বাইরে খাওয়ার আনন্দ পুরোপুরি ছেড়ে না দিয়েও নিজের ডায়েট ও ফিটনেস লক্ষ্য বজায় রাখা সম্ভব, শুধু দরকার সচেতনতা।

প্রতীকী ছবি
শেষ আপডেট: 10 November 2025 14:27
দ্য ওয়াল ব্যুরো: কড়া ডায়েট (strict diet) মেনে চললে বা একবার স্বাস্থ্যকর খাবারের অভ্যেস গড়ে তুললে অনেকেই ভাবেন, বাইরে খাওয়া বোধ হয় একদমই বারণ। কারণ বাইরে খাওয়া মানেই লোভনীয়, তেলেভাজা, একগাদা ক্যালোরিতে ভরপুর খাবারের হাতছানি! কিন্তু জানেন কি বাইরে খাওয়াদাওয়া করলেও ছোট ছোট কিছু ট্রিকস মানতে পারলে মনের কথাও শোনা হবে, আবার ডায়েটের বিশেষ কোনও ক্ষতিও হবে না (restaurant food in diet)।
নিউইয়র্কের পুষ্টিবিদ রেমি ডিভাইন জানালেন, রেস্তরাঁয় খাবার অর্ডার (restaurant food order) করার আগের কিছু সিদ্ধান্তেই নির্ভর করছে আপনার ডায়েটে তার বিশেষ প্রভাব পড়বে কিনা।
সম্প্রতি ইনস্টাগ্রামে এক ভিডিও পোস্টে তিনি শেয়ার করেছেন, যেখানে যিনি বুঝিয়েছেন, ‘বাইরে খেতে গিয়ে অপরাধবোধ ছাড়াই কীভাবে স্বাস্থ্যকর পছন্দ বেছে নেওয়া যায়’, সেই সম্পর্কিত ৮টি সহজ হ্যাক।
গ্রিলড, বেকড বা স্টিমড খাবার বেছে নিন
রেমির মতে, ডায়েটে থাকলে এইসব খাবার বেছে নেওয়াই ভাল। কম তেলে তৈরি হওয়ায় এতে ক্যালোরিও কম থাকে। আবার ফ্রায়েড, ক্রিসপি, ক্রিমি জাতীয় খাবার মানেই অতিরিক্ত ফ্যাট ও ক্যালোরির ঝুঁকি।
যেকোনও পানীয় বাদ দিন, শুধু জলই থাকুক
খাবারের সঙ্গে সফট ড্রিংক, জুস বা অ্যালকোহল না নিয়ে শুধু জল থাকবে পাশে। কারণ পানীয়তেও প্রচুর ক্যালোরি লুকিয়ে থাকে, যা অজান্তেই ওজন বাড়িয়ে দিতে পারে।
ফ্রাইয়ের বদলে 'ভেজিস' বা স্যালাড নিন
রেমির পরামর্শ, সাইড ডিশ হিসেবে ভাজাভুজি না নিয়ে সবজি ভিত্তিক কিছু বা স্যালাড বেছে নিন।
প্রোটিন-সমৃদ্ধ খাবারে প্রাধান্য দিন
মেনু থেকে এমন খাবার বেছে নিন যেখানে প্রধান উপাদান প্রোটিন - যেমন চিকেন, মাছ বা টার্কি। এতে তৃপ্তিও যেমন বেশি, অতিরিক্ত ক্যালোরি ইনটেক হওয়াও কমে।
সস বা ড্রেসিং এড়িয়ে চলুন
অনেক সস ও স্যালাড ড্রেসিংয়ে থাকে অতিরিক্ত চিনি ও ফ্যাট। তাই এগুলো না নেওয়াই ভাল, বা ডিশের সঙ্গে না মিশিয়ে আলাদা করে সাইডে নেওয়া শ্রেয় যাতে পরিমাণ নিয়ন্ত্রণে রাখা যায়।
কার্বোহাইড্রেট বাছুন বুঝে শুনে
রেমির টিপস অনুযায়ী, সাদা ভাত বা পাস্তার বদলে ব্রাউন রাইস, কিনোয়া বা মিষ্টি আলু বেছে নেওয়া ভাল। এতে রক্তে শর্করার মাত্রা স্থিতিশীল থাকে।
পরিমাণে নিয়ন্ত্রণ রাখুন
রেস্টুরেন্টে পরিবেশন করা খাবারে সাধারণত পরিমাণ বেশি থাকে। তাই রেমি বলেন, ভাগ করে খেতে পারেন বা অর্ধেকটা পরে খাওয়ার জন্য তুলে রাখুন।
ধীরে ধীরে খান
খাওয়ার গতি নিয়ন্ত্রণে রাখাও সমান গুরুত্বপূর্ণ। ধীরে ও মনোযোগ দিয়ে খেলে হজম ভাল হয়, অতিরিক্ত খাওয়ার প্রবণতা কমে।
রেমি ডিভাইনের মতে, বাইরে খাওয়ার আনন্দ পুরোপুরি ছেড়ে না দিয়েও নিজের ডায়েট ও ফিটনেস লক্ষ্য বজায় রাখা সম্ভব, শুধু বুদ্ধিদীপ্ত পছন্দ ও সচেতনতা দরকার।