
শেষ আপডেট: 8 December 2023 14:28
দ্য ওয়াল ব্যুরো: গোঁড়ালি ফাটা, ঠোঁট ফাটা আর শুষ্ক ত্বক মানেই শীতকালের আগমন। এইসময় ড্রেসিং টেবিলে দেখা মিলবে নানা ধরনের কোল্ড ক্রিমের। কোনওটা মুখে মাখার তো কোনওটা গা-হাত-পায়ে মাখার। বাজারে অনেক ধরনের কোল্ড ক্রিমই পাওয়া যায় এই সময়ে। তবে একনাগাড়ে কিছু না জেনে বুঝে বাজার থেকে কিনে আনা কোল্ড ক্রিম মাখতে থাকলে মুখে একটা কালোভাব চলে আসতে দেখা যায়।
ত্বকের জেল্লা যাতে হারিয়ে না যায় তারজন্যে বাড়িতেই বানিয়ে নিতে পারেন কোল্ড ক্রিম। প্রাকৃতিক উপাদান দিয়েই তৈরি হয়ে যাবে এই কোল্ড ক্রিম যা ত্বকের জেল্লা ধরে রাখার পাশাপাশি আপনার ত্বককেও কোমল রাখবে।
দরকার ভিটামিন ই ক্যাপসুল, বাদাম তেল, নারকেল তেল এবং শিয়া বাটার। আরও একটু ইউনিক করে তুলতে আপনার পছন্দের এসেনশিয়াল অয়েলও ব্যবহার করতে পারেন। এবার বলি কীভাবে বানাবেন।
প্রথমেই একটা বড় পাত্রে জল গরম করতে বসান। জলটা গরম হয়ে হলে আঁচ কমিয়ে দিন। এবার সেই পাত্রের উপর একটা ছোট পাত্র বসান তাতে একে একে হাফ কাপ বাদাম তেল, ৪ চামচ নারকেল তেল আর ২ চামচ শিয়া বাটার দিয়ে দিন। এবার ওই গরম জলের ভাপে পুরো মিশ্রণটাকে ভালকরে গলিয়ে নিন। দেখবেন মিশ্রণটির মধ্যে যেন কোনও জল না পরে যায়।
একটা চামচ দিয়ে মিশ্রণটি নাড়াচাড়া করে মিশিয়ে নিন। এবার গ্যাস বন্ধ করে দিয়ে মিশ্রণটাতে ৩টে ভিটামিন ই ক্যাপসুল আর আপনার পছন্দের এসেনশিয়াল অয়েল ৩-৪ ফোঁটা মিশিয়ে দিন। পুরোপুরি ঠাণ্ডা হতে দেবেন না, মিশ্রণটি গরম থাকতে থাকতেই একটা কাঁচের পাত্রে ঢেলে রেখে দিন। কিছুক্ষনের মধ্যেই দেখবেন মিশ্রণটি জমে ক্রিম হয়ে গেছে।
এই ক্রিমে যেমন একটা সুন্দর গন্ধও থাকবে আবার আপনার ত্বককে পুষ্টিও জোগাবে। চার মাস অবদি রেখে ব্যবহার করতে পারবেন এই ক্রিম। গোটা শীতকালজুড়ে ব্যবহার করুন এই ঘরোয়া উপায়ে তৈরি কোল্ড ক্রিম আর ধরে রাখুন আপনার ত্বকের জেল্লা।