
শেষ আপডেট: 17 December 2023 14:42
দ্য ওয়াল ব্যুরো: সোশ্যাল মিডিয়া খুললেই এখন শুধু বিয়ের ছবি। আশীর্বাদ, আইবুড়োভাত, বিয়ে, বৌভাত, অনুষ্ঠানের শেষ নেই। এক একটা শীতকাল আসে সঙ্গে বয়ে নিয়ে আসে বিয়ের মরশুম। আর এই বিয়ের মরশুমে যেন সমুদ্রের ঢেউয়ের মতোই যেন বিয়ে আছড়ে পড়ে।
এবার মুশকিলটা হয় বেশি বিয়েবাড়ির নিমন্ত্রণ পেয়ে গেলে। তখন বিয়ে যাদের হচ্ছে তাদের থেকে বেশি টেনশন হয় নিমন্ত্রিতদের। বিয়েবাড়িতে কী পরবেন! আপনি যদি শাড়িপ্রেমী হন তাহলে বিশেষ চিন্তা নেই। এই শীতে বিয়েবাড়িতে পরার জন্য ট্রেন্ডিং শাড়ি কী কী, সেই সমস্ত খুঁটিনাটি রইল আপনার জন্য।
ক্লাসিক সিল্ক, ভেলভেট বা ডিজাইনার শাড়ি তো আছেই তবে এবার বিয়েবাড়ির ট্রেন্ডিং শাড়িগুলির মধ্যে একদম প্রথম দিকে রয়েছে ফ্লোরাল অর্গ্যাঞ্জা। ফ্লোরাল প্রিন্ট কিন্তু অনেকদিন ধরেই বাজারে ভাল চলছে। তাছাড়া বাজারে খুব চলছে সুন্দর ক্লাসি শিফন শাড়ি। 'রকি রানি কি প্রেম কাহানি' ছবিতে আলিয়া ভাট যে ধরনের শাড়ি পরেছিলেন সেটা হল শিফন। রঙবেরঙের শিফন শাড়ি সুন্দর একটা জুয়েলারি সেটের সঙ্গে পরলে বেশ ভালই লাগবে।
এছাড়া এবছরের আরেকটা হিট কম্বিনেশন হল ট্র্যাডিশনাল ক্লাসিক সিল্ক শাড়ির সঙ্গে গোল্ডেন জুয়েলারি। পশমিনা সিল্ক, কাঞ্জিভরম, বালুচরি, চান্দেরি এসবও রয়েছে এবারে ট্রেন্ডিং শাড়ির লিস্টে। এছাড়া পরতে পারেন হালকা ধরনের কোনও বেনারসিও। এই সময়ে বিয়েবাড়িতে সবাই চাইছে মিনিমাল লুক। তাই শাড়ি আর গয়নাটা হোক একটু জমকালো আর মেকআপ হোক একদম সাধারণ।