
শেষ আপডেট: 20 November 2023 16:23
দ্য ওয়াল ব্যুরো: আইব্রাও শেপে নেই? আনওয়ান্টেড হেয়ারে মুখের দিকে তাকানো যাচ্ছে না? ঝটপট নিজেকে প্রেজেন্টেবল করে তোলার উপায় কী? টিপস দিলেন সেলিব্রিটি মেকআপ আর্টিস্ট স্টাইলিস্ট কৌশিক-রজত। লিখেছেন সোমা লাহিড়ী।
তির তির করে ডান চোখটা নেচে উঠল তিতিরের। লক্ষণ ভালো নয়। বুকটা দুরদুর করে উঠল। অশনি সংকেত? আর ঠিক সেই মুহূর্তেই বেজে উঠল মোবাইলটা। বসের নম্বর। ভাগ্যে কী আছে কে জানে?শোনো তিতির, ঠিক তিনটের সময় ভিডিও কনফারেন্সে ক্লায়েন্ট মিট আছে। প্রতিবারের মতো তোমাকেই সামলাতে হবে পুরোটা। যা প্রস্তুতি নেওয়ার নিয়ে নাও। ঠিক তিনটেয় দেখা হচ্ছে।
প্রস্তুতি? মাথায় হাত তিতিরের। বস বলেন, তার ভ্রূ-ভঙ্গিমায় নাকি কুপোকাত হন ক্লায়েন্টরা। কিন্তু আজ তো ভ্রূতে আগাছার জঙ্গল! এভাবে কি ভিডিও কনফারেন্স জয়েন করা যায়? আপার লিপ, চিনেও তো অনেক রোম গজিয়েছে। উপায়? এই মুহুর্তে পার্লার যাওয়ার প্রশ্নই নেই। মিটিংয়ের জন্য কাগজপত্র রেডি করতে হবে। তাহলে?
● বাজার চলতি আইব্রাও শেপার কতটা নিরাপদ?
তিতিরের মতো সমস্যায় আমাদেরও মাঝেমাঝেই পড়তে হয়। হয়তো আলস্য করে পার্লার যাওয়া হয়নি বা দুম করে একটা কোথাও যেতে হবে অথচ আইব্রাও শেপে নেই। তখন বাড়িতে হাতের কাছে কী কী থাকলে সমস্যা মিটতে পারে। বিউটি সাইটে এখন আইব্রাও শেপার, আনওয়ান্টেড হেয়ার ট্রিমার, হেয়ার রিমুভাল কিট পাওয়া যাচ্ছে। অর্ডার দিয়ে আনিয়ে নিলে বাড়িতেই সমস্যার সমাধান করা সম্ভব। কিন্তু কতটা সম্ভব? কতটা নিরাপদ এইসব একুইপমেন্টস? সেলিব্রিটি এস্থেটিশিয়ান মেকআপ আর্টিস্ট ও স্টাইলিস্ট কৌশিক-রজত বিষয়টিতে আলোকপাত করলেন।
● কোন ইকুইপমেন্টের কী সুবিধে ?
• বিউটি সাইট থেকে অনলাইনে আই ব্রাও ট্রিমার কিনে ভুরুর শেপ ঠিক রেখে এক্সট্রা হেয়ার রিমুভ করতে পারেন। তবে এটা নিজে নিজে করা খুব সহজ নয়। যে দিকের আই ব্রাও শেপ করবেন সেই দিকের চোখ বন্ধ করে এক চোখে দেখে করতে হবে। না হলে চোখের ক্ষতি হতে পারে।
• এক দিকের ভ্রূর শেপ ভালো করে দেখে নিয়ে অন্য ভ্রূতে হাত দেবেন। না হলে দুটো দুরকম হয়ে যাবে।
• দেখতে পেনের মতো হলেও এটা এক ধরনের রেজার। তাই খুব সাবধানে না করলে নরম ত্বক কেটে যাবে।
• যেহেতু রেজার, তাই এটা দিয়ে আই ব্রাও করলে খুব তাড়াতাড়ি রোমের গ্রোথ হয়। ফলে বার বার করতে হয়। রোমগুলোর টেক্সচারেও বদল হয়। মোটা হয়ে যায়।
• শেপ করার পর অবশ্যই বরফ দিয়ে কম্প্রেস করবেন। তারপর ক্যালামাইন লোশন লাগাবেন। ইনফেকশনের ভয় থাকবে না।
তাহলে ওয়াক্স স্ট্রিপ কি ভালো উপায়?
• মুখের অন্যান্য অংশে, যেমন গোঁফের লাইনে, গালে, থুতনির লাইনে, গলায় রোম হয়ে থাকলে ওয়াক্স স্ট্রিপ দিয়ে তোলা যেতে পারে।
• ভ্রূর শেপ ঠিক রেখে ওয়াক্স স্ট্রিপ দিয়ে বাড়তি রোম তোলা বেশ কঠিন কাজ। একবার লাগিয়ে টেনে তুলে ফেললে আর তো সংশোধন করার উপায় নেই।
● হেয়ার রিমুভাল ক্রিম দিয়ে করা যায়?
• ভ্রূর শেপ করা যায় না। চোখের চারপাশের নরম ত্বকে এই ধরনের কেমিক্যাল ব্যবহার করা উচিত নয়।
• মুখের অন্য জায়গার রোম তুলতে ব্যবহার করা যায়। তবে সেটাও রেগুলার করা ঠিক নয়। ত্বকের ক্ষতি হয়।
• এতেও রোমের টেক্সচার মোটা হয়ে যায়। খোঁচা খোঁচা হয়ে ওঠে, যেটা থ্রেডিং বা ওয়াক্স পদ্ধতিতে করলে হয় না।
● বাড়িতে তৈরি করুন ওয়াক্স
আপার লিপ, চিন, গাল, গলায় গজিয়ে ওঠা রোম তোলার জন্য খুব সহজে তৈরি করে ফেলা যায় ওয়াক্স। এক কাপ চিনি, এক কাপ জল, একটা পাতিলেবুর রস মিশিয়ে নিয়ে ফোটাতে থাকুন। কিছুক্ষণ পরে মিশ্রণটা জেলির মতো হয়ে যাবে। একটি পাত্রে ঠান্ডা জল নিয়ে তাতে জেলির একটা ফোঁটা ফেলে দেখুন। যদি পুঁতির মতো আকার হয় তাহলে বুঝবেন ওয়াক্স রেডি। একটু ঠান্ডা হলে চ্যাপ্টা চামচ দিয়ে যে জায়গায় রোম আছে সেখানে সমান ভাবে লাগান। তার ওপর মোটা কটন স্ট্রিপ করে কেটে আটকে দিন। কিছুক্ষণ রেখে কাপড়টা এক ঝটকায় টেনে তুলুন। দেখবেন রোম সব ভ্যানিশ। এটা করার পরও বরফ কম্প্রেস করবেন। ক্যালামাইন লোশন লাগাবেন।
এই উপায়ে রোম তুললে ত্বকের ক্ষতি হবে না। রোমের টেক্সচারও বদল হবে না। অনেকদিন পর রোম গজাবে। সাবধান! ভ্রূর রোম তুলতে এই পন্থা কখনও নেবেন না। চোখে গরম মিশ্রণ পড়লে বিপদ। আর চোখের পাতায় পড়লে পাতা ছিড়ে বেরিয়ে আসবে।
● টুইজার কি কিছুটা সেফ?
• একটু ধৈর্য ধরে করতে পারলে ভ্রূর শেপ ঠিক করা যায় টুইজার দিয়ে। যেহেতু এতে একটা একটা করে রোম তোলা হয় তাই শেপটা করা সহজ।
• ত্বকের ক্ষতি হয় না। তবে এক্ষেত্রেও করার পর বরফ কম্প্রেস মাস্ট। ক্যালামাইন ক্রিম দিয়ে মাসাজ করে নেবেন। ইনফেকশনের ভয় থাকবে না।
• বাড়িতে দুজন থাকলে একজন অন্যজনেরটা করলে ভালো হবে। মা মেয়েরটা করে দিলেন আর মেয়ে মায়েরটা।
● স্টাইলিংয়ে বাজিমাত
• আপনার কি চশমা আছে? ভ্রূ শেপে না থাকলে একটু মোটা ফ্রেমের চশমা পরুন। ভ্রূর অনেকটাই ঢাকা পড়ে যাবে।
• এখন গোগো গ্লাস ফ্যাশনে ইন। পাওয়ার না থাকলেও স্টাইল করে পরে নিন। ভ্রূর খুঁত ঢাকা পড়ে যাবে।
• কপালের দিকের চুল একটু কার্ল করে সামনে ফেলে রাখুন। আনওয়ানটেড হেয়ার নজরে পড়বে না।