
শেষ আপডেট: 14 November 2023 20:04
দ্য ওয়াল ব্যুরো: হোয়াটসঅ্যাপ এখন আমাদের দৈনন্দিন জীবনে অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় হয়ে উঠেছে। কাজের ক্ষেত্র তো বটেই ব্যক্তিগত জীবনেও এই মেসেজিং অ্যাপের গুরুত্ব সব অ্যাপকে ছাপিয়ে গেছে। তাই হোয়াটসঅ্যাপ প্রায়ই তার ব্যবহারকারীদের জন্য নতুন নতুন আপডেট আনছে। কখনও সুরক্ষা খাতে, কখনও আবার আপনার মেসেজ করার অভিজ্ঞতাকে আকর্ষণীয় করে তুলতে। সংবাদমাধ্যম সূত্রের খবর, মেটা হোয়াটসঅ্যাপের জন্য নতুন একটা ফিচার্স আনতে চলেছে। ভয়েস চ্যাট নামে, এই ফিচার্স বর্তমানে গ্রুপ কল ফেসিলিটিকে আরও উন্নত করবে।
কীভাবে এই ফিচার্স থেকে সুবিধা পাবেন ব্যবহারকারীরা?
সংবাদমাধ্যাম সূত্রের খবর, ভয়েস চ্যাট ফিচার্সটি এখন পরীক্ষামূলক পর্যায়ে আছে। নতুন ফিচার্স চালু হলে গ্রুপ কলের ক্ষেত্রে ব্যবহারকারীরা একটি নোটিফিকেশন পাবেন। সেই নোটিফিকেশনের সঙ্গে একটি ইন-চ্যাট বাবল দেখতে পাবেন ব্যবহারকারীরা। সেখানে ক্লিক করলেই ঢুকে পড়া যাবে গ্রুপ কলের মধ্যে।
ধরুন আপনি অন্য কোনও চ্যাটে ব্যস্ত। সেই সময় কোনও গ্রুপ কল এল। সাধারণত এখন যা হয়, তা হল আপনাকে সেই চ্যাট থেকে বেরিয়ে গিয়ে গ্রুপ কলে ঢুকতে হয়। কিন্তু নতুন ফিচার্স চালু হলে সেই ঝক্কি আর পোহাতে হবে না। যেকোনও সময় গ্রুপ কলে আপনি যোগ দিতে পারবেন। হোয়াটসঅ্যাপের ব্যক্তিগত মেসেজের মতো এই ভয়েস চ্যাট ফিচারও এন্ড-টু-এন্ড এনক্রিপশন থাকবে। হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষের দাবি, তারা সর্বদাই ব্যবহারকারীর সুরক্ষার বিষয়টা নজরে রাখে।
আগামী কয়েক সপ্তাহের মধ্যে হোয়াটসঅ্যাপের গ্রুপ কলের জন্য এই ভয়েস চ্যাট ফিচার অ্যান্ড্রয়েড এবং আইওএস ভার্সানে চালু হবে বলেই সংবাদমাধ্যম সূত্রে খবর। তবে এই ফিচার্স পেতে হলে আপনাকে অবশ্যই এমন গ্রুপের সদস্য হতে হবে যেখানে কমপক্ষে ৩৩ জন রয়েছে। তার থেকে কম সদস্যের গ্রুপের ক্ষেত্রে এই ফিচার্স উপলব্ধ হবে না।
আরও একটি বিষয় নিয়েও কাজ শুরু করেছে হোয়াটসঅ্যাপ। এবার থেকে বিজ্ঞাপন আসতে চলেছে হোয়াটসঅ্যাপেও। আপনার ব্যক্তিগত চ্যাটে বিজ্ঞাপন দেখা যাবে না। সংবাদমাধ্যমের বিভিন্ন প্রতিবেদনে দাবি করা হয়েছে, হোয়াটসঅ্যাপ চালু করলে প্রথমে আপনি বিজ্ঞাপন দেখতে পাবেন। তবে কোনও চ্যাটে ঢুকে পড়লে আর তা দেখা যাবে না। আবার কোথাও কোথাও এও দাবি করা হচ্ছে, হোয়াটসঅ্যাপের নতুন ফিচার্স, হোয়াটসঅ্যাপ চ্যানেলের ক্ষেত্রেই এই বিজ্ঞাপন প্রযোজ্য হবে। যদিও এ ব্যাপারে হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ কোনও কিছু অফিসিয়ালি জানায়নি।