তিনমাসে একদিনও তিনি জিমে যাননি, ব্যবহার করেননি কোনও দামি অ্যাপ। তাঁর ওয়েটলস জার্নিতে একমাত্র 'ফিটনেস কোচ' ছিল চ্যাটজিপিটি (ChatGPT fitness coach)।

প্রতীকী ছবি
শেষ আপডেট: 3 January 2026 18:02
দ্য ওয়াল ব্যুরো: ওজন কমানো অনেকের কাছেই কঠিন ও জটিল কাজ। নানারকম ডায়েট, অ্যাপ, জিম রুটিন মিলিয়ে কোথা থেকে শুরু করবেন তা অনেকেই বুঝে উঠতে পারেন না। কিন্তু এই বাধা-বিভ্রান্তি পেরিয়ে মাত্র তিন মাসেই ২৭ কেজি ওজন কমিয়ে নজির গড়েছেন এক আইটি কর্মী। সবচেয়ে বড় বিষয়, এই তিনমাসে একদিনও তিনি জিমে যাননি, ব্যবহার করেননি কোনও দামি অ্যাপ। তাঁর ওয়েটলস জার্নিতে একমাত্র 'ফিটনেস কোচ' ছিল চ্যাটজিপিটি (ChatGPT fitness coach)।
এক্স-এ নিজের জার্নি নিয়ে ওই যুবক জানান, তাঁর এই সাফল্য কোনও শর্টকাট নয়, বরং প্রতিদিনের শৃঙ্খলা, নিয়ম এবং ঠিকভাবে সাজানো একটি সিস্টেমের ফল। সেই সিস্টেম তৈরি হয়েছে চ্যাটজিপিটির সাহায্যে তৈরি সাতটি নির্দিষ্ট প্রম্প্ট থেকে (AI weight loss journey)। তাঁর ভাষায়, “No gym. No expensive apps. No BS.”
তিনি জানান, চ্যাটজিপিটিকে তিনি অনুপ্রেরণা দেওয়ার জন্য নয়, বরং নিয়ম-কানুন ও পরিকল্পনার কাঠামো তৈরি করার একটি টুল হিসেবে ব্যবহার করেছেন (ChatGPT prompts for fitness)। এর সাহায্যে তিনি একই সঙ্গে ব্যক্তিগত প্রশিক্ষক, পুষ্টিবিদ এবং কীভাবে রুটিনকে নিজের অভ্যাসে পরিণত করবেন, তাঁকে কোচের মতো করেই বুঝিয়েছে।
চলুন দেখে নেওয়া যাক তাঁর ব্যবহার করা সাতটি প্রম্প্ট-
প্রম্প্ট ১: শরীর বিশ্লেষণ ও লক্ষ্য নির্ধারণ
ওজন, উচ্চতা, বয়স আর লক্ষ্য জানিয়ে তিনি চ্যাটজিপিটির কাছ থেকে জিম ছাড়াই ১২ সপ্তাহের ডায়েট ও এক্সারসাইজ প্ল্যান বানিয়েছিলেন।
প্রম্প্ট ২: সাপ্তাহিক খাবারের পরিকল্পনা
চ্যাটজিপিটি তাঁকে প্রতিদিন ১৮০০ ক্যালোরি ও বেশি প্রোটিনযুক্ত ৭ দিনের মিল প্ল্যান দেয়, সঙ্গে বাজারের তালিকাও।
প্রম্প্ট ৩: স্বল্পসময়ের হোম ওয়ার্কআউট
তিনি ২৫–৩৫ মিনিটের, সপ্তাহে চার দিনের, সরঞ্জাম ছাড়াই করা যায় এমন ধাপে ধাপে কঠিন হওয়া এক্সারসাইজ রুটিন অনুসরণ করেন।
প্রম্প্ট ৪: খাওয়ার লোভ নিয়ন্ত্রণ
চ্যাটজিপিটি তাকে কম ক্যালোরির ১০টি স্ন্যাক্সের তালিকা এবং অতিরিক্ত খাওয়ার ইচ্ছা আটকাতে ছোট মোটিভেশনাল স্ক্রিপ্ট দেয়।
প্রম্প্ট ৫: দৈনিক অভ্যাস চেকলিস্ট
প্রতিদিন রাতে পাঁচটি সহজ প্রশ্নের উত্তর দিয়ে তিনি নিজের খাওয়া-দাওয়া, ব্যায়াম, ঘুম ইত্যাদি ট্র্যাক করতেন।
প্রম্প্ট ৬: মানসিক প্রস্তুতি ও জার্নালিং
প্রতিদিন সকালে ৫ মিনিটের একটি ছোট জার্নালিং রুটিন- আজকের লক্ষ্য, একটি কাজ, কৃতজ্ঞতা আর একটি ফিটনেস অনুমোদন তাঁকে মানসিকভাবে ফিট রাখত।
প্রম্প্ট ৭: সাপ্তাহিক অগ্রগতি দেখা
প্রতি রবিবার তিনি নিজের ওজন, কোমরের মাপ আর কনসিস্টেন্সি স্কোর লিখে চ্যাটজিপিটির সাহায্যে পরের সপ্তাহের ছোটখাটো পরিবর্তন ঠিক করতেন।
কীভাবে তিনি এতদিন ধরে নিয়ম মেনে চলতে পেরেছিলেন? যুবক কথায়, ছোট ছোট সাফল্যকে তিনি গুরুত্ব দিতেন এবং কেন এই ফিটনেস জার্নি শুরু করেছিলেন, তা নিজেকে বারবার মনে করিয়ে দিতেন।
এই রিপোর্টটি সোশ্যাল মিডিয়ায় ব্যবহারকারীদের দেওয়া তথ্য থেকে তৈরি। দ্য ওয়াল এই দাবিগুলি যাচাই করেনি এবং এগুলির সত্যতা নিশ্চিত করে না।