
দোল উৎসব ২০২৪
শেষ আপডেট: 26 March 2024 20:18
দ্য ওয়াল ব্যুরো: বাঙালির বারো মাসের তেরো পার্বনের অন্যতম পছন্দের দোল উৎসব। গতকাল ছিল সেইদিন। সারাদিন আবির, রং মাখার পর নিজেকে চেনা দায়। কষ্ট করে সেই রং শরীর থেকে তুলে ফেললেও দেখবেন আপনার ত্বক বা চুল যেন আগের থেকে অনেক বেশি রুক্ষ শুষ্ক হয়ে পরে। চিন্তা করবেন না। দোল খেলার পর কীভাবে নিজের ত্বকের নেবেন সেই উপায় বুঝিয়ে বললেন শ্যামবাজার 'সাজো' বিউটি ক্লিনিকের কর্ণধার, এস্থেটিশিয়ান ও মেকআপ আর্টিস্ট রুবি বিশ্বাস।
ত্বকের যত্ন
• রং খেলে আসার পর প্রথমেই শুকনো সুতির কাপড় দিয়ে পাউডার জাতীয় রং ঝেড়ে ফেলতে হবে।
• এবার সাধারণ জলে আগে মুখটা ভালকরে পরিষ্কার করে নিন।
• একটা হালকা ফোম ফ্রি ফেশওয়াশ বা ক্লিনজার দিয়ে মুখ পরিষ্কার করে নিন। দোল খেলে আসার পর মুখে একদমই রুক্ষ কোনও ফেশওয়াশ ব্যবহার করবেন না।
• এরপর একটা ভাল হাইড্রেটিং মাস্ক ব্যবহার করতে পারেন। বাজারে এখন অনেক ভাল ভাল হাইড্রেটিং মাস্ক পাওয়া যায়। নিজের ত্বক অনুযায়ী একটি মাস্ক কিনে নিন অথবা বানিয়ে নিতে পারেন বাড়িতেও।
• দুটো পাকা কলা, একটু টক দই, অ্যাপেল সাইডার ভিনিগার এক চামচ, এক চামচ মধু এবং একটু বেকিং পাউডার দিয়ে একটা মাস্ক বানিয়ে নিন। তারপর সেটা মুখে লাগিয়ে বেশ কিছুক্ষন রেখে দিন। মাস্কটা পুরোটা শুকিয়ে যাওয়ার আগে হালকা হাতে ঘষে ঈষদুষ্ণ জল দিয়ে মুখটা ধুয়ে ফেলতে হবে।
• এছাড়া একটু চালের গুঁড়ো বা আটার ভুসির সঙ্গে দই, মধু আর একটু অ্যালোভেরা জেল দিয়ে স্ক্রাবার বানিয়ে নিতে পারেন। এই সবকটি উপাদানই ত্বকের জন্য খুব ভাল এবং হাইড্রেটিং ফলে রং খেলার পর ত্বকে যে জ্বালাভাব সেই সমস্যা থেকেও মুক্তি পাবেন।
• এরপর সেরামাইড যুক্ত যেকোনও ময়েশ্চারাইজার ভাল করে মুখে লাগিয়ে শুয়ে পড়ুন।
• ত্বক ভাল রাখতে বেশি করে জল খান। নানারকম সিজনাল ফলের রস খান।
• শুধু বাইরে থেকে নয়,ভিতর থেকেও আপনার ত্বক হয়ে উঠবে সজীব ও প্রাণোচ্ছল।