অ্যাপলের নতুন স্মার্টফোন iPhone 17 Air-এ রয়েছে A19 Pro চিপ এবং উন্নত ক্যামেরা।

আইফোন 17 এয়ার
শেষ আপডেট: 9 September 2025 23:52
দ্য ওয়াল ব্যুরো: অনুপ জলোটার একটা ভজনের কথা ছিল— ‘জল সে পাতলা কৌন হ্যায়.. কৌম ভূমি সে ভারি’। মঙ্গলবার রাতে নতুন আইফোন বাজারে এনে অ্যাপল বলল, এর চেয়ে পাতলা আর স্মার্টফোন নেই। এ হল আই সতেরো এয়ার। অর্থাৎ বাতাসের মতই হাল্কা ও পাতলা iPhone 17 Air।
অ্যাপল এদিন তাদের ইভেন্টে এবার প্রকাশ করেছে নতুন এই ফোন। যা এখন পর্যন্ত তৈরি হওয়া সবচেয়ে পাতলা আইফোন। মাত্র ৫.৬ মিমি পুরুত্বের এই মডেলটি তৈরি হয়েছে টাইটানিয়াম দিয়ে এবং এতে রয়েছে দুই পাশে সেরামিক শিল্ড, যা ফোনটিকে চার গুণ বেশি ক্র্যাক-প্রতিরোধী করেছে।
নকশা ও ডিসপ্লে
iPhone 17 Air এসেছে ৬.৫ ইঞ্চির ProMotion ডিসপ্লে নিয়ে, যা সাপোর্ট করছে সর্বোচ্চ ১২০Hz রিফ্রেশ রেট এবং ৩,০০০ নিটস উজ্জ্বলতা। পাতলা নকশার সঙ্গেই ফোনটিকে অ্যাপল তাদের সবচেয়ে টেকসই ডিজাইন হিসেবে দাবি করছে। বাজারে আসবে চারটি রঙে।
প্রসেসর ও কর্মক্ষমতা
ফোনটিতে রয়েছে অ্যাপলের সবচেয়ে শক্তিশালী চিপ A19 Pro, যার মধ্যে আছে ৬-কোর CPU, ৫-কোর GPU এবং নতুন এআই ইঞ্জিন। কোম্পানির দাবি, এটি ম্যাকবুক প্রো-স্তরের পারফরম্যান্স দিতে সক্ষম। নতুন N1 ওয়্যারলেস চিপ ও C1X মডেম ৩০% কম শক্তি ব্যবহার করলেও আগের তুলনায় দ্রুততর কানেক্টিভিটি দেবে।

পাতলা, শক্তিশালী, স্মার্ট—iPhone 17 Air এখন বাজারে
ক্যামেরা আপগ্রেড
iPhone 17 Air-এ রয়েছে ৪৮ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা সিস্টেম, যা এআই ব্যবহার করে ২X অপটিক্যাল কোয়ালিটি জুম করতে পারে। টেলিফটো শটে পাওয়া যাবে ১২ মেগাপিক্সেল রেজোলিউশন।
সামনের দিকের ১৮ মেগাপিক্সেল সেন্টার-স্টেজ ক্যামেরা আগের তুলনায় অনেক বড় সেন্সর ব্যবহার করছে, ফলে ভিডিও কল ও সেলফির অভিজ্ঞতা হবে উন্নত।
ব্যাটারি ও সফটওয়্যার
পাতলা ডিজাইনের কারণে ব্যাটারি ছোট হলেও, নতুন iOS 26 Adaptive Power ফিচার ফোনটিকে করেছে আরও কার্যকর। অ্যাপলের দাবি, iPhone 17 Air দেবে সারাদিন ব্যাটারি ব্যাকআপ। এর সঙ্গে থাকছে নতুন ওয়্যারলেস ব্যাটারি প্যাক এবং একগুচ্ছ আনুষঙ্গিক অ্যাকসেসরি।
বিশেষ বৈশিষ্ট্য
৫.৬ মিমি পাতলা বডি
টাইটানিয়াম ও সেরামিক শিল্ড নির্মাণ
eSIM-only (ভারতেও একই নিয়ম)
১০০% রিসাইকেলড টাইটানিয়াম ব্যবহার
Liquid Glass ডিজাইন ল্যাঙ্গুয়েজ সহ iOS 26