ভূত চতুর্দশীর দিনে কিছু বিশেষ নিয়ম মানা খুবই জরুরি। এই দিন বাড়িঘর পরিষ্কার রাখা শুভ মনে করা হয়। তবে সূর্যাস্তের পরে ঝাড়ু দেওয়া একেবারেই অনুচিত। ধারণা করা হয়, এতে মা লক্ষ্মী অসন্তুষ্ট হন এবং ঘরে আর্থিক সমস্যা দেখা দিতে পারে।

ছবি- এআই নির্মিত
শেষ আপডেট: 19 October 2025 17:16
দ্য ওয়াল ব্যুরো: কালীপুজোর (Kali Puja 2025) ঠিক আগের দিন, অর্থাৎ চতুর্দশী তিথিতে পালিত হয় ভূত চতুর্দশী (Bhoot Chaturdashi)। এই দিনকে অনেকে দীপান্বিতা চতুর্দশী নামেও চেনেন। এ বছর ভূত চতুর্দশী ১৯ অক্টোবর, আর পরদিন ২০ অক্টোবর কালীপুজো। এই দিনটি নিয়ে বহু পুরনো বিশ্বাস ও আচার প্রচলিত আছে বাঙালি সমাজে।
হিন্দু ধর্মীয় মতে, এই দিনে পূর্বপুরুষেরা নেমে আসেন মর্ত্যে। তাই তাঁদের স্মরণ ও সন্তুষ্ট করার জন্য বাড়িতে প্রদীপ জ্বালানো হয় এবং বিশেষ কিছু শাক খাওয়ার প্রথা আজও পালন করা হয়। এই দিনে ১৪ শাক খাওয়া এবং ঘরের ১৪ কোণে ১৪টি প্রদীপ জ্বালানোর রীতি সেই প্রাচীন ঐতিহ্যেরই অংশ। বিশ্বাস করা হয়, এতে পরিবারের কল্যাণ ও অশুভ শক্তি থেকে রক্ষা পাওয়া যায়।
ভূত চতুর্দশীর দিনে কিছু বিশেষ নিয়ম মানা খুবই জরুরি। এই দিন বাড়িঘর পরিষ্কার রাখা শুভ মনে করা হয়। তবে সূর্যাস্তের পরে ঝাড়ু দেওয়া একেবারেই অনুচিত। ধারণা করা হয়, এতে মা লক্ষ্মী অসন্তুষ্ট হন এবং ঘরে আর্থিক সমস্যা দেখা দিতে পারে।
কী কী কাজ করবেন না-
এই দিনে শ্মশান বা কবরস্থানের কাছাকাছি যাবেন না। ধর্মীয় বিশ্বাস অনুযায়ী, ভূত চতুর্দশীর রাতে চারপাশে নেগেটিভ শক্তির প্রভাব বেড়ে যায়। তাই এই সময় এমন স্থানে যাওয়া বিপজ্জনক বলে মনে করা হয়।
মহিলাদের ক্ষেত্রেও বিশেষ একটি নিয়ম প্রচলিত- এই রাতে খোলা চুলে ঘুমোলে মা লক্ষ্মী রুষ্ট হন। তাই ঘুমোবার আগে চুল বেঁধে নেওয়া শুভ বলে ধরা হয়।
খেয়াল রাখতে হবে, বাড়ির কোনও কল বা পাইপ থেকে যেন জল ফোঁটা ফোঁটা করে না পড়ে। এমন হলে তা অশুভ শক্তি আকর্ষণ করে বলে বিশ্বাস।
বাড়ি যেন একেবারেই অন্ধকার না থাকে, সেটিও গুরুত্বপূর্ণ। বলা হয়, প্রদীপের আলোয় অশুভ শক্তি প্রবেশ করতে পারে না। তাই সন্ধ্যা নামার আগেই বাড়ির প্রতিটি ঘরে প্রদীপ বা আলো জ্বালানো শুভ।
আলোয় ভরে উঠুক ঘর, অন্ধকার দূর হোক মন থেকে- এই ভাবনাই ভূত চতুর্দশীর আসল অর্থ। শুভ শক্তির আরাধনা, পূর্বপুরুষের প্রতি শ্রদ্ধা ও জীবনের ইতিবাচকতার বার্তাই এই দিনের মূল শিক্ষা।
'দ্য ওয়াল' এই বিষয়বস্তুর প্রচারক নয়; এটি কেবল তথ্যভিত্তিক প্রতিবেদন প্রকাশ করছে।