
শেষ আপডেট: 12 October 2023 15:39
দ্য ওয়াল ব্যুরো: পুজো আসতে না আসতেই সব রেস্তোরাঁ সেজে উঠেছে তাঁদের বিভিন্ন খাবার দাবারের আয়োজন নিয়ে। খাঁটি বাঙালি খাবার থেকে ফিউশন ফুড, সব রকম খাবার নিয়ে তৈরি কলকাতার রেস্তোরাঁগুলো। পুজোতে কোন রেস্তোরাঁতে কোন খাবার পাবেন? কত দামে পাবেন? কী কী রয়েছে মেনুতে? রইল সেইসব তথ্য।
রয়্যাল বেঙ্গল রুম, সিটি সেন্টার সল্টলেক :
লাইভ ফোক মিউজিকের সঙ্গে এই রেস্তোরাঁর এবারের দুর্গাপুজোর স্পেশ্যাল মেনু রয়্যাল বেঙ্গল ভূরিভোজ। এই ভূরিভোজ চলবে চলতি মাসের ২০ তারিখ থেকে ২৪ তারিখ পর্যন্ত। ব্যুফেতে খাওয়ার জন্য খরচ পড়বে মাত্র ১১৯৯ টাকা। লাঞ্চ এবং ডিনার দুই-ই পাবেন এখানে। লাঞ্চের সময় দুপুর ১২টা থেকে বিকেল ৪:৩০ পর্যন্ত। ডিনারের সময় সন্ধ্যে ৭টা থেকে রাত ১১:৩০ পর্যন্ত।
ক্লাব ভারদে :
পুজোর শুরু থেকে শেষ পর্যন্ত ক্লাব ভারদেতে চলবে শারদীয়ার মহাভোজ। এই মেনু পাওয়া যাবে ব্যুফেতে। খরচ ৯৯৯ টাকা, ট্যাক্স অতিরিক্ত। ১৯ অক্টোবর অর্থাৎ মহাপঞ্চমীর দিন থেকে ২৪ তারিখ অর্থাৎ বিজয়া দশমীর দিন পর্যন্ত পাওয়া যাবে এই লোভনীয় খাবার। দুপুর ১২টা থেকে ৪:৩০ এবং রাতে ৭টা থেকে ১০:৩০ পর্যন্ত খোলা থাকবে এই ব্যুফে কাউন্টার। অথিতিদের জন্য আলাদা করে আয়োজন করা হয়েছে ঢাকি এবং ধুনুচি নাচের। শুধু দেখাই নয়, অথিতিরাও অংশগ্রহণও করতে পারবেন তাতে।
ইকো হাব :
পঞ্চমী থেকে দশমী পর্যন্ত ইকো হাবের দ্য ভিলেজ-এ চলবে দেবীপক্ষের জমিদারি ভোজ। ১৯ থেকে ২৪ অক্টোবর পর্যন্ত থাকছে এই স্পেশ্যাল অফার। ব্যুফেতে লাঞ্চের খরচ ১১৯৯ টাকা, ট্যাক্স অতিরিক্ত। ডিনারের খরচ ৮৯৯ টাকা, ট্যাক্স অতিরিক্ত। দুপুর ১২টা থেকে ৪:৩০ পর্যন্ত যে কোনও সময়ে পাওয়া যাবে এই ব্যুফে মেনু। এখানেও থাকছে ঢাক এবং ধুনুচি নাচ মিলিয়ে এক দারুণ আয়োজন।
মন্টানা ভিস্তা (শিলিগুড়ি) :
পঞ্চমী থেকে দশমী পর্যন্ত ক্যাফে মন্টানা অ্যান্ড আলফ্রেস্কোতে পাওয়া যাবে পুজো স্পেশাল দুর্গাপুজোর জমজমাটি মহাভোজ। পঞ্চমী (১৯ অক্টোবর) থেকে দশমী (২৪ অক্টোবর) পর্যন্ত এই ব্যুফে লাঞ্চের সময় ১২টা থেকে ৪টে। খরচ মাত্র ৯৪৯ টাকা। এমনকী, ডিনার করতে চাইলে আছে সেই ব্যবস্থাও। ব্যুফে ডিনারের সময় ৭:৩০ থেকে ১০:৩০ পর্যন্ত। খরচ মাত্র ৮৯৯ টাকা।