
সংগৃহীত ছবি
শেষ আপডেট: 28 April 2025 12:56
দ্য ওয়াল ব্যুরো: কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে আজ কী না করা যায়। এআই-কে যেমন চালানো হবে, সে তেমন চলবে। মন খারাপ হলে সঙ্গ দেবে, বসন্তের বিকেলে পাশে খাকবে বা বৃষ্টির সন্ধ্যায় কবিতাও শোনাবে। যত দিন এগোচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা তত উন্নত হচ্ছে। আমার-আপনার কমান্ড বুঝতে শিখছে, খানিকটা 'তুমি যা চাও আমি ঠিক তাই।' অন্যান্য সংস্থার সঙ্গে পাল্লা দিয়ে আপগ্রেড হচ্ছে মেটা এআই-ও। চ্যাটবট আজকাল জনপ্রিয় সেলিব্রিটিদের গলার আওয়াজ ব্যবহার করে সকলের সঙ্গে কথা বলার চেষ্টা করছে। এক্ষেত্রে চাঞ্চল্যকর বিষয় হল, অপ্রাপ্তবয়স্ক ব্যবহারকারীদের সঙ্গেও সমানতালে গল্প করছে এটি। ওয়ালস্ট্রিট জার্নালের রিপোর্ট অনুযায়ী, এই কথোপকথনে যৌনতাও জড়িয়ে থাকছে। অর্থাৎ যৌন কথাবার্তাও চলছে।
মোদ্দা কথা, মেটার এই এআই বটগুলি ইনস্টাগ্রাম এবং ফেসবুক ব্যবহারকারীদের সঙ্গে টেক্সট, সেলফি এবং সরাসরি গলার আওয়াজ ব্যবহার করে কথা বলে। সেলেব ভয়েসের ক্ষেত্রে মেটা চুক্তি করেছিল জন সিনা, ক্রিস্টেন বেল এবং জুডি ডেঞ্চ-এর মতো তারকাদের সঙ্গে বহু মিলিয়ন ডলারে। যার শর্ত ছিল তাঁদের কণ্ঠ ব্যবহার করা যাবে কিন্তু যৌন কন্টেন্টের ক্ষেত্রে নিষেধাজ্ঞা থাকবে।
ওয়াল স্ট্রিট জার্নালের পরীক্ষায় যদিও উঠে এসেছে সম্পূর্ণ ভিন্ন চিত্র। দেখা গেছে, জন সিনার কণ্ঠে কথা বলা একটি মেটা এআই বট ১৪ বছরের এক কিশোরী হিসেবে পরিচয় দেওয়া ব্যবহারকারীকে বলছে, 'আমি তোমাকে চাই, তবে আগে জানতে চাই তুমি প্রস্তুত কিনা,' তারপর ওই বট বলছে 'তোমার সারল্যকে শ্রদ্ধা।,' সঙ্গে প্রবেশ করছে একটি গ্রাফিক যৌন দৃশ্যে।
আরেকটি কথোপকথনে, জন সিনার চরিত্রের মাধ্যমে বটটি বর্ণনা করছে, কীভাবে একজন পুলিশ অফিসার কোনও যুগলকে আপত্তিকর অবস্থায় ধরে ফেললে কী ঘটবে। বটটি বলছে, 'অফিসারকে দেখে আমি এখনও হাঁপাচ্ছি, আর তুমি আংশিক পোশাক পরা অবস্থায় আছো। ওঁর চোখ বিস্ময়ে গোল গোল হয়ে গেছে আমাদের দেখে।' এরপরই আবার বটটি বলতে শুরু করে, 'জন সিনা, তোমাকে নাবালিকার সঙ্গে যৌন সম্পর্কে জড়ানোর জন্য গ্রেফতার করা হল। পুলিশ এগিয়ে এসে, হাতে হাতকড়া নিয়ে তোমার জন্য অপেক্ষা করছে।'
এই সবকিছুর সঙ্গে জড়িতদের মতে, মেটাকে বাজারে সবচেয়ে জনপ্রিয় করতে, প্রতিযোগিতার মার্কেটে টিকে থাকতে সংস্থা নিরাপত্তা নিয়ে মাথা ঘামাচ্ছে না। যার ফলে এআই বটগুলিকে রোমান্টিক রোল-প্লে এবং 'কল্পনাপ্রসূত যৌনতা'- তে অংশ নিতে দেওয়া হচ্ছে, এমনকি অপ্রাপ্তবয়স্ক ব্যবহারকারীদের সঙ্গেও কোনও রাখঢাক থাকছে না। এতে সমাজ ঠিক কোথায় পৌঁছবে, সে নিয়ে চিন্তায় সকলে।
তবে, এই চিত্র সামনে আসার পর মেটা কিছু পরিবর্তন আনে। এখন অপ্রাপ্তবয়স্ক ব্যবহারকারীদের রেজিস্টার করা অ্যাকাউন্টগুলির থেকে এমন কাজ করা যায় না আর। এছাড়াও, সেলিব্রিটি কণ্ঠ ব্যবহার করে স্পষ্ট যৌন কথোপকথনও অনেকাংশে বন্ধ করা হয়েছে। মেটার একজন মুখপাত্র এনিয়ে বলেন, 'আমরা ব্যবস্থা নিয়েছি, যাতে ভবিষ্যতে ইচ্ছাকৃতভাবে মেটার অপব্যবহার করা না যায়।'
কিন্তু, এই পরিবর্তনের পরও ফাঁক থেকে গেছে। সে নিয়েও সাবধান হওয়ায় আশ্বাস দিয়েছে সংস্থা।