ক্লাবের হেড অব ফুটবল সিংতো বলেছেন, “রামসাঙার অন্তর্ভুক্তি দলের গভীরতা অনেকটাই বাড়িয়ে দেবে। গত বছর আই লিগে ও দারুণ ধারাবাহিকতা দেখিয়েছে। রামাসাঙা বুঝিয়ে দিয়েছে, বড় মঞ্চের জন্য প্রস্তুত সে।”

রামসাঙা তলাইছু
শেষ আপডেট: 11 July 2025 15:56
দ্য ওয়াল ব্যুরো: গত কয়েক বছরের ব্যর্থতা মুছতে এবার দৃঢ়প্রতিজ্ঞ লেসলি ক্লডিয়াস সরণির ক্লাব। সমর্থকদের মুখে হাসি ফোটাতে মরিয়া তারা। সাম্প্রতিক কালে ইস্টবেঙ্গলের ব্যর্থতার পিছনে অন্যতম কারণ ছিল সঠিক দল নির্বাচন। এবার তারা তাই পরিকল্পনা করে আসন্ন মরশুমের জন্য দল গোছাতে শুরু করে দিয়েছে।
ইস্টবেঙ্গেলের (East Bengal) এবারের দল গঠনের ক্ষেত্রে গুরুত্ব পেয়েছে পেয়েছে প্রধান কোচ অস্কার ব্রুজোঁ ও হেড অব ফুটবল থাংবোই সিংতোর মতামত। দল নির্বাচনের ক্ষেত্রে কোনও তাড়াহুড়ো করতে চাইছেন না লাল-হলুদ কর্তারা। ব্রুজোঁ ও সিংতো তাঁদের পছন্দের তালিকা আগেই ক্লাব কর্তাদের হাতে তুলে দিয়েছেন। তাতে শুধু প্ল্যান ‘এ’ নেই, রয়েছে ‘বি’, ‘সি’-ও।
সেই অনুযায়ী ইতিমধ্যে ইস্টবেঙ্গল চুক্তিবদ্ধ হয়েছে নতুন কিছু ফুটবলারের সঙ্গে। চু্ক্তি বাড়ানো হয়েছে বেশ কিছু পুরনো ফুটবলারের সঙ্গেও। বেশির ভাগ বিদেশিকেই ছেটে ফেলা হয়েছে। তবে ইস্টবেঙ্গল এবার জোর দিয়েছে তরুণ ভারতীয় ফুটবলার তুলে আনার ক্ষেত্রে।
দুই দিন আগেই দলের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন রাজস্থান ইউনাইটেড এফসির তরুণ ডিফেন্ডার মার্টান্ড রায়না। তারপর এবার পদ্মা পাড়ের ক্লাবে যোগ দিলেন আদতে মিজোরামের মিডফিল্ডার রামসাঙা তলাইছু (Ramsanga Tlaichhun)। রিয়াল কাশ্মীর থেকে এই ফুটবলার ইস্টবেঙ্গলে এলেন তিন বছরের চুক্তিতে। ব্রুজোঁ ও সিংতোর পরামর্শেই ২৫ বছরের এই মিডিওকে দলে নিল মশাল ব্রিগেড।
ক্লাবের হেড অব ফুটবল সিংতো বলেছেন, “রামসাঙার অন্তর্ভুক্তি দলের গভীরতা অনেকটাই বাড়িয়ে দেবে। গত বছর আই লিগে ও দারুণ ধারাবাহিকতা দেখিয়েছে। রামাসাঙা বুঝিয়ে দিয়েছে, বড় মঞ্চের জন্য প্রস্তুত সে। আমরা আই লিগ থেকে এমন কিছু ফুটবলার তুলে আনছি যারা বহু বছর ধরে ইস্টবেঙ্গলকে পরিষেবা দিতে পারবে। আই লিগ থেকে রায়না ও রামসাঙার মতো ফুটবলারকে আমরা সেই লক্ষ্যেই তুলে এনেছি। আমরা বিশ্বাস করি এই দুই তরুণ লাল-হলুদ জার্সিতে নিজেদের মেলে ধরে ক্লাবের নাম উজ্জ্বল করবে।”
গত আই লিগে রিয়াল কাশ্মীরের জার্সিতে ২১টি ম্যাচ খেলা রামসাঙার তিনটি গোলের পাশাপাশি দুটি অ্যাসিস্টও ছিল। আক্রমণে ওঠার পাশাপাশি তাঁর মধ্যে রয়েছে ডিফেন্সিভ এবিলিটি। গতবার ইস্টবেঙ্গলে এই ধরনের ফুটবলারের অভাব ছিল। ক্লাব কর্তাদের আশা এবার রামসাঙা আসায় মিডফিল্ডের সেই সমস্যা মিটবে।