
শেষ আপডেট: 17 November 2023 17:34
দ্য ওয়াল ব্যুরো: সারা দেশ জুড়ে প্রায় হাজার হাজার মানুষ লিভার বা যকৃতের সমস্যায় ভোগেন। মূলত লিভার সিরোসিস বা অ্যাকিউট লিভার ফেলিওরের ক্ষেত্রে একমাত্র আশার আলো হতে পারে লিভার প্রতিস্থাপন (Liver Transplant)। যে কোনও অঙ্গ প্রতিস্থাপনের ক্ষেত্রেই জটিলতা হতে পারে। দাতার অঙ্গ গ্রহীতার শরীর গ্রহণ করবে কিনা সেটা সবচেয়ে বড় ব্যাপার। বিশেষ করে শিশুদের ক্ষেত্রে যকৃৎ প্রতিস্থাপন খুবই জটিল ও ঝুঁকিপূর্ণ ব্যাপার। তবে অ্যাপোলো হসপিটাল গ্রুপ যকৃৎ প্রতিস্থাপনে আশার আলো দেখিয়েছে। পেডিয়াট্রিক লিভার ট্রান্সপ্লান্ট বা শিশুদের যকৃৎ প্রতিস্থাপনের ক্ষেত্রে গত ২৫ বছর ধরে সাফল্য পেয়েছে অ্যাপোলো গ্রুপ।
বিগত বেশ কয়েক বছর ধরে লিভার প্রতিস্থাপনের ক্ষেত্রে মাইলফলক গড়ে তুলেছে ভারত। সারা বিশ্বের প্রায় ২৫-৩০টি দেশ থেকে প্রতিনিয়ত বহু মানুষ ভারতে আসেন লিভার প্রতিস্থাপনের জন্য। অ্যাপোলো হসপিটার গ্রুপের ভাইস চেয়ারম্যান ডা. পৃথা রেড্ডি বলছেন, “প্রতি বছর প্রায় ১৮০০ রোগীর যকৃৎ প্রতিস্থাপন হয়। অ্যাপোলো গ্রুপের লিভার ট্রান্সপ্লান্ট প্রোগ্রাম প্রায় ৯০ শতাংশ ক্ষেত্রেই সফল। আধুনিক পদ্ধতি ও পরিকাঠামো আছে আমাদের। অভিজ্ঞ ডাক্তাররা রোগীদের সেরা চিকিৎসা পরিষেবাই দেন।”
লিভার প্রতিস্থাপন সাধারণত দুই ধরনের হয়। প্রথমত, জীবিত লিভার-দাতার শরীর থেকে লিভার নিয়ে প্রতিস্থাপন সার্জারির মাধ্যমে জীবিত ও সুস্থ দাতার লিভারের একটা অংশকে বের করে এনে গ্রহীতার শরীরে প্রতিস্থাপন করা হয়। লিভিং ডোনার কিংবা জীবিত ব্যক্তির দ্বারা লিভার প্রতিস্থাপনের ক্ষেত্রে পরিবারের কোনও সদস্য যেমন স্বামী, স্ত্রী, বাবা, মা, ছেলে, মেয়ে বা কাছের কোনও আত্মীয়ই এগিয়ে আসেন লিভার প্রতিস্থাপন করানোর জন্য। দ্বিতীয়টি হল, কোনও সদ্য মৃত ব্যক্তির লিভার নিয়ে প্রতিস্থাপন সার্জারির মাধ্যমে গ্রহীতার শরীরে প্রতিস্থাপন করা হয়।
যে সমস্ত মানুষদের পথ দুর্ঘটনায় মস্তিষ্কে রক্তক্ষরণ হয়, অথবা স্ট্রোক হয়, বা ব্রেন ডেথ হয়, সেই সমস্ত রোগীদের আইসিইউ, কিংবা ভেন্টিলেশনে রাখা হয়ে থাকে। সেই পরিস্থিতিতে যদি তখনও ওই ব্যক্তির হৃদপিন্ড কাজ করে, লিভার, ফুসফুস, কিডনি যদি ভাল থাকে, তা হলে তাঁর পরিবার রোগীর শরীরের বিভিন্ন অঙ্গ দান করতে পারেন।
অ্যাপোলো গ্রুপের মেডিক্যাল ডিরেক্টর ও সিনিয়র পেডিয়াট্রিক গ্যাস্ট্রোএন্টেরোলজিস্ট ডা. অনুপম সিবল বলছেন, “ভারতে যকৃৎ প্রতিস্থাপনের পথ দেখিয়েছিল অ্যাপোলো গ্রুপ। এখনও অবধি চার হাজারের বেশি লিভার ট্রান্সপ্লান্ট হয়েছে যার মধ্যে পাঁচশোর বেশি অপারেশন হয়েছে শিশুদেরই। এমনকী সদ্যোজাত বা ৪ কেজির কম ওজনের শিশুরও লিভার ট্রান্সপ্লান্ট সফলভাবে হয়েছে এখানে।”
অ্যাপোলো গ্রুপের সিলিয়র কনসালট্যান্ট ডা. বীরভ গোয়ালও বলছেন, ৯০ শতাংশ ক্ষেত্রেই লিভার ট্রান্সপ্লান্ট সফল হয়েছে। অ্যাপোলো গ্রুপ এখন আরও উন্নতি পদ্ধতিতে অপারেশন করছে। আগামী দিনে আরও বেশি সংখ্যক রোগীকে পরিষেবা দেওয়া সম্ভব হবে।