
শেষ আপডেট: 25 January 2024 17:53
দ্য ওয়াল ব্যুরো: সারাবছর কমবেশি খাওয়া হলেও শীতকালে পরোটা খাওয়ার পরিমাণটা অনেকটাই বেড়ে যায়। কারণ অনেকেই ঠান্ডায় ভাত খাওয়া পছন্দ করেন না ফলে রুটি বা পরোটা দিয়েই ডিনার সেরে নেন। তাছাড়া শীতের সময়ে বাজারে নানারকম টাটকা সবজিও ওঠে যেটা দিয়ে পরোটা বানিয়ে খেতে বেশ ভালই লাগে।
সাধারণত পরোটা বানানোর জন্য তেলের প্রয়োজন পরে কিন্তু এইভাবে পরোটা বানিয়ে খেলে তেল সেভাবে লাগে না বরং জল দিয়েই ভেজে নিতে পারবেন এই পরোটা। এই সময়ে পিঠে পুলি পায়েস খেতে তো ভাল লাগেই কিন্তু টাটকা সবজি যেমন বাঁধাকপি, মুলো, আলু এইসব দিয়ে বানানো পরোটা খেতেও খুব ভাল লাগে। তাই আপনাদের জন্য রইল দারুণ এক পরোটার রেসিপি।
প্রথমে একটা পাত্রে পরিমাণ মত ময়দা, নুন, চিনি, বড় দুই চামচ গুঁড়ো দুধ, হাফ চামচ বেকিং পাউডার এবং সামান্য বেকিং সোডা নিয়ে মিশিয়ে নিন। এবার তারমধ্যে টকদই দিয়ে পরোটা বানানোর ময়দাটা মেখে নিন। মাঝে জলের বদলে অল্প পরিমাণ দুধ যোগ করে দিন এতে পরোটার ময়দাটা অনেক নরম হবে। খেতেও হবে মুচমুচে এবং সুস্বাদু।
ময়দা মাখার সময় মিশ্রণে একটু তেল লাগিয়ে নেবেন তাহলে হাতে আর আটকাবে না। ভাল করে ময়দা মাখা হয়ে গেলে একটা ভেজা কাপড় দিয়ে ঢেকে অন্তত ২-৩ ঘণ্টা সরিয়ে রেখে দিন। এবার পরোটা বানানোর জন্য একটু বড় করে লেচি কেটে নিন।
কিচেন স্ল্যাবে বা চাকিতে বেশ কিছুটা ময়দা ছড়িয়ে ওর মধ্যে লেচি দিয়ে একটু মোটা করে পরোটা বেলে নিতে হবে। এবার গোল কাটার দিয়ে গোল করে পরোটাটা কেটে নিন। উপর দিয়ে একটু ধনেপাতা কুচি এবং কালোজিরে ছড়িয়ে দিন।
এবার গ্যাসে একটা তাওয়া বসিয়ে সেটা গরম হতে দিন। এক চামচ তেল দিয়ে পরোটার লেচিটা তাওয়ায় দিয়ে দিন। উল্টে পাল্টে একটু ভেজে নিয়ে দুচামচ জল দিয়ে ঢাকা দিয়ে দিন। অল্প থেকে বেশি আঁচে কিছুক্ষণ রেখে উপর দিয়ে একটু মাখন ব্রাশ করে ঢাকা দিয়ে রাখলেই দেখবেন পরোটা সুন্দর ফুলে উঠেছে।
ব্যাস রেডি গরম গরম তেল ছাড়া পরোটা। আচার সহযোগে পরিবেশন করুন।