নতুন বিপ্লব বাজারে! অ্যাপল আনল Watch Series 11— ঘুম মাপবে, রক্তচাপ ট্র্যাক করবে, সঙ্গে মিলবে 5G কানেক্টিভিটি আর ২৪ ঘণ্টার ব্যাটারি লাইফ।

অ্যাপল ওয়াচ সিরিজ ১১
শেষ আপডেট: 9 September 2025 23:15
দ্য ওয়াল ব্যুরো: অ্যাপল আনল নতুন ওয়াচ সিরিজ ১১ (Apple Watch Series 11)। মঙ্গলবার রাতের অনুষ্ঠানে সংস্থার তরফে জানানো হয়েছে, নতুন প্রজন্মের এই স্মার্ট ওয়াচ আসছে একাধিক আধুনিক ফিচার নিয়ে।
স্বাস্থ্য নজরদারিতে বড় পদক্ষেপ
সিরিজ ১১-র সবচেয়ে বড় আকর্ষণ হল হাইপারটেনশন ট্র্যাকিং ফিচার। এবার থেকে ঘড়ি নিজেই ব্যবহারকারীদের রক্তচাপ মাপতে পারবে এবং উচ্চ রক্তচাপের ঝুঁকি থাকলে সতর্কবার্তা পাঠাবে। একই সঙ্গে আরও উন্নত হয়েছে হার্ট রেট মনিটরিং ব্যবস্থা।
নকশা ও প্রযুক্তি
Apple Watch Series 11 এসেছে Watch OS 26 সহ, যেখানে রয়েছে নতুন লিকুইড গ্লাস ইউজার ইন্টারফেস। পাশাপাশি যুক্ত হয়েছে 5G কানেক্টিভিটি, ফলে নেটওয়ার্ক ব্যবহারে গতি ও স্থিতিশীলতা দুটোই বাড়বে।
ব্যাটারিও আরও উন্নত হয়েছে। কোম্পানির দাবি, এবার ঘড়ি একটানা ২৪ ঘণ্টা পর্যন্ত চার্জ ছাড়াই চলবে। বাজারে আসছে একাধিক নতুন রঙের ভ্যারিয়েন্ট।
জীবন বাঁচানোতে ‘Apple Watch’
উন্মোচন অনুষ্ঠানের শুরুতেই একটি ভিডিও দেখানো হয়, যেখানে তুলে ধরা হয় কীভাবে অ্যাপল ওয়াচ ইতিমধ্যেই অসংখ্য মানুষের জীবন রক্ষা করেছে— কারও স্ট্রোক শনাক্ত করেছে, কারও ফিটনেস জার্নির প্রেরণা হয়ে উঠেছে, আবার কারও বুনো প্রান্তরে আটকে পড়লে বিপদ থেকে উদ্ধারেও সাহায্য করেছে।
আসছে নতুন আইফোনও
একই ইভেন্টে এদিন নজর রয়েছে iPhone 17 সিরিজের উপরও। এ বছর আসছে চারটি মডেল— স্ট্যান্ডার্ড iPhone 17, পাতলা iPhone 17 Air (মাত্র ৫.৫ মিমি পুরু), এবং দুটি প্রো ভ্যারিয়েন্ট iPhone 17 Pro ও Pro Max।
সব মডেলেই থাকছে নতুন A19 চিপসেট, আর প্রো মডেলগুলিতে থাকছে A19 Pro, যা তৈরি হয়েছে TSMC-এর ৩ ন্যানোমিটার প্রক্রিয়ায়। এর ফলে পারফরম্যান্স ও এনার্জি এফিসিয়েন্সি আরও বাড়বে।
অ্যাপল তাদের নতুন Watch Series 11 বাজারে আনছে আরও একগুচ্ছ গুরুত্বপূর্ণ আপগ্রেড নিয়ে। এবার ঘড়িতে যুক্ত হয়েছে 5G সাপোর্ট, যা 4G LTE থেকে বড়সড় অগ্রগতি। ফলে কানেক্টিভিটি ও স্পিড দুই দিকেই উন্নতি ঘটেছে।
এই সিরিজে ব্যবহার করা হয়েছে সেরামিক কোটিং এবং Ion-X গ্লাস, যা ঘড়িটিকে আগের তুলনায় আরও বেশি টেকসই করেছে। দৈনন্দিন ব্যবহারে স্ক্র্যাচ বা ক্ষতির আশঙ্কা অনেকটাই কমবে বলে দাবি কোম্পানির।
অ্যাপল জানিয়েছে, নতুন ওয়াচে পাওয়ার এফিসিয়েন্সি অনেক উন্নত করা হয়েছে। একবার চার্জে এটি টানা ২৪ ঘণ্টা পর্যন্ত ব্যবহার করা যাবে। যদিও বাস্তব ব্যবহারেই বোঝা যাবে এর কার্যকারিতা।
Watch Series 11 এসেছে একাধিক ফিনিশে— জেট ব্ল্যাক, সিলভার, রোজ গোল্ড এবং নতুন স্পেস গ্রে। এছাড়াও টেকসই ভবিষ্যতের কথা মাথায় রেখে অ্যাপল জানিয়েছে, ন্যাচারাল গোল্ড ও স্লেট ভ্যারিয়েন্টে ব্যবহৃত হয়েছে ১০০% রিসাইকেল করা টাইটানিয়াম।