকিৎসক প্রয়োগ করেন, তবে তা নিরাপদ বলেই ধরা হয়। “এসব চিকিৎসা FDA-অনুমোদিত, তবে কখনও কখনও দীর্ঘমেয়াদী ইনফ্লেমেশন বা ইমিউন রিঅ্যাকশন হতে পারে, যা কোশের অস্বাভাবিক গ্রোথের ঝুঁকি তৈরি করে,” জানাচ্ছেন ডা. পারিখ।
বিশেষত মাইক্রোনিডলিং, লেজার ট্রিটমেন্ট বা কেমিক্যাল পিল-এর মতো রেগুলার স্কিন ট্রমা যদি খুব ঘন ঘন হয়, তবে তা দীর্ঘমেয়াদী ইনফ্লেমেশন (chronic inflammation)-এর কারণ হয়ে দাঁড়ায়, যা ক্যানসারের সম্ভাবনা তৈরি করতে পারে।
কীভাবে নিজেকে সুরক্ষিত রাখবেন?
ডা. পারিখের পরামর্শ:
• চিকিৎসা করাবেন কেবলমাত্র প্রশিক্ষিত ডার্মাটোলজিস্ট বা এস্থেটিক ফিজিশিয়ানের কাছে
• নিজের ইচ্ছেমতো ট্রিটমেন্ট বাছবেন না
• চিকিৎসার পর রোদ থেকে ত্বককে রক্ষা করুন
• সুন্দর হয়ে ওঠার থেকেও সেফটিতে আগে নজর দিন