দক্ষিণ ভারতের মন্দির দর্শনের সুযোগ নিয়ে হাজির আইআরসিটিসি। তিরুপতি থেকে তিরুবনন্তপুরম পর্যন্ত ১০ দিনের এই বিশেষ ট্যুর প্যাকেজে ঘোরা যাবে রামেশ্বরম, মদুরাই, কন্যাকুমারীর মতো বিখ্যাত আধ্যাত্মিক গন্তব্য।

ফাইল ছবি
শেষ আপডেট: 15 October 2025 23:21
দ্য ওয়াল ব্যুরো: একদিকে রামেশ্বরম অন্যদিকে তিরুপতি। অনেকে চাইলেও দক্ষিণ ভারতের এই সবচেয়ে জনপ্রিয় দুটি মন্দিরে একসঙ্গে ঘুরতে পারেন না। সরাসরি যোগাযোগের অভাব, উপযুক্ত ট্রেনের অভাব। এই সব সমস্যার সমাধানে হাজির হয়েছে ভারতীয় রেল। ‘ভারত গৌরব ট্যুরিস্ট ট্রেন’-এর উদ্যোগে চালু হয়েছে বিশেষ ধর্মীয় পর্যটন প্যাকেজ, ‘রামেশ্বরম-তিরুপতি দক্ষিণ দর্শন যাত্রা’ (Rameswaram-Tirupati Dakshin Darshan Yatra)।
৯ রাত ১০ দিনের এই সফর শুরু হবে ৭ নভেম্বর ২০২৫, শেষ হবে ১৬ নভেম্বর ২০২৫-এ। যেকেউ এই যাত্রায় যোগ দিতে পারেন।
তিরুপতি থেকে শুরু হবে এই সফর। দর্শন করা যাবে বিখ্যাত ভেঙ্কটেশ্বর স্বামী মন্দিরে, যেখানে প্রতিদিন হাজার হাজার ভক্ত ভিড় জমান ঈশ্বরের আশীর্বাদ নিতে। এরপর দর্শন পদ্মাবতী মন্দিরে, যার শান্ত পরিবেশ ও শৈল্পিক স্থাপত্য বিশেষভাবে দর্শনীয়।
এরপর সফরের পরবর্তী গন্তব্য রামেশ্বরম, ভারতের চার ধামের একটি। এখানে রয়েছে রামনাথস্বামী মন্দির, শিবভক্তদের অন্যতম পবিত্র স্থান। পাশাপাশি ধনুষকোডি ঘুরে দেখার সুযোগ মিলবে।
তৃতীয় গন্তব্য মাদুরাই। দ্রাবিড় স্থাপত্যের এক অনন্য নিদর্শন মীনাক্ষী অম্মান মন্দির দেখিয়ে ট্রেন পৌঁছবে কন্যাকুমারীতে, যেখানে দেখা যাবে তিন সমুদ্রের মিলনস্থল, বিবেকানন্দ রক মেমোরিয়াল ও গান্ধী মণ্ডপম। এই সফরের শেষ গন্তব্য তিরুবনন্তপুরম, যেখানে রয়েছে বিখ্যাত পদ্মনাভস্বামী মন্দির ও কোভালাম সৈকত।
ভাড়া কত লাগবে?
ভ্রমণকারীদের জন্য বাজেট হোটেলে এসি ও নন-এসি দুই ধরনের ব্যবস্থা থাকবে। স্থানীয় দর্শনীয় স্থানে যাওয়ার জন্য থাকবে আরামদায়ক বাস। গোটা সফরজুড়ে পরিবেশন করা হবে বিশুদ্ধ নিরামিষ খাবার।
কেন বুক করবেন এই যাত্রা?
শুধু মন্দির দর্শন নয়, বরং দক্ষিণ ভারতের সংস্কৃতি, ঐতিহ্য ও শান্তির এক সম্মিলিত অভিজ্ঞতা হতে পারে আপনার। যেখানে দূরত্বের জন্য যেতে ভয় পান সকলে, সেখানে কোনও ঝক্কি ছাড়াই আপনি পৌঁছে যেতে পারবেন। সব আয়োজন করছে আইআরসিটিসি, ফলে ভ্রমণ হবে একেবারেই ঝামেলামুক্ত। বুকিং করা যাবে IRCTC ট্যুরিজম ওয়েবসাইটে বা নিকটস্থ আঞ্চলিক অফিস থেকে। আসন সংখ্যা সীমিত, তাই আগাম বুকিং করার পরামর্শ দিচ্ছে রেল।