
ম্যাচ শেষে পেদ্রির কাছে ক্ষমা চাইলেন টোনি ক্রুজ।
শেষ আপডেট: 7 July 2024 20:36
দ্য ওয়াল ব্যুরো: সেমিফাইনালে পৌঁছল স্পেন। কিন্তু ইউরোয় খেলা এবারের মত শেষ স্পেনীয় তারকা পেদ্রির।
ইউরোর ধুন্ধুমার কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হয়েছিল স্পেন ও আয়োজক জার্মানি। স্টুটগার্টে ৫৪ হাজার দর্শক জমায়েত হয়েছিলেন, ইউরোর অন্যতম সেরা ম্যাচটা দেখবেন বলে। কিন্তু ভাল ফুটবলের চাইতে জার্মানি-স্পেন দ্বন্দ্ব হয়ে দাঁড়াল স্রেফ ধাক্কাধাক্কির। মাত্র আট মিনিটেই স্পেন ও বার্সেলোনার মাত্র ২১ বছরের তারকা ফুটবলার পেদ্রিকে মারাত্মক ট্যাকল করেন জার্মান মিডিও টোনি ক্রুজ। খোঁড়াতে খোঁড়াতে মাঠ ছাড়তে হয় পেদ্রিকে।
মাঠেই প্রাথমিক চিকিৎসা চলে পেদ্রির। পরে স্পেনীয় দলের ডাক্তাররা যোগাযোগ করেন স্থানীয় জার্মান হাসপাতালে। বিস্তারিত পরীক্ষা চালান চিকিৎসকদের একটি দল। স্পেনীয় ফেডারেশন জানিয়েছে, বাঁ হাঁটুতে ভালমত চোট আছে পেদ্রির। এইরকম চোট সারতে অন্তত কয়েক সপ্তাহ লাগে। ফলে সেমিফাইনাল বা তারপরে ফাইনালে উঠলেও মাঠে নামা পেদ্রির পক্ষে অসম্ভব।
সারা ম্যাচে ফাউলের বন্যা বয়ে যায়। জার্মানি ফাউল করে ২২ বার, স্পেন ১৭ বার। হলুদ কার্ডেও ছয়লাপ হয়ে যায়। মোট পনেরোবার হলুদ কার্ড বের করেন রেফারি। শেষে লাল কার্ড দেখে মাঠ ছাড়তে হয় দানি কার্ভাহালকে। রিজার্ভ বেঞ্চেও হলুদ কার্ড দেখানো হয়। পরে কার্ড দেখেন ক্রুজও। অথচ মাত্র আট মিনিটের মাথায় অমন ফাউল করলেও হলুদ কার্ড বের করতে দেখা যায়নি রেফারি অ্যান্টনি টেলরকে।
স্পেনীয় কোচ লুই দে লা ফুয়েন্তে এতে প্রবল রেগে রীতিমত ফুঁসছেন। ম্যাচ শেষে বলে দিয়েছেন, ওইরকম ফাউলে সরাসরি লালকার্ড দেখানো উচিত। অথচ সামান্য হলুদ কার্ডটুকুও বের করতে দেখা যায়নি রেফারিকে। সমাজমাধ্যমেও ক্রুজের বিরুদ্ধে সমালোচনার ঝড় বয়ে যায়। ঘটনাচক্রে, জার্মানি হেরে যাওয়ায় ওই ম্যাচই ক্রুজের দীর্ঘ কেরিয়ারের শেষ ম্যাচ হয়ে দাঁড়ায়।
ম্যাচ শেষে অবশ্য পেদ্রির কাছে ক্ষমা চেয়েছেন ক্রুজ। ইনস্টাগ্রামে একটি দীর্ঘ পোস্ট করেছেন। জার্মান ভাষায় লিখেছেন, তাঁর অবসর ভেঙে ফিরে আসার কথা। জার্মান দলের সঙ্গে আবার জড়িয়ে পড়ার গল্প। লিখেছেন, এত অল্প সময়ে বিশ্বকাপের ব্যর্থতা থেকে ঘুরে দাঁড়িয়ে ইউরো জেতা যাবে, তিনি আশা করেননি। সময় লাগে সবকিছুর। জার্মানি যে এই অবধি ভাল খেলে এসেছে, তিনি এতেই খুশি। শেষে লেখেন, 'আমি একটা খুব জরুরি কথা বলতে চাই। পেদ্রি, তুমি আমাকে ক্ষমা কোরো ও তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠো। আমার কখনোই তোমাকে আঘাত করার ইচ্ছে ছিল না। তোমার দ্রুত রিকভারি হোক। তোমায় অনেক শুভেচ্ছা। তুমি একজন দুর্দান্ত ফুটবলার।'
ইনস্টাগ্রামেই তাঁর জবাব দিয়েছেন পেদ্রি। এক পোস্টে পাল্টা জানিয়েছেন, ক্রুজের প্রতি তাঁর কোনও ক্ষোভ নেই। স্পেনীয় ভাষায় লিখেছেন, 'গ্রাৎসিয়াস (ধন্যবাদ) টোনি ক্রুজ, তোমার মেসেজের জন্য। ফুটবলে এরকম হয়েই থাকে। তোমার কেরিয়ার, তোমার রেকর্ড চিরকাল থেকে যাবে।'