ইউজারদের ধরে রাখতে ও হারানো জায়গা ফিরে পেতে নতুন ফিচারের উপরই ভরসা রাখছে হোয়াটসঅ্যাপ। এখন দেখার বিষয়, এই নতুন স্টোরেজ ম্যানেজমেন্ট ফিচার কতটা জনপ্রিয় হয় এবং ইউজারদের অভিজ্ঞতা কতটা উন্নত করতে পারে।

ফাইল ছবি
শেষ আপডেট: 25 October 2025 18:34
দ্য ওয়াল ব্যুরো: দিনভর কথাবার্তা, অফিসের মিটিং, বন্ধুবান্ধবদের সঙ্গে চ্যাট- সব কিছুতেই এখন হোয়াটসঅ্যাপ আমাদের জীবনের অঙ্গ। আর তাই ইউজারদের আরও ভালো অভিজ্ঞতা দিতে প্রায়ই নতুন ফিচার নিয়ে হাজির হয় সংস্থাটি। এবার মেটার মালিকানাধীন এই জনপ্রিয় অ্যাপ নিয়ে এল এমন এক নতুন ফিচার (WhatsApp new feature), যা অনেকেরই উপকারে আসবে। হোয়াটসঅ্যাপে ব্যবহারকারীরা চ্যাটের পাশাপাশি ফোনের স্টোরেজও (WhatsApp storage) সহজে ম্যানেজ করতে পারবেন।
এই নতুন ফিচারটি প্রথমে অ্যান্ড্রয়েডের 2.25.31.13 ভার্সনে চালু হয়, পরে iOS ইউজারদের জন্যও রোল আউট করা হয়েছে। হোয়াটসঅ্যাপের সেটিংসে এখন একটি নতুন অপশন দেখা যাচ্ছে, যার মাধ্যমে ইউজাররা ফোনে কতটা জায়গা চ্যাট ও মিডিয়ায় খরচ হচ্ছে তা এক নজরে দেখতে পাবেন। শুধু দেখা নয়, এই ফিচারের মাধ্যমে সরাসরি বড় ফাইল, ছবি বা ভিডিও বেছে নিয়ে মুছেও ফেলা যাবে। ফলে ফোনের স্টোরেজ খালি রাখতেও সুবিধা হবে।
অ্যাপটি এখন ইউজারদের জন্য আরও বিস্তারিতভাবে ডেটা বাছাইয়ের সুযোগ দিচ্ছে। যেমন, সবচেয়ে পুরনো, সবচেয়ে বড় বা সবচেয়ে নতুন ফাইল আলাদা করে দেখা যাবে। এর ফলে কোন ফাইল সবচেয়ে বেশি জায়গা দখল করছে, তা বোঝা যাবে সহজেই। এই নতুন ফিচারটি আপাতত বেটা ইউজারদের (WhatsApp chat manager) জন্য চালু হলেও, খুব শীঘ্রই তা সবার জন্য উন্মুক্ত করা হবে বলে জানিয়েছে সংস্থা।
তবে হোয়াটসঅ্যাপের (WhatsApp) সামনে এখন নতুন চ্যালেঞ্জও দেখা দিয়েছে। দেশে দ্রুত জনপ্রিয় হচ্ছে দেশীয় মেসেজিং অ্যাপ ‘আরাত্তাই’। ২০২১ সালে চালু হওয়া এই অ্যাপের নামটি তামিল শব্দ, যার অর্থই ‘চ্যাট’। হোয়াটসঅ্যাপের মতোই এখানে রয়েছে মেসেজিং, ছবি, ভিডিও পাঠানো ও ভয়েস কলের সুযোগ। একসময় একটু ধীরে শুরু হলেও এখন আরাত্তাইয়ের ইউজার সংখ্যা দ্রুত বাড়ছে। ফলে অ্যাপ স্টোরে হোয়াটসঅ্যাপকে পেছনে ফেলে দেশের শীর্ষে উঠেছে এই দেশীয় অ্যাপটি।
এই পরিস্থিতিতে ইউজারদের ধরে রাখতে ও হারানো জায়গা ফিরে পেতে নতুন ফিচারের উপরই ভরসা রাখছে হোয়াটসঅ্যাপ। এখন দেখার বিষয়, এই নতুন স্টোরেজ ম্যানেজমেন্ট ফিচার কতটা জনপ্রিয় হয় এবং ইউজারদের অভিজ্ঞতা কতটা উন্নত করতে পারে।