
শেষ আপডেট: 27 November 2023 20:15
দ্য ওয়াল ব্যুরো: শীতকাল আর কমলালেবুর যেন চিরন্তন সম্পর্ক। শীতকালে বাড়িতে আর কিছু থাকুক না থাকুক, রান্নাঘরে বা খাওয়ার টেবিলে ফলের ঝুরিতে কমলালেবু থাকবেই। কমলালেবু কিন্তু শুধু খাওয়ার জন্য নয় ব্যবহার করতে পারেন আপনার ত্বককে কোমল করে তোলার জন্যও।
শীতকালে বাতাসে আর্দ্রতার পরিমাণ কম থাকায় ত্বক অনেক তাড়াতাড়ি শুকিয়ে যায়। শুষ্ক ত্বকের ঝামেলা থেকে বাঁচতে অনেকে নানা রকম ক্রিম ব্যবহার করে থাকেন। ভুলটা হয় এখানেই। একরাশ ক্রিম মেখে রাস্তায় বেরোলে রাস্তার ধুলোবালি খুব সহজেই ত্বকের উপর জমতে থাকে। চামড়ার কোষের মুখগুলো একেবারেই বন্ধ হয়ে যেতে থাকে। যার ফলে চামড়া শুকিয়ে ফাটতে থাকে। খেয়াল করে দেখবেন, শীতকালে ঠোঁট, গোড়ালি বেশি ফাটে।

তাছাড়া শীত, গ্রীষ্ম বা বর্ষা, যাঁদের এসিতে থাকা অভ্যেস, তাঁদের ত্বকের টান ধরার প্রবণতা আরও বেড়ে যায়। তাই শীতকালে নিয়মিত ত্বকের যত্ন নেওয়া উচিত বলে মনে করছেন বিশেষজ্ঞরা। শীতের দিনে কমলালেবুর খোসা প্রচণ্ড উপকারী। শীতের দুপুরে রোদ পোহাতে পোহাতে কমলালেবু খাওয়া হয়ে গেলে খোসাটা ভুলেও ফেলে দেবেন না।
কমলালেবুর খোসাতে থাকে প্রচুর পরিমাণে অ্যান্টি-ফাঙ্গাল, অ্যান্টি-ইনফ্লেমেটরি, অ্যান্টি-মাইক্রোবিয়াল উপাদান। আপনার মুখে ভুল সময়ে ভুল জায়গায় হয়ে যাওয়া ব্রণটার ওষুধ কিন্তু এই কমলালেবুর খোসাই। এক কাপ জল একটা পাত্রে গরম করে সেখানে বেশ কয়েকটা কমলালেবুর খোসা ফেলে দিন। জলটা ভালো করে ফুটে এলে যখন দেখবেন জলের রং পাল্টাচ্ছে তখন আঁচ বন্ধ করে ফোটানো জলটা নামিয়ে রেখে ঠাণ্ডা হতে দিন। জল ঠাণ্ডা হয়ে গেলে একটা স্প্রে বোতলে সেটা ঢেলে নিন, তারপর প্রয়োজন অনুযায়ী মুখে লাগান।
এছাড়া কমলালেবুর খোসা দিয়ে তৈরি করতে পারেন স্ক্রাবারও। কমলালেবুর খোসা আর মুসুর ডাল একসঙ্গে ভাল করে বেটে নিন। কমলালেবুর খোসাতে এমনিতেই তেল থাকে যা ত্বকে পড়ে যাওয়া ট্যান ওঠাতে সাহায্য করে আবার ত্বক মসৃণও রাখে। এই স্ক্রাবিং প্যাক সপ্তাহে দুবার ব্যবহার করতে পারেন।
এমনকী কমলালেবুর খোসা দিয়ে বানাতে পারেন ফেস প্যাকও। কাঁচা দুধ, লেবুর রস, চন্দনের গুঁড়ো আর কমলালেবুর খোসা বাটা একসঙ্গে দিয়ে একটা মিশ্রণ বানিয়ে নিন। সেটা মুখে ৩০ মিনিট মতো লাগিয়ে রাখুন। তারপর জল দিয়ে ভাল করে ধুয়ে নিন। শুষ্ক ত্বককে নরম করতে এই প্যাকের জুড়ি মেলা ভার। আবার খোসা বাটার সঙ্গে টক দই মিশিয়ে একটা পেস্ট বানিয়ে রাখতে পারেন। মুখে লাগিয়ে কিছুক্ষণ রেখে ধুয়ে ফেললে ত্বক হবে উজ্জ্বল।