এদিন মোহনবাগান রত্ন হিসাবে টুটু বোসের নাম প্রস্তাব করেন ক্লাব সভাপতি দেবাশিস দত্ত। সেই সঙ্গে তিনি ঘোষণা করেন পরের বছর এই সম্মান দেওয়া হবে প্রয়াত অঞ্জন মিত্রকে। কর্মসমিতির সদস্যরা প্রস্তাবে সমর্থন করেন।

টুটু বোস
শেষ আপডেট: 21 June 2025 18:16
দ্য ওয়াল ব্যুরো: মোহনবাগান ক্লাবে এখন খুশির আবহ। বসন্ত এখনও বিদায় নেয়নি। গত মরশুমের সাফল্যের স্বাদ এখনও চেটেপুটে উপভোগ করেছেন দলের সভ্য-সমর্থকরা। পাশাপাশি মিটেছে ক্লাবের অন্তর্কলহও। নির্বাচন নিয়ে উত্তপ্ত হয়েছিল গোষ্ঠ পাল সরণির ক্লাব। তবে ক্লাবের ঐতিহ্য ও মেরিনার্স সমর্থকদের আবেগের কথা চিন্তা করে এক হয়েছেন যুযুধান দুই প্রতিপক্ষ সৃঞ্জয় বোস ও দেবাশিস দত্ত।
ক্লাবের সচিব এখন সৃঞ্জয় আর সভাপতি দেবাশিস। গঠিত হয়েছে নতুন কমিটিও। সেই কমিটি এবার সিদ্ধান্ত নিয়েছে চলতি বছরের ‘মোহনবাগান রত্ন’ (Mohunbagan Ratna) দেওয়া হবে স্বপনসাধন (টুটু) বোসকে (Tutu Bose)। সেই সঙ্গে জানা গিয়েছে, পরের বছর এই সম্মান দেওয়া হবে প্রয়াত অঞ্জন মিত্রকে।
আজ (শনিবার) এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে কর্মসমিতির বৈঠকে। বৈঠক শেষে সৃঞ্জয় বোস ও দেবাশিস দত্ত সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই কথা জানিয়েছেন।
সাধারণত ক্রীড়াবিদদের এই সম্মান দেওয়া হলেও, প্রথমবার কোনও কর্মকর্তা হিসাবে মোহনবাগান রত্ন দেওয়া হয়েছিল ধীরেন দেকে। ২০০৭ সালে তিনি এই সম্মান পেয়েছিলেন। তারপর এবার পাচ্ছেন টুটু বোস। ২৯ জুলাই পালিত হবে মোহনবাগান দিবস। প্রথামতো সেই দিনই টুটু বোসকে এই সম্মানে ভূষিত করা হবে।
এদিন মোহনবাগান রত্ন হিসাবে টুটু বোসের নাম প্রস্তাব করেন ক্লাব সভাপতি দেবাশিস দত্ত। সেই সঙ্গে তিনি ঘোষণা করেন পরের বছর এই সম্মান দেওয়া হবে প্রয়াত অঞ্জন মিত্রকে। কর্মসমিতির সদস্যরা প্রস্তাবে সমর্থন করেন।
এদিন বাগান সচিব জানিয়েছেন, মোহনবাগান দিবস নিয়ে বাকি সিদ্ধান্তগুলি এখনও নেওয়া হয়নি। ১১ জুলাইয়ের পরবর্তী সভায় এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। এবারের অনুষ্ঠান হবে নেতাজি ইন্ডোর অনুষ্ঠানে। এছাড়া সেদিন প্রাক্তনদের মধ্যে একটি ফুটবল ম্যাচ হবে বলে জানা গিয়েছে।