
আলু কর্ন চিজ পকোড়া
শেষ আপডেট: 8 July 2024 16:25
দ্য ওয়াল ব্যুরো: 'বৃষ্টি, বৃষ্টি, বৃষ্টি... এ কোন অপরূপ সৃষ্টি'...
সত্যিই পশ্চিমবঙ্গের মতো গ্রীষ্মপ্রধান রাজ্যে সকলে যেন চাতকের মতো বসে থাকে বর্ষাকালের অপেক্ষায়। বৃষ্টির দিন শুরু হল কি না হল বাঙালিরা বসে পড়েন আলুর চপ বেগুনি আর নানারকম পকোড়া ভাজতে। গরমাগরম পকোড়া, কড়া করে চা আর সঙ্গে বৃষ্টি- আর কী চাই। বাঙালিদের সঙ্গে বৃষ্টির যোগাযোগ কিন্তু বরাবরই আত্মিক। বৃষ্টি মানেই যেমন খিচুড়ি আর পাঁপড়ভাজা, তেমনই বৃষ্টির সন্ধে মানে চা-তেলেভাজা। যতই কোলেস্টোরলের পারদ বাড়তে থাকুক না কেন এই মায়া ত্যাগ করা বড্ড কঠিন।
তাই আজকে বৃষ্টির দিনে চট করে বানিয়ে নিতে পারবেন এমন সহজ কিন্তু একদম নতুন স্বাদের চিজ-কর্ন-আলু পকোড়ার রেসিপি জানাব আপানাদের। কী কী লাগবে, কীভাবে বানাবেন সবটাই বলা রইল।
উপকরণ -
আলু (বড় ৪ টে সেদ্ধ করা)
ছোলার ডাল (১০০ গ্রাম)
কর্ন (২০০ গ্রাম সেদ্ধ করা)
চিজ (৫-৬ টা ছোট কিউব)
নুন (স্বাদমতো)
চিনি (স্বাদমতো)
গোলমরিচ গুঁড়ো (১ টেবিল চামচ)
ভাজা মশলা (১ টেবিল চামচ)
বেসন (৩ টেবিল চামচ)
সাদা তেল (পরিমাণমতো)
কর্নফ্লেক্স গুঁড়ো (২০০ গ্রাম)
ক্যাপসিকাম কুচি
কাঁচালংকা কুচি
রসুন কুচি
লেবুর রস
পদ্ধতি -
প্রথমেই একটা মিক্সারে ছোলার ডাল নিয়ে সেটাকে গুঁড়ো করে নিতে হবে। তারপর একটা বড় পাত্রে সেদ্ধ করে রাখা আলু, কর্ন, ২ টেবিল চামচ ছোলার ডালের গুঁড়ো, পরিমাণমতো নুন, চিনি, গোলমরিচ গুঁড়ো, ক্যাপসিকাম কুচি, রসুন কুচি, কাঁচালংকা কুচি, বেসন, লেবুর রস দিয়ে ভালকরে মেখে নিতে হবে। একটু আঠা আঠা করে মাখবেন যাতে পকোড়াগুলো তেলে ছাড়লে তা ছেড়ে ছেড়ে না যায়।
এবার কড়াইতে সাদা তেল গরম করুন ভাল করে। ডিপ ফ্রাই হবে তাই একটু বেশি করেই তেল দেবেন। এবার মেখে রাখা মিশ্রণ থেকে কিছুটা হাতে নিয়ে একটু চ্যাপ্টা করে নিন এবার তারমাঝে একটা করে চিজের ছোট কিউব ভরে দিন। তারপর পুরোটা একসঙ্গে গোল্লা পাকিয়ে নিন। এভাবে প্রত্যেকটা পকোড়া গড়ে নিন। এবার অন্য একটা থালায় কর্নফ্লেক্স ঢেলে নিন। পকোড়াগুলো একবার করে কর্নফ্লেক্সের গুঁড়োতে কোট করে নিয়ে গরম গরম তেলে ছেড়ে দিন।
দুপিঠ উল্টেপাল্টে লাল করে ভেজে তুলে নিন। ব্যাস তৈরি আলু কর্ন চিজ পকোড়া। এমনি খান বা সস-স্যালাড সহযোগে খান সঙ্গে কড়া এক কাপ চা রাখতে ভুলবেন না।