
শেষ আপডেট: 26 November 2023 13:20
দ্য ওয়াল ব্যুরো: দুর্গাপুজো, কালীপুজো, জগদ্ধাত্রী পুজোর পর এবার শুরু হতে চলেছে বিয়ের মরশুম। সম্প্রতি এক সমীক্ষাতে জানা গেছে, আসন্ন কয়েকমাসে প্রায় ৩৫ লক্ষ বিয়ে হবে। এত বিয়েবাড়ির মধ্যে দুটো তিনটেতে তো আপনাকেও উপস্থিত থাকতে হবে। রোজকার অফিস, স্কুল, কলেজের চুড়িদার, কুর্তি, জিন্স-টপ পরতে গিয়ে শাড়ি আর পরা হয়ে ওঠে না। তাই এই বিয়ের সিজনে কী কী শাড়ি ট্রেন্ডিংয়ে চলছে জেনে নিন।
১) সাটিন সিল্ক শাড়ি
শীতকালের বিয়েবাড়িতে পরার জন্য এখনকার মহিলাদের অন্যতম পছন্দের সাটিন সিল্ক শাড়ি। এই শাড়ির ফ্যাব্রিক আর রং এতই সুন্দর হয় যে একটা জমকালো ব্লাউজ দিয়ে পেয়ার আপ করে এই শাড়ি পরলে আপনিই হয়ে উঠবেন ‘সেন্টার অফ অ্যাট্রাকশন’।
২) কাতান সিল্ক শাড়ি
বিয়ের বাজারের সেরা শাড়ির তালিকায় পিছিয়ে নেই কাতান সিল্ক শাড়িও। আপনারা নিশ্চয় কাতান বেনারসির নাম শুনেছেন। একদম নরম অথচ চকচকে সুতো দিয়ে বোনা এই শাড়ির নানা রকম প্রকারভেদ রয়েছে। কাতান বেনারসি যেমন নতুন বউকে খুব ভাল মানাবে আবার কাতান সিল্ক বউয়ের বান্ধবীদের জন্য একদম পারফেক্ট। এই শাড়ি এতটাই টেকসই যে একটা শাড়ি কিনলে সেটা বেশ কয়েক বছর আপনি চুটিয়ে পরতে পারবেন।
৩) ব্রোকেড সিল্ক শাড়ি
রুপোলি, সোনালি বা রংবেরঙের সুতো দিয়ে বোনা হয় এই ব্রোকেড সিল্ক শাড়ি। একটা সুন্দর ক্লাসি লুক পেতে অবশ্যই আপনার কাছে একটা ব্রোকেড সিল্ক থাকা জরুরি। নিখুঁত কাজ আর অপূর্ব ডিজাইন এই শাড়ির মূল আকর্ষণ।
৪) পশমিনা সিল্ক শাড়ি
শীতকালের বিয়েবাড়িতে পরার জন্য পশমিনা সিল্কের জুড়ি মেলা ভার। দেখতেও যেমন সুন্দর, তেমন শাড়ির ডিজাইন। আবার এই শাড়ি পরলে আলাদা করে শাল নেওয়ার ঝক্কিও থাকে না। কারণ শাড়ির মেটেরিয়ালটাই এমন যে তা আপনাকে গরমও রাখবে।
৫) মলমল কটন শাড়ি
এই শাড়ি শীত, গ্রীষ্ম বা বর্ষা সব ঋতুতেই ফ্যাশনেবল। এই শাড়ি হল সেইসব মহিলাদের জন্য যাঁদের শাড়ি পরতে হবে শুনলেই কান্না পায়। নামেই বুঝতে পারছেন যে মলমল কটন শাড়ি কতটা আরামদায়ক। জমকালো একটা ব্লাউজ এবং ভারী কিছু সিলভার জুয়েলারির সঙ্গে একটা মলমল কটন কিন্তু এই শীতের বিয়েবাড়িতে পড়তেই পারেন।