২৭-এ পা দিল গুগল। জন্মদিনে ব্যবহারকারীদের জন্য বিশেষ ডুডল নিয়ে এল সংস্থা, যেখানে দেখা গেল ১৯৯৮ সালের প্রথম লোগো। গ্যারাজ থেকে শুরু করে আজ বিশ্বের সবচেয়ে বড় সার্চ ইঞ্জিনের যাত্রা উদযাপনে মাতল সংস্থা।

গুগলের ডুডল
শেষ আপডেট: 27 September 2025 12:46
দ্য ওয়াল ব্যুরো: বিশ্বের সবচেয়ে বড় সার্চ ইঞ্জিন গুগল আজ শনিবার (২৭ সেপ্টেম্বর, ২০২৫) পা দিল ২৭ বছরে। জন্মদিন উপলক্ষে ব্যবহারকারীদের জন্য আনা হয়েছে বিশেষ ডুডল। যেটি ১৯৯৮ সালে তৈরি গুগলের প্রথম লোগো, দেখে অনেকেরই নস্ট্যালজিক লাগতে পারে।
১৯৯৭ সালের ১৫ সেপ্টেম্বর চালু হলেও গুগলকে আনুষ্ঠানিকভাবে কোম্পানি হিসেবে নিবন্ধিত করা হয় ১৯৯৮ সালের ৪ সেপ্টেম্বর, প্রতিষ্ঠাতা ল্যারি পেজ ও সের্গেই ব্রিনের হাত ধরে। প্রথম দিকে জন্মদিন পালন হতো ৪ সেপ্টেম্বর, তবে পরে সেটি সরিয়ে ২৭ সেপ্টেম্বর নির্ধারণ করা হয়। কারণ, ওই দিনেই গুগল রেকর্ড সংখ্যক ওয়েবপেজ ইনডেক্স করেছিল।
স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের গবেষণা প্রকল্প থেকে শুরু হওয়া গুগলের যাত্রা শুরু হয় ক্যালিফোর্নিয়ার একটি সাধারণ গ্যারেজ থেকে। আজ সেটাই হয়ে উঠেছে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় সার্চ ইঞ্জিন। এখন 'গুগল করা' নিজেই একটি ক্রিয়াপদ, যা তথ্য কোনও কিছু 'খোঁজার' প্রতিশব্দে পরিণত হয়েছে।
এদিন গুগলের ব্লগ পোস্টে বলা হয়েছে, 'আজ আমরা জন্মদিন পালন করছি, সেই সঙ্গে স্মরণ করছি আমাদের সাধারণ সূচনার কথা, একটি গ্যারাজের ভেতর গবেষণা প্রকল্প হিসেবে। প্রমাণ যে, বড় বড় পরিবর্তন অনেক সময় ছোট জায়গা থেকেই শুরু হয়।'
সার্চ ইঞ্জিন হওয়ার গণ্ডি পেরিয়ে আজ গুগল প্রায় প্রতিটি ডিজিটাল ক্ষেত্রে পা রেখেছে। অ্যান্ড্রয়েড স্মার্টফোন, ইউটিউব, জিমেল, ম্যাপস, কৃত্রিম বুদ্ধিমত্তা থেকে শুরু করে ক্লাউড সার্ভিস, সব ক্ষেত্রেই দাপট তার। বিশ্বের কোটি কোটি মানুষ আজ তথ্য খোঁজা থেকে শুরু করে প্রতিদিনের কাজের জন্য গুগলের উপর নির্ভরশীল।
গুগলের ২৭তম জন্মদিন উপলক্ষে পিক্সেল স্মার্টফোন, স্মার্টওয়াচ, ইয়ারবাডস এবং অন্যান্য আনুষঙ্গিক পণ্যের উপর বিশেষ ছাড় ঘোষণা করেছে সংস্থা। সীমিত সময়ের জন্য থাকছে ডিসকাউন্ট, ক্যাশব্যাক ও বান্ডল অফার।
তথ্যপ্রযুক্তির দুনিয়ায় গুগলের এই ২৭ বছরের পথচলা যেন আরও একবার মনে করিয়ে দিল, কী ভাবে এক গ্যারাজ থেকে শুরু হওয়া উদ্যোগ বদলে দিল সারা বিশ্বের তথ্য অনুসন্ধানের অভ্যাস।