
শেষ আপডেট: 20 October 2023 14:37
সেই কবে ব্রিটিশ সাহেবরা চা খেতে শিখিয়েছিল বাঙালি তথা এদেশের মানুষকে। স্বাধীনতা পরবর্তীতে ঔপনিবেশিকতার বহু ছাপই মুছে গেছে দীর্ঘদিন। কিন্তু চা-পানের অভ্যেস আজও রয়ে গেছে এদেশের মানুষের। দার্জিলিং চা হোক বা আসাম চা, কিংবা হালফিলের গ্রিন টি, চা ছাড়া আজও বাঙালির সকাল হয় না। তবে এসবের বাইরেও আজকাল বাজার কাঁপাচ্ছে হার্বাল টি অর্থাৎ ভেষজ চা। জবা থেকে অপরাজিতা, শিউলি থেকে সূর্যমুখী, চেনা পরিচিত এইসব ফুল দিয়েও যে চা বানানো যায়, তা জানতেন? স্বাদে গন্ধে দার্জিলিং চায়ের মতো না হলেও ভিন্নধারার পানীয় হিসাবে আজকের অনেকেই ফুলেল-চা বেশ পছন্দ করছেন। শরীর থেকে টক্সিন বের করে চনমনে ভাব আনতেও নাকি এসব চায়ের জুড়ি মেলা ভার।
চলুন জেনে নেওয়া যাক তেমনই কিছু ভেষজ চা বানানোর প্রণালী।
শিউলি ফুলের হার্বাল আইস টি:
ঈষদুষ্ণ জলে শিউলি ফুল আধ ঘন্টা ভিজিয়ে রাখুন। দেখবেন শিউলির বৃন্তের রং ও গন্ধ জলে মিশে যাবে। তারপর ফুল থেকে চা ছেঁকে নিয়ে পাত্রে ঢেলে মিশিয়ে দিন কয়েক টুকরো বরফ। পান করুন এই সুগন্ধি পানীয়। ইচ্ছে হলে দিতে পারেন এক চামচ স্টেভিয়া কিংবা মধু।
নয়নতারা চা:
বেশ কয়েকটা নয়নতারা ফুল সংগ্রহ করুন। খুব সহজেই এই ফুল পাওয়া যায়। বৃন্ত থেকে ফুলের পাপড়ি আলাদা করে নিন। ভালো করে ধুয়ে নিন। চায়ের জল গরম করে তাতে ফুলের পাপড়িগুলো দিয়ে দু-এক মিনিট ফোটান। দেখবেন একটা সুন্দর রং আসবে। ছেঁকে নিন। পান করুন।
সূর্যমুখী চা
সূর্যমুখী ফুল থেকে উজ্জ্বল হলুদ পাপড়ি আলাদা করে পরিষ্কার করে ধুয়ে নিন। পরিমাণ মতো গরম জলের মধ্যে ওই পাপড়ি দিন। ১৫-২০ মিনিট ঢেকে রেখে অপেক্ষা করুন। তারপর পান করুন এই চা।