অবশেষে ফোল্ডেবল ফোন আনতে চলেছে অ্যাপেল (Apple)। ফোনটির ডিজাইন Samsung-এর Galaxy Z Fold-এর মতো হতে পারে।

অ্যাপেল ফোল্ডেবল ফোন
শেষ আপডেট: 16 May 2025 11:52
দ্য ওয়াল ব্যুরো: অবশেষে ফোল্ডেবল ফোন আনতে চলেছে অ্যাপেল (Apple)। যদিও এখনই অফিসিয়ালি কিছু ঘোষণা হয়নি, তবে একের পর এক রিপোর্ট বলছে—২০২৬ সালেই বাজারে আসতে পারে Apple-এর প্রথম ভাঁজ করা iPhone, যার নাম হতে পারে আইফোন ফোল্ড (iPhone Fold)। বিশেষজ্ঞদের দাবি, Apple ইতিমধ্যেই তাদের ফোল্ডেবল ডিভাইসের উৎপাদনের প্রথম ধাপে পৌঁছে গিয়েছে। শুধু ফোল্ডেবল iPhone নয়, একটি ফোল্ডেবল iPad নিয়েও কাজ চলছে বলে শোনা যাচ্ছে।
ফোনটির ডিজাইন Samsung-এর Galaxy Z Fold-এর মতো হতে পারে। অর্থাৎ ভাঁজ খুললে ফোনটি হয়ে যাবে বড় স্ক্রিনের একটি ট্যাবলেট। আবার ভাঁজ করলে সেটি ব্যবহার করা যাবে সাধারণ ফোনের মতোই। রিপোর্ট অনুযায়ী, ফোনটির ভিতরের স্ক্রিন হতে পারে ৭.৮ ইঞ্চির। বাইরের স্ক্রিন হবে ৫.৫ ইঞ্চির। স্ক্রিনের মধ্যে ছোট ছিদ্রের মতো জায়গায় থাকতে পারে পাঞ্চ-হোল ক্যামেরা। অর্থাৎ, এবার বাদ পড়ছে Apple-এর পরিচিত ডাইনামিক আইল্যান্ড ডিজাইন। ফলে দাম যে তুলনামূলক অনেকটাই বেশি হবে, তা মনে করছেন বিশেষজ্ঞরা। যদিও কোম্পানির তরফ থেকে দাম নিয়ে কিছুই বলা হয়নি।
ফোনটি খোলা অবস্থায় মাত্র ৪.৫ মিমি পুরু হতে পারে। আবার ভাঁজ করলে তার পুরুত্ব হবে ৯ থেকে ৯.৫ মিমি। এমন পাতলা ডিজাইনের কারণে Apple হয়তো Face ID বাদ দিয়ে ফোনের পাশে Touch ID দেবে, এমনটাও মনে করা হচ্ছে। ফোনটির কাঠামোতে টাইটানিয়াম ফ্রেম ব্যবহার করতে পারে বলেই জানা গিয়েছে।
ক্যামেরার দিক থেকেও ফোনটি হতে পারে অত্যাধুনিক। পিছনে থাকতে পারে ডুয়াল ক্যামেরা সেটআপ। খোলা ও ভাঁজ অবস্থায়—দু’দিকেই থাকতে পারে ফ্রন্ট ক্যামেরা, যার সাহায্যে সেলফি তোলা বা ভিডিও কল করা যাবে অনায়াসে। ফোনটির আরও একটি আকর্ষণীয় দিক হল ফোনটির হিঞ্জ বা ভাঁজের অংশে লিকুইড মেটাল অ্যালয় ব্যবহার হতে পারে। এই মেটালের বিশেষত্ব হল, এটি যেমন টেকসই, তেমনই ভাঁজের জায়গাটায় সহজে দাগ পড়ে না।
Apple যদিও এই ফোন নিয়ে এখনও কোনও অফিসিয়াল বিবৃতি দেয়নি, তবে প্রযুক্তি দুনিয়ায় উত্তেজনা তুঙ্গে। বিশ্লেষক মিং-চি কুও-সহ একাধিক প্রযুক্তি বিশেষজ্ঞ মনে করছেন, এই ফোন Apple-এর ডিজাইনে একটি বড় পরিবর্তনের সূচনা করবে। সব মিলিয়ে, এই iPhone Fold হতে পারে Apple-এর পরবর্তী যুগান্তকারী পদক্ষেপ। এখন শুধু সময়ের অপেক্ষা—কবে সংস্থা আনুষ্ঠানিকভাবে এই ফোনের ঘোষণা করে।