আমি জানি বাইরে আমকে নিয়ে অনেক আলোচনা হচ্ছে এই মুহূর্তে। আমি ট্রফি জিতিয়ে সবার আলোচনা বন্ধ করে দিতে চাই।

অস্কার ব্রুজোঁ
শেষ আপডেট: 24 October 2025 16:30
দ্য ওয়াল ব্যুরো: এবার আইএসএলের আগেই হচ্ছে সুপার কাপ (Super Cup 2025)। আর সুপার কাপ খেলতে ইতমধ্যেই গোয়ায় পৌঁছে গিয়েছে কলকাতার দুই প্রধান। ইস্টবেঙ্গল (East Bengal) শনিবার তাদের সুপার কাপ অভিযান শুরু করবে ডেম্পোর বিরুদ্ধে। আর একই দিনে মোহনবাগানও (Mohunbagan) তাদের এবারের সুপার কাপের প্রথম ম্যাচ খেলতে নামবে। সবুজ-মেরুনের প্রতিপক্ষ চেন্নাইয়িন এফসি।
সুপার কাপ খেলতে গোয়ায় পৌঁছনোর পরই অসুবিধার সম্মুখীন হতে হয়েছে লাল-হলুদ ব্রিগেডকে। তাদের যে মাঠ দেওয়া হয়েছিল, তা কখনওই উপযুক্ত ছিল না। এরপর নিজেদের উদ্যোগ ও খরচেই অনুশীলনের জন্য মাঠের ব্যবস্থা ক্লাব কর্তৃপক্ষ। যদিও সেই মাঠও অসমান। তবে ডেম্পোর বিরুদ্ধে নামার আগে সেসব নিয়ে ভাবতে রাজি নয় লেসলি ক্লডিয়াস সরণির ক্লাব।
এমনিতেই আইএফএ শিল্ড ফাইনালে ডার্বিতে হারের পর থেকে মুষড়ে রয়েছেন লাল-হলুদ সমর্থকরা। সেই সঙ্গে গোলরক্ষক কোচ সন্দীপ নন্দীর সঙ্গে দলের হেড স্যার অস্কার ব্রুজোঁর (Oscar Bruzon) সমস্যা প্রকাশ্যে আসায় ইস্টবেঙ্গলের সমস্যা বেড়েছে। ইতিমধ্যেই পদত্যাগ করেছেন সন্দীপ। তবে সুপার কাপের আগে এসব সমস্যা মাথায় রাখতে চাইছেন না ব্রুজো।
সুপার কাপে অভিযান শুরুর আগের দিন মিডফিল্ডার সৌভিক চক্রবর্তীকে নিয়ে সাংবাদিক সম্মেলনে (Press Meet) এসেছিলেন অস্কার ব্রুজোঁ। সেখানে তিনি বললেন, “আমি জানি বাইরে আমকে নিয়ে অনেক আলোচনা হচ্ছে এই মুহূর্তে। আমি ট্রফি জিতিয়ে সবার আলোচনা বন্ধ করে দিতে চাই। এখন আমার একটাই লক্ষ্য সুপার কাপ জিতে ইস্টবেঙ্গল সমর্থকদের খুশি করা। আমাদের দল দিনের পর দিন ভাল করছে। দলের সবাই খুব আত্মবিশ্বাসী। ডেম্পো এফসি অবশ্যই খুব ভাল দল। তাদের দলে কোন বিদেশি ফুটবলার না থাকলেও আমরা তাদের হালকা ভাবে নিচ্ছি না। গোয়া খুব বিশেষ জায়গায় আমার জন্য। আমার গোয়াতে অনেক বন্ধু আছে। আমি ভেবেছিলাম আগামীকালের ম্যাচে দেবজিৎকে দিয়ে শুরু করব। কিন্তু আজকে অনুশীলনের সময় তাঁর পেশিতে টান ধরে। তাই আগামীকাল ওকে দলে রাখা যাবে না। আমি এখনি এফসি কাপ নিয়ে কথা বলব না। আমি এখন প্লেয়ার এবং দলের কথা ভাবছি। যখন আমরা সুপার কাপ চ্যাম্পিয়ন হব তখন দেখা যাবে এই বিষয়ে।”
সাংবাদিক সম্মেলনে উপস্থিত হয়ে সৌভিক চক্রবর্তী বলেন, “আমার কারও সঙ্গেই মানিয়া নিতে অসুবিধা হয় না। সবাই খুব ভাল খেলোয়াড়। সবাই সবার নিজের সেরাটা দিয়ে খেলছে। আমাদের লক্ষ্য এখন সুপার কাপে ভাল ফল করা।”