সংস্থার তরফে জানানো হয়েছে, এই অত্যাধুনিক প্রতারণা সনাক্তকরণ প্রযুক্তি (Fraud Detection Solution) শুধুমাত্র ওটিটি অ্যাপ্লিকেশন নয়, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম, ফেসবুকের মতো নানা যোগাযোগ মাধ্যমেও কার্যকর হবে।

ছবিটি প্রতীকী
শেষ আপডেট: 16 May 2025 19:24
দ্য ওয়াল ব্যুরো: অনলাইন প্রতারণা বর্তমানে যে হারে বেড়েছে, তাতে কার্যত নাজেহাল প্রশাসন। এই পরিস্থিতিতে বিভিন্ন রকমভাবে মানুষকে সচেতন করার চেষ্টা চলছে। এই অভিযানে সামিল হয়েছে দেশের অন্যতম প্রধান টেলিকম সংস্থা ভারতী এয়ারটেল। কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে এই সংস্থা এমন একটি ফিল্টারিং প্রক্রিয়া তৈরি করেছে, যার মাধ্যমে যেকোনও সম্ভাব্য সন্দেহজনক লিঙ্ক চিহ্নিত করা সম্ভব হবে।
সংস্থার তরফে জানানো হয়েছে, এই অত্যাধুনিক প্রতারণা সনাক্তকরণ প্রযুক্তি (Fraud Detection Solution) শুধুমাত্র ওটিটি অ্যাপ্লিকেশন নয়, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম, ফেসবুকের মতো নানা যোগাযোগ মাধ্যমেও কার্যকর হবে।
প্রেস বিজ্ঞপ্তিতে এয়ারটেল জানিয়েছে, একাধিক স্তরের বুদ্ধিমত্তা-ভিত্তিক প্ল্যাটফর্মের সাহায্যে কাজ করবে এই প্রযুক্তি। যখন কোনও গ্রাহক একটি ম্যালিশাস বা ক্ষতিকারক ওয়েবসাইটে প্রবেশ করতে যাবেন, তখন এয়ারটেলের নিরাপত্তা ব্যবস্থা সেই লিঙ্কটি ব্লক করে দেবে এবং একটি সতর্কতামূলক পেজে রিডাইরেক্ট করবে। যেখানে সম্ভাব্য হুমকির বিস্তারিত বিবরণ দেওয়া থাকবে।
নিরাপদ ওয়েবসাইটগুলিকে স্বাভাবিকভাবেই খুলতে দেওয়া হয়, কিন্তু সন্দেহজনক বা বিপজ্জনক লিঙ্কগুলিকে সব ডিভাইসে ব্লক করে দেওয়া হয়। তবুও নানা কায়দায় জালিয়াতি চলে। এই জালিয়াতিটুকুও যাতে না হয়, সে চেষ্টাই করা হচ্ছে।
বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মের ব্যবহার অভূতপূর্ব হারে বেড়েছে। এর সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে অনলাইন জালিয়াতির সংখ্যাও। এক সময় শুধুমাত্র ওটিপির মাধ্যমে প্রতারণা বা ফোন কল-ভিত্তিক জালিয়াতির রমরমা থাকলেও এখন তা অনেকটা জটিল হয়েছে। বিশ্বজুড়ে লক্ষ লক্ষ মানুষ ফাঁদে পড়ছে। এই ক্রমবর্ধমান হুমকির প্রেক্ষিতেই এয়ারটেল এই নতুন প্রযুক্তি চালু করল।
বর্তমানে এটি হরিয়ানা সার্কেলে চালু হয়েছে এবং সংস্থার দাবি, খুব শীঘ্রই সারা দেশের গ্রাহকরাই এই সুবিধা পাবেন। পরিষেবাটি এয়ারটেলের সমস্ত মোবাইল ও ব্রডব্যান্ড গ্রাহকদের জন্য উপলব্ধ থাকবে। কোনও অতিরিক্ত টাকা এতে লাগবে না।
এই পরিষেবা রিয়েল টাইমে কাজ করছে সমস্ত প্ল্যাটফর্মে— যেমন ইমেল, ব্রাউজার, এসএমএস, হোয়াটসঅ্যাপ, টেলিগ্রাম, ফেসবুক ও ইনস্টাগ্রামে। ফলে গ্রাহক যেখানেই থাকুন না কেন, প্রতারণার হাত থেকে সুরক্ষিত থাকতে পারবেন।
এসব ছাড়াও এই প্রযুক্তির মাধ্যমে স্প্যাম কল ও এসএমএস সনাক্তকরণেও নজর দিয়েছে এয়ারটেল। সম্প্রতি এই সংস্থা একটি নতুন এআই-চালিত ফিচার চালু করেছে, যা ইংরেজির পাশাপাশি ১০টি ভারতীয় ভাষায় স্প্যাম কল ও মেসেজ সম্পর্কে গ্রাহকদের সতর্কবার্তা পাঠাতে পারে। বাংলা, হিন্দি, তামিল, তেলুগু, পাঞ্জাবি, মারাঠি, মালয়ালম, কন্নড়, গুজরাতি এবং উর্দু ভাষায় এখন থেকে এই সতর্কবার্তা পাওয়া যাবে।