
ফ্রুট ইয়োগার্ট বোল
শেষ আপডেট: 3 April 2024 16:16
দ্য ওয়াল ব্যুরো: গরমে সকাল, দুপুর বা রাতে কী রান্না হবে সেটা নিয়ে চিন্তা লেগেই থাকে। বাড়িতে মা, ঠাকুমাদের মাথায় হাত পড়ে যায় এই ভেবে যে আজ এমন কী তৈরি করব যেটা বাড়ির সবাই এই গরমে চেটেপুটে খাবে, আবার শরীরে কষ্টও হবে না। বেশি ভারী কিছু খাওয়া যাবে না আবার এমন কিছু খেতে হবে যেটা হালকা অথচ পেটও ভরা থাকে। ব্রেকফাস্ট হোক বা স্ন্যাক টাইম, বানিয়ে খেতে পারেন ফ্রুট ইয়োগার্ট বোল। এবার অনেকেই বলবেন সকালবেলা খালি পেটে দই? অম্বল হবে না? না হবে না।
আপনি যদি এই ৫ ফল মিশিয়ে খান এবং সঙ্গে খান হালকা কোনও খাবার। কী কী ফল মেশাতে পারেন ভাবছেন তো! রইল সেই লিস্ট।
১) বেরি জাতীয় ফল
দইয়ের সঙ্গে যে কোনও ধরনের বেরি মিশিয়ে খেতে পারেন। ব্লুবেরি, ব্ল্যাকবেরি, র্যপসবেরি বা স্ট্রবেরির মধ্যে থেকে আপনার পছন্দের ফল বেছে নিয়ে সেটাকে ছোট ছোট করে কেটে নিন। তারপর ভাল করে ফেটানো দই একটা ছোট পাত্রে নিয়ে উপর থেকে কেটে রাখা ফল, কিছু বাদাম, একটু মধু দিয়ে বানিয়ে খান বেরি ইয়োগার্ট বোল। এই গরমে শরীরও ঠাণ্ডা থাকবে আবার খেতেও ভীষণই ভাল।
২) পাকা আম
যদি আপনার পেটের সমস্যা থাকে তাহলে দইয়ের সঙ্গে পাকা আম মিশিয়ে না খাওয়াই ভাল। যাদের কোনও সমস্যা নেই তারা দইয়ের সঙ্গে আম মিশিয়ে খুব ভাল ব্রেকফাস্ট স্মুদি বানিয়ে খেতে পারেন। আবার অনেকে রুটি দই আম দিয়ে মেখে খেতেও ভালবাসেন, ইচ্ছে হলে সেটাও করতে পারেন।
৩) আনারস
অনেকেরই আনারস খুব পছন্দের ফল তবে দইয়ের সঙ্গে মিশিয়েও যে এই ফল খেতে খুব ভাল লাগে সেটা অনেকেরই অজানা। দইয়ের সঙ্গে বেশ কয়েকটা আনারসের টুকরো আর একটু মধু দিয়ে খুব সুন্দর ক্রিমি স্মুদি বানাতে পারেন। খেতেও দারুণ আবার গরমের জন্য একদম পারফেক্ট।
৪) কলা
বিকেলের দিকে একটু খিদে খিদে পেয়েছে কিন্তু ভারী কিছু খেতে ইচ্ছে করছে না। তাহলে বানিয়ে নিতে পারেন দই, কলা, এবং একটু লিক্যুইড চকোলেট( নাটেলা )দিয়ে হেলদি টেস্টি এক গ্লাস স্মুদি। অন্যদিকে এই দই কলা দিয়েই বানাতে পারেন ব্যানানা ইয়োগার্ট বোল। ভাল করে দই ফেটিয়ে একটা বাটিতে নিয়ে নিন, এরপর উপর দিয়ে কেটে রাখা কলার টুকরো, আপনার পছন্দের বাদাম, মধু, কিছু আপেলের টুকরো আর ভিজিয়ে রাখা ওটস দিয়ে মিশিয়ে নিলেই রেডি হেলদি ব্রেকফাস্ট।
৫) কিউই
এটা এমন একটা ফল যেটা আপনি এমনিও খেতে পারেন আবার দইয়ের সঙ্গে মিশিয়ে কিউই ইয়োগার্ট বোলও বানাতে পারেন। কিন্তু দই আর কিউই মিশিয়ে স্মুদি বানাতে যাবেন না। এটা খেতে তেমন ভাল লাগে না।