সবচেয়ে বড় ধাক্কাটা আসে মাঠে নয়, মাথার ভেতর। অবনমনের লড়াই মূলত মানসিক। একের পর এক পরাজয় খেলোয়াড়দের আত্মবিশ্বাস ভেঙে দেয়। কেউ ঝুঁকি নিতে চায় না, বল রিসিভে ভয় পায়, ভুল করলে গ্যালারির প্রতিক্রিয়া কী হবে—ভাবতে থাকে।

অ্যাস্টন ভিলা সমর্থকদের ব্যানার
শেষ আপডেট: 23 March 2026 14:15
দ্য ওয়াল ব্যুরো: একটা সময় টটেনহ্যাম (Tottenham Hotspur) মানেই ইউরোপের মঞ্চ, চ্যাম্পিয়নস লিগের (Champions League) আলো, বড় ম্যাচ, স্মরণীয় রাতে বরণীয় তারকা! অথচ সময়ের চাকা ঘুরে আজ সেই দলটাই দাঁড়িয়ে অবনমনের কিনারে। হার যেন অভ্যাসে পরিণত হয়েছে। একের পর এক ম্যাচ গড়াচ্ছে আর আত্মবিশ্বাস পালেস্তারার মতো ঝুরঝুর করে খসে পড়ছে। দিনশেষে সমর্থকদের চোখে অদ্ভুত শূন্যতা। প্রশ্নটা এখন আর সম্ভাবনার নয়, খুব বাস্তব: টটেনহ্যাম যদি সেকেন্ড ডিভিশনে তলিয়ে যায়, তাহলে তাদের জন্য ঠিক কী অপেক্ষা করছে?
আসলে ‘রেলিগেশন’ শব্দটা শুনতে যতটা সহজ, বাস্তবে অনেক বেশি নির্মম। এটা শুধু এক ডিভিশন থেকে আরেক ডিভিশনে নামা নয়… একটা পরিচয়ের ভাঙন। যে ক্লাব এতদিন নিজেদের ইউরোপের বড় মঞ্চে দেখে এসেছে, তারা হঠাৎ করেই খেলতে নামে তথাকথিত ছোট শহরের ছোট দলের বিরুদ্ধে। কম আলোয়, কম গ্ল্যামারে। অ্যাস্টন ভিলা (Aston Villa) যখন রেলিগেটেড হল, তখন সমর্থকদের ব্যানারে লেখা ছিল—‘রটারডাম থেকে রথারহ্যাম!’ একটা বাক্যেই স্পন্দিত পতনের যন্ত্রণা! টটেনহ্যামের ক্ষেত্রেও একই ছবি তৈরি হতে পারে—গত বছর ইউরোপা লিগ (Europa League) জেতা দল কিনা পরের বছর লিংকন বা রদারহ্যামের বিরুদ্ধে ময়দানি যুদ্ধে! শুনতে অবাস্তব। কিন্তু ফুটবলে এটাই বাস্তব, নির্মম সত্য।
যদিও সবচেয়ে বড় ধাক্কাটা আসে মাঠে নয়, মাথার ভেতর। অবনমনের লড়াই মূলত মানসিক। একের পর এক পরাজয় খেলোয়াড়দের আত্মবিশ্বাস ভেঙে দেয়। কেউ ঝুঁকি নিতে চায় না, বল রিসিভে ভয় পায়, ভুল করলে গ্যালারির প্রতিক্রিয়া কী হবে—ভাবতে থাকে। লিডস ইউনাইটেড (Leeds United) যখন রেলিগেটেড হয়েছিল (২০০৪), তখন তাদের দলে নাম ছিল, প্রতিভা ছিল, কিন্তু আত্মবিশ্বাস ছিল না। প্রাক্তন ফুটবলারদের কথায়, ‘আমরা জানতাম আমরা ভাল, কিন্তু মাঠে সেটা প্রমাণ করার বিশ্বাসটাই উধাও।’টটেনহ্যামের সাম্প্রতিক অবস্থা অনেকটা সেরকম—গুণমান যথেষ্ট, কিন্তু মানসিক জেদ নেই। আর এই শক্তি হারানোই সবচেয়ে বিপজ্জনক।
এর সঙ্গে জুড়ে রয়েছে আরেকটা সূক্ষ্ম কিন্তু মারাত্মক সমস্যা—ড্রেসিংরুমে ফাটল। যখন অবনমন সামনে এসে দাঁড়ায়, তখন সব খেলোয়াড় একজোট থাকে না। কেউ লড়াই চালায়, কেউ ভাবে ভবিষ্যৎ নিয়ে। নিউক্যাসল ইউনাইটেড (Newcastle United) ২০০৯ সালে নামার সময় এই সমস্যা ভয়ানকভাবে সামনে এসেছিল। অনেক খেলোয়াড় চিন্তা করছিল, ‘আমি তো অন্য ক্লাবে চলে যাব, বেশি ঘাম ঝরিয়ে কাজ কী!’ ফলে মাঠে শতভাগ মেলে দিচ্ছিল না কেউই! এমন মানসিকতা দলকে ভিতর থেকে ফাঁপা করে দেয়। টটেনহ্যামের ক্ষেত্রেও সে আশঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। যদি কয়েকজন তারকাও মনে করে, যে অবনমন হলেও তাদের কিছু এসে যায় না, তাহলে পুরো দলের ভরাডুবি অবশ্যম্ভাবী!
রেলিগেশন মানে আর্থিক ধাক্কাও বটে। টটেনহ্যাম বিশ্বের ধনীতম ক্লাবগুলোর একটি হলেও, প্রিমিয়ার লিগ (Premier League) থেকে নামলে আয়ের বড় অংশ কমে যাবে। টিভি রাইটস, স্পনসর, ম্যাচডে রেভিনিউ—সব জায়গায় প্রভাব পড়বে। অ্যাস্টন ভিলা দ্বিতীয় ডিভিশনে যাওয়ার পর শুধু খেলোয়াড় নয়, ক্লাবের বহু কর্মী চাকরি হারিয়েছিলেন। অর্থাৎ, রেলিগেশুন শুধু ফুটবলারের সমস্যা নয়, পুরো একটা ইকোসিস্টেমকে কাঁপিয়ে দেয়!
এই পরিস্থিতিতে সবচেয়ে বড় ভুল ধারণা—বড় ক্লাব মানেই দ্রুত ফিরে আসবে। ইতিহাস কিন্তু অন্য কথা বলে। লিডস ইউনাইটেডের প্রিমিয়ার লিগ কামব্যাকে ১৬ বছর সময় লেগেছিল। অ্যাস্টন ভিলা প্রথম দিকে চ্যাম্পিয়নশিপে ভীষণ খারাপ খেলেছিল। কারণ প্রতিযোগিতা। যার ধাঁচ আলাদা। এখানে প্রতিটি দল বড় ক্লাবকে হারাতে মরিয়া। টটেনহ্যাম যদি রেলিগেটেড হয়, অবধারিতভাবে বাকি সবার টার্গেট হয়ে যাবে। ছোট ক্লাবগুলোর কাছে সেটাই বড় ম্যাচ, মর্যাদার লড়াই। ফলে চাপ ক্রমশ বাড়বে।
সব মিলিয়ে ছবিটা পরিষ্কার। সেকেন্ড লিগে অবনমন মানে শুধু লিগ বদল নয়, মানসিক ধস, আর্থিক ধাক্কা, ড্রেসিংরুমে বিভাজন আর দীর্ঘ পুনর্গঠনের পথ। টটেনহ্যাম সেই খাদের কিনারায় দাঁড়িয়ে। এখনও সময় আছে। কিন্তু এই মুহূর্তে সবচেয়ে জরুরি প্রশ্ন—স্পার্স লড়তে প্রস্তুত? নাকি ইতিহাসের পাতায় আরেকটা বড় ক্লাব নিজেরাই পতনের গল্প লিখে ফেলবে?