
শেষ আপডেট: 16 October 2023 16:48
দ্য ওয়াল ব্যুরো: পুজোর ঢাকে কাঠি পড়ে গেছে, ইতিমধ্যেই শুরু হয়ে গেছে মণ্ডপে জনস্রোত। কথায় বলে উৎসব সবার। সেই কারণেই একটি হৃদয়স্পর্শী উদ্যোগ নেওয়া হয়েছে প্রত্যাশা নামের এক স্বেচ্ছাসেবী সংস্থার তরফে।
মঙ্গলবার অর্থাৎ তৃতীয়ার দিন ১৭ ই অক্টোবর প্রত্যাশা কলকাতার বৃদ্ধ বৃদ্ধাদের জন্য একটি বিশেষ দিন আয়োজন করেছে। এই উদ্যোগের নাম দেওয়া হয়েছে 'দাদু দিদার পুজো পরিক্রমা'। এই কলকাতা শহরের বুকে কত বৃদ্ধ বৃদ্ধা শুধুমাত্র বয়সের কারণে দুর্গা পুজোর মতো উৎসবের দিনে মা-র মুখ টুকু দেখতে পান না। তাঁদের কথা ভেবেছে প্রত্যাশা।
দাদু দিদার চোখে কলকাতার সেরা ৮ টি পুজোকে "শারদ সম্মান" পুরস্কার দেওয়া হবে। বিশেষ অতিথিরা প্রদান করবেন এই পুরস্কারগুলি। শোনা যাচ্ছে এই উদ্যোগকে সাধুবাদ জানিয়ে এগিয়ে এসেছেন টলিপাড়ার কিছু অভিনেতা এবং জনপ্রিয় ইউটিউবাররা। ধারাবাহিকের চেনা জুটি রুদ্র প্রমিতা, অভিনেতা আয়ুশ, জনপ্রিয় সঙ্গীত শিল্পী কেশব দে, ইউটিউবার শমীক অধিকারী এই উদ্যোগের শরিক হয়েছেন।
এই ভাবনার প্রধান উপদেষ্টা এবং আন্তর্জাতিক মানবাধিকার এবং অ্যান্টি ক্রাইম অর্গানাইজেশন র বর্তমান যুব সভাপতি নীলাদ্রি ব্যানার্জী, এই মানবিক উদ্যোগের কাণ্ডারী। তিনি বলেন, 'আমরা সাধারণভাবে বয়স্ক লোকের দিকে বেশি করে চোখ রাখি, অনেকে মনে করে তারা বয়সের কারণে আমাদের মতো আর ঠাকুর দেখতে পারবেন না তাই তাদের বাড়িতেই রেখে দিয়ে আমরা ঘুরে বেড়াই, আমরা সেই বাঁধটাই ভাঙতে চাই। আমরা একটু চেষ্টা করলে, তাদের একটু সঙ্গ দিলে তারাও পারবে।'
এই মানবিক উদ্যোগের মাধ্যমে প্রত্যাশা বয়সের ব্যবধান ভাঙতে চায়, জানা গেল উদ্যোক্তাদের তরফে। পাশাপাশি উৎসব সবার এই কথাটিকেই মাথায় রেখে সব বয়সের মানুষ যাতে আনন্দ করে ঠাকুর দেখতে পারেন তা সুনিশ্চিত করাই প্রত্যাশার উদ্দেশ্য।